কোচ চাইলে অধিনায়ক হতে আপত্তি নেই হামজার
ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার বরং মাঠে নিজেদের কাজটুকু করার দিকেই বেশি মনোযোগী।
চোটের কারণে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি নতুন অধিনায়ক তপু বর্মন। অভিজ্ঞ এই ডিফেন্ডার পুরোপুরি সেরে ওঠেননি এখনও। তাই গুঞ্জন উঠেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড দেখা যেতে পারে হামজা চৌধুরীর বাহুতে। ইংল্যান্ড প্রবাসী এই তারকা ফুটবলার অবশ্য দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে সিদ্ধান্ত ঠেলে দিলেন কোচ টমাস ডুলির কোর্টে।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে সাফ চ্যাম্পিয়নশিপে অভিষেক হবে হামজার।
ফিফা উইন্ডো না থাকায় ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজাও। সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় এসে প্রথম অনুশীলন করেন সতীর্থদের সাথে। মঙ্গলবার এবিজি স্পোর্টস কমপ্লেক্সে দ্বিতীয় দিনের প্রস্তুতি নেওয়ার আগে দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসেন হামজা। সেখানেই অধিনায়ক হওয়ার সম্ভাবনা নিয়ে ওঠা প্রশ্নে কৌশলী উত্তর দেন তিনি।
“যদি কোচ আমাকে অধিনায়ক হতে বলেন, আমি হবো। আপনারা জানেন, দলে আরও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে আমার চেয়ে। আমি মাত্র ১০ ম্যাচের মতো খেলেছি বাংলাদেশের হয়ে। আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ড্রেসিংরুমে একতাবদ্ধ থাকা, মাঠে সেরাটা দেওয়া।”
“ফুটবল দলীয় খেলা। এটা শুধু আমাকে নিয়ে নয়। আর আমরা আস্তে আস্তে উন্নতি করছি। কালকের খেলা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। আবারও ঘরের মাঠে, বড় আসরে খেলব, এটা নিয়ে দারুণ শিহরিত আমি। ২৩ বছর হতে চলল বাংলাদেশ সাফ জিতে না। ইনশাল্লাহ, এবার আমরা ট্রফিটা ঘরেই রাখতে চাই।”
