সিনারের হাঁটুতে অস্ত্রোপচার, খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান ওপেনেও
আরও অন্তত তিন মাস বাইরে থাকতে হবে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে।
হাঁটুর চোটে দীর্ঘদিন ধরে কোর্টের বাইরে থাকা ইয়ানিক সিনার শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে বাধ্য হয়েছেন। ফলে আরও অন্তত তিন মাস বাইরে থাকতে হবে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে। স্বাভাবিকভাবে আগামী অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে পারবেন না এই ইতালিয়ান তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্ব শুরু হবে আগামী বছরের ১৭ জানুয়ারি।
ইতালিয়ান গণমাধ্যমের খবর, মঙ্গলবার সকালে ফিনল্যান্ডে সিনারের ডান হাঁটুতে অস্ত্রোপচার সফল হয়েছে।
গত জুলাইয়ে উইম্বলডনের পুরুষ এককের শিরোপা ধরে রাখার পর, হাঁটুর সমস্যায় আর কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারেননি সিনার। অস্ত্রোপচার এড়ানোর জন্য চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি, কিন্তু কোনো উন্নতি না হওয়ায় এবং অস্বস্তি অব্যাহত থাকায় শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাঁটুতে অস্বস্তি এতটাই ছিল যে, অক্টোবরের শুরুতে সিনার জানিয়েছিলেন, এই বছর আর কোনো টুর্নামেন্টে খেলবেন না। এই দীর্ঘ অনুপস্থিতির কারণে এটিপি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও হারাতে হয় তাকে।
সেরে ওঠার প্রক্রিয়ার ওপর নির্ভর করে, হয়তো আগামী মার্চে ইন্ডিয়ান ওয়েলস অথবা মায়ামি ওপেন দিয়ে কোর্টে ফিরতে পারেন ২৫ বছর বয়সি এই তারকা।
এই বছরের অধিকাংশ সময়ই কোর্টে আধিপত্য করেন সিনার। এককে ৪৪টি ম্যাচ জেতেন তিনি, হারেন কেবল তিনটি।
গত মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে টানা পাঁচটি মাস্টার্স ১০০০ শিরোপা জিতে সবচেয়ে কম বয়সি পুরুষ হিসেবে ‘ক্যারিয়ার গোল্ডেন মাস্টার্স’ জয়ের কীর্তিও গড়েন সিনার।
