০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঋতুপর্ণাদের বাটলারের ছকেই রাখতে চান নতুন কোচ

দীর্ঘমেয়াদে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আপাতত না ভাবার কথা বললেন ফরাসি কোচ এরিক মায়ার।

ঋতুপর্ণাদের বাটলারের ছকেই রাখতে চান নতুন কোচ

এরিক মেয়ের। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 07:16 PM

Updated : 09 Nov 2026, 07:16 PM

ভিন্ন এক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন এরিক মেয়ের। দায়িত্বের পরিধিও বড় নয়, মাত্র এক মাসের। এই অল্প সময়ে তিনি ঋতুপর্ণা-মারিয়াদের নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে চান না। বরং পিটার জেমস বাটলারের ছকেই দলকে খেলাতে চান।

অসুস্থতার কারণে এ মুহূর্তে বাটলার ইংল্যান্ডে থাকায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মেয়েরকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ভবনে সোমবার নতুন দায়িত্ব, সিঙ্গাপুর ম্যাচের ভাবনাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন মেয়ের।

“যেমনটা বললাম, খেলোয়াড়দের সম্পর্কে আমার কাছে অনেক তথ্য আছে; কোন খেলোয়াড় কোন পজিশনে খেলতে পারে। আমি তাদের সবাইকে ভালোভাবে চিনি না, তাই আগামী ১০ দিন ধরে দেখব এবং সব খেলোয়াড় সম্পর্কে একটা ভালো ধারণা পাব। আর আমি সব খেলোয়াড়কে সুযোগ দেব। আমরা একসাথে প্রায় তিন, চার, পাঁচ দিন কাজ করব। দল প্রস্তুত করার জন্য আমার মনে হয় আমরা যথেষ্ট সময় পাব।

“আর অবশ্যই, খেলার দর্শনের বিষয়ে, খেলোয়াড়রা সঠিকভাবে প্রতিক্রিয়া জানায় কি না, তা খতিয়ে দেখব। মাঠে নেমে আমার খেলার ধরন বা কৌশলটা কেমন হবে তা ফুটিয়ে তুলতে হবে এবং দেখতে হবে যে মেয়েরা সেভাবে খেলতে পারে কি না। পিটারের ছকেই চালিয়ে যাব। কারণ আপনারা জানেন, শুরুতেই আপনি সবকিছু বদলে ফেলতে পারবেন না।”

দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ম্যাচ দুইটি হবে ১ ও ৫ ডিসেম্বর। সিঙ্গাপুর সম্পর্কে ধারণা থাকার কথাও বললেন মেয়ের।

“সিঙ্গাপুর দলটিকে নিয়ে পড়াশোনা করেছি, তাদের কিছু ভিডিও দেখেছি, তাই সিঙ্গাপুরের বিপক্ষে কীভাবে খেলতে হবে সে বিষয়ে আমার ইতোমধ্যে কিছু ধারণা আছে।”

বাটলারের অনুপস্থিতিতে গত ৩০ অক্টোবর থেকে সহকারী কোচ আবুলের অধীনে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে প্রস্তুতি চলছে ঋতুপর্ণা-আফঈদাদের। আপাতত দীর্ঘমেয়াদে দায়িত্ব নেওয়ার ভাবনা নেই বলেও জানালেন মেয়ের।

“আসলে, বর্তমান পরিস্থিতি এমন নয়। বর্তমান কোচ যিনি আছেন (বাটলার), তাঁর প্রতি সম্মান জানিয়ে এই মুহূর্তে এসব নিয়ে ভাবার সঠিক সময় নয়। আমি এখানে কেবল এই মিশনের (সিঙ্গাপুর ম্যাচ) জন্যই আছি এবং আশা করি আমরা সফল হব, আপনাদের প্রত্যেকেই গর্বিত হবে এবং আমরা মেয়েদের নিয়ে সফলতা অর্জন করব।”