ফাইনালে যে কোনো প্রতিপক্ষের জন্য প্রস্তুত ভারত
দ্বিতীয় সেমি-ফাইনালে অবশ্য পাকিস্তানের চেয়ে স্বাগতিক বাংলাদেশকে এগিয়ে রাখলেন ভারত কোচ নওশাদ মুসা।
ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে ভারত। এখন তারা তাকিয়ে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় সেমি-ফাইনালের দিকে। ভারত কোচ নওশাদ মুসা অবশ্য পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন। তবে, ফাইনালে যেকোনো দলের বিপক্ষেই খেলতে প্রস্তুত, ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বললেন তিনি।
জাতীয় স্টেডিয়ামে শনিবার প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ২-১ গোলে হারায় ভারত। ১৯৯৭ সালে সাফ জয়ী দলের সদস্য নওশাদের সামনে এবার কোচ হিসেবে শিরোপা জয়ের হাতছানি।
সাফের পঞ্চদশ আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে ভারত। গ্রুপ পর্বের দেখায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। আবারও পাকিস্তানের মুখোমুখি হতে কিংবা স্বাগতিক বাংলাদশের বিপক্ষে আপত্তি নেই নওশাদের।
“বিষয়টা কখনোই এমন নয়। আমি সবসময়ই বলি, নির্দিষ্ট দিনে দল কেমন পারফর্ম করে সেটাই আসল। আপাতত নিশ্চিতভাবেই বাংলাদেশ... আপনারাও বাংলাদেশকেই ফেভারিট মনে করছেন। কে জানে, আমি হয়তো (ফাইনাল ম্যাচের) কৌশলে কিছু পরিবর্তন আনব।
“যে কোনো দলই হোক না কেন, আমি যে কোনো দলের বিপক্ষেই (ফাইনাল) খেলতে চাইব। আমি এভাবে বেছে নিতে পারি না যে ‘আমি পাকিস্তানকে চাই’ বা ‘আমি অমুককে চাই।’ আসল কথা হলো আমি ফুটবল খেলতে ভালোবাসি। প্রতিপক্ষ বাংলাদেশও হতে পারে, আবার পাকিস্তানও হতে পারে।”
