০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ

পাকিস্তানকে হারানোর পর সংবাদ সম্মেলনে কিছুদিন আগে নিরাপত্তাজনিত কারণে ভারতের ক্রিকেট দলের বাংলাদেশে না আসা নিয়েও প্রশ্নের মুখে পড়লেন ভারত কোচ।

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ

সংবাদ সম্মেলনে কথা বলছেন ভারতের কোচ নওশাদ মুসা ও অধিনায়ক নাথান রদ্রিগেজ। ছবি: শামছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 06:37 PM

Updated : 05 Nov 2026, 06:37 PM

কিছুদিন আগেই নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফরে আসতে অপারগতা প্রকাশ করেছিল ভারত ক্রিকেট দল। সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসা ভারত কোচ নওশাদ মুসা এ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন। তিনি অবশ্য পরিস্কার জানিয়ে দিলেন, বাংলাদেশে এসে কোনো নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ তিনি অনুভব করছেন না।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। এরপর সংবাদ সম্মেলনে জয়ের প্রতিক্রিয়া দিতে এসে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়ে ওঠা প্রশ্নের উত্তরও দেন মুসা।

“আমি বলব একদমই না। কিছুই না। কারণ একটা বিষয় ছিল, আমাদের নিরাপত্তা কর্মকর্তা যিনি সবসময় আমাদের সাথে থাকেন, তিনি আগে থেকেই আমাদের একা বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে রেখেছেন। যেহেতু আমাদের খেলা ছিল... আমরা বাইরে বের হইনি।

“আর আমরা চলাফেরা করছি, গতকাল অনুশীলনে গিয়েছি, আজ ম্যাচ ছিল। আমাদের কোনো সমস্যা হয়নি। আমি কোনো সমস্যা দেখছি না। ক্রিকেটের ক্ষেত্রে কী পরিস্থিতি আমি জানি না। তাই... আমরা বলতে পারব না।”

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনকে থেকে কোনো নিরাপত্তাজনিত ইস্যুতে কোনো নির্দেশনা বা তথ্য দেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুসা কোনো নির্দেশনা না পাওয়ার কথা বলেন।

“কিছুই না। কিছুই না। কিছুই না।”