১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

‘ভারতের বিপক্ষে ফাইনাল’ খেলতে চায় পাকিস্তান

শেষ চারে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাটের চোখ ‘ভারতের বিপক্ষে সম্ভাব‍্য ফাইনালে!’

‘ভারতের বিপক্ষে ফাইনাল’ খেলতে চায় পাকিস্তান

পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট। ছবি: পাকিস্তান ফুটবল ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 03:28 PM

Updated : 13 Nov 2026, 03:28 PM

বাংলাদেশ বাধা এখনও পার হতে পারেনি পাকিস্তান, অথচ দলটির গোলকিপার ইউসুফ বাটের দৃষ্টি ফাইনালে! সেখানে তিনি ফের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে চান! সেমি-ফাইনাল সামনে রেখে প্রস্তুতির ফাঁকে এই চাওয়ার কথা জানিয়েছেন বাট।

কারণটা অজানা নয়। ভারতের বিপক্ষে ৩-২ ব‍্যবধানের হার দিয়ে আসর শুরু করে পাকিস্তান। সেই হারের ক্ষত এখনও দগদগে বাট-ইজাজদের মনে। তবে, তাতে প্রলেপ দিতে হলে আগে পাকিস্তানকে উঠতে হবে ফাইনালে। ভারতকেও পার হতে হবে সেমি-ফাইনালের বাধা। জাতীয় স্টেডিয়ামে শনিবার হবে দুটি সেমি-ফাইনাল।

এবিজি স্পোর্টস গ্রাউন্ডে শুক্রবার শেষ দিনের প্রস্তুতি সেরেছে কখনও সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারা পাকিস্তান। এবার সাফের অধরা শিরোপা নিয়ে দেশের ফেরার আকাঙ্ক্ষা তীব্রভাবে ফুটে উঠল বাটের কণ্ঠে।

“আশা করি ফাইনালে ভারতের সঙ্গে ফের দেখা হবে। আমি সত্যিই ভারতের বিপক্ষে আবারও খেলতে চাই, কারণ আমাদের জন্য গত ম্যাচটি খুবই, খুবই, খুবই খারাপ একটা ম্যাচ ছিল। আমি বলব গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটি হয়তো আমাদের সবচেয়ে খারাপ খেলা ছিল। তাই আমি আশা করি, ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হব।

“তবে, একটি করে ম্যাচ ধরে ধাপে ধাপে এগোতে হবে, এখন আমাদের সামনে বাংলাদেশ। আমি সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ভালোবাসি। আমাদের কাছে সাফ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট আর আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বও আছে, কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ এমন একটা প্রতিযোগিতা যা জয় করা আমার এবং বিশেষ করে দলেরও একটি বড় লক্ষ্য। আশা করি, আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব।”