পাকিস্তানের নতুন পাঁচ প্রবাসী নিয়ে চিন্তত নন বাংলাদেশ কোচ
শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া বড় জয় থেকে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালের অনুপ্রেরণা পাচ্ছেন টমাস ডুলি।
পাঁচ প্রবাসী খেলোয়াড় যুক্ত হওয়ায় শক্তি বেড়েছে পাকিস্তানের। তবে তা নিয়ে খুব বেশি ভাবছেন না বাংলাদেশের প্রধান কোচ টমাস ডুলি। অনেক প্রবাসী নিয়ে গড়া শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া বড় জয় থেকে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তানকেও হারাতে আত্মবিশ্বাসী তিনি।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার রাত সাড়ে ৮টায়, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই লড়াই সামনে রেখে শুক্রবার এবিজি স্পোর্টস কমপ্লেক্সে শেষ দিনের প্রস্তুতি সেরেছে দল।
ফিফা উইন্ডোর আগে ক্লাবগুলো খেলোয়াড় না ছাড়ায় সুইডেন প্রবাসী ডিফেন্ডার আব্দুল্লাহ ইকবাল ও ফরোয়ার্ড আলি আকবর খান, আজারবাইজানের লিগে খেলা ইংল্যান্ড প্রবাসী ডিফেন্ডার এশাহ সুলাইমান, গ্রিসে খেলা মিডফিল্ডার আদিল নবি ও ডেনমার্ক প্রবাসী উইঙ্গার আব্দুল সামাদকে গ্রুপ পর্বে পায়নি পাকিস্তান।
প্রতিপক্ষের এই শক্তিবৃদ্ধি নিয়ে ভীত নন ডুলি। বাংলাদেশ কোচ পাকিস্তানকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যে রাখছেন আস্থা।
“আমি শুরু থেকেই বলে আসছি, আমাদের জন্য প্রতিটি প্রতিপক্ষই গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক। এখন পাকিস্তান হয়তো আমাদের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তারা এশিয়ান কাপের ম্যাচগুলোতে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে ভালো ফল করেছে এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই কোনোভাবেই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে।
“বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ফুটবল-জ্ঞান অসাধারণ। কারণ তারা ইউরোপের উচ্চ পর্যায়ের ফুটবলে খেলে। তাদের সামলানো কঠিন হবে। তবে দুই রাত আগে আমরা যে ম্যাচ খেলেছি (শ্রীলঙ্কার বিপক্ষে), তাতে দলের পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট। আমাদের একই মানসিকতা ধরে রাখতে হবে। লড়াই করতে হবে।”
ক্লাব না ছাড়ায় গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পায়নি বাংলাদেশ। ইংল্যান্ড প্রবাসী এই দুই ফুটবলার খেলেন দ্বিতীয় ম্যাচে, শ্রীলঙ্কার বিপক্ষে। ৪-০ ব্যবধানে দলের পাওয়া জয়ে একটি করে গোল করেন হামজা ও ফারহান। বাংলাদেশ কোচ তাই পাকিস্তান ম্যাচেও ভালো ফল পেতে দারুণ আশাবাদী।
“সমর্থকদের দেখাতে হবে যে, আমরা ফুটবল খেলতে পারি, লড়াই করতে পারি। আমরা সমর্থকদের জন্য খেলি এবং আগামীকালও সেটাই প্রমাণ করতে হবে।
“পাকিস্তানকেও দেখিয়ে দিতে হবে যে, আমাদের হারানো সহজ নয়। তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। ম্যাচটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন ফল আমাদের পক্ষে আসে।”
