হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তান গোলরক্ষক
বাংলাদেশকে হারিয়ে ফাইনাইলে খেলতে আশাবাদী পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট।
মাঠের লড়াই শুরুর আগে বাংলাদেশকে হুঙ্কারই দিলেন ইউসুফ বাট। পাকিস্তানের এই গোলরক্ষক বললেন, প্রতিপক্ষ দলের সেরা তারকা হামজা চৌধুরীকে নিয়ে ভাবছেন না তারা। স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে প্রথমবার ফাইনালে খেলার ছক কষছেন তারা।
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। পল্টনের জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে শনিবার রাত সাড়ে ৮টায়।
২০০৩ সালে সাফে নিজেদের একমাত্র শিরোপা জেতা বাংলাদেশ দীর্ঘ খরা কাটাতে উন্মুখ। অন্য দিকে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজও ফাইনালেই খেলতে পারেনি পাকিস্তান।
হামজার অনুপস্থিতিতে ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয়ে আসর শুরু করে বাংলাদেশ। ইংল্যান্ড প্রবাসী তারকা মিডফিল্ডারকে নিয়ে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় টমাস ডুলির দল। হামজার উপস্থিতি পাল্টে দেয় দলকে। পাকিস্তান ম্যাচেও এই তারকা থাকবেন বাংলাদেশের প্রত্যাশার ভরকেন্দ্রে। তবে, তাকে নিয়ে খুব একটা ভাবতে রাজি নন বাট।
“হামজা বা অন্য কাউকে নিয়ে আমার ভাবনা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা। তাদের (অন্যদের) নিয়ে বলতে গেলে, হ্যাঁ, তারা ভালো খেলোয়াড়। আমাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়... তবে আমাদের দলে আব্দুল্লাহ ইকবাল আছে, ঈসা সুমান আছে, আদিল নবী আছে, আব্দুল আরশাদ আছে।
“হ্যাঁ, আমি মনে করি যে, তারা দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে, আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। প্রস্তুতি ভালো হয়েছে। আমাদের পাঁচজন নতুন খেলোয়াড় আসছে, যারা ইনশাআল্লাহ দলের সাথে যোগ দিয়ে সাহায্য করতে পারবে।”
কেবল হামজা নয়, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদের মতো প্রবাসী, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেনের মতো স্থানীয়রাও গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। পাকিস্তান গোলরক্ষক বাট তাই দলীয় প্রচেষ্টায় বাংলাদেশ বাধা পেরুতে চান।
“তবে আবারও বলছি, সবকিছু (আমাদের ভাবনা) প্রতিপক্ষ দল নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ মাঠে নেমে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দেব এবং আশা করি, ইনশাআল্লাহ, সেটাই যথেষ্ট হবে।”
দুই দলের সবশেষ দেখা ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। সেবার তপু বর্মনের শেষ দিকের গোলে জিতেছিল বাংলাদেশ। তবে বাটের আশা, এবার লড়াই হবে জমজমাট। রেফারিং নিয়ে বিতর্কের মধ্যে সেমি-ফাইনালে ভিএআর থাকাটাও ইতিবাচক মনে করছেন এই গোলরক্ষক।
“হ্যাঁ, বাংলাদেশ ও পাকিস্তান সবসময়ই ভালো ম্যাচ খেলে। ২০১৮ সালের দিকেও, জানেন তো, বাংলাদেশ খুব ভাগ্যবান ছিল, কিন্তু ঠিক আছে, ফুটবল তো। তাই ইনশাআল্লাহ এবার ফলাফল অন্যরকম হবে।
“আমরা জানি বাংলাদেশি দর্শকদের পক্ষ থেকে বেশ ভালো একটা চাপ থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে, এবার সাহায্য করার জন্য ভিএআর থাকছে। আমার মনে হয়, এটা আমাদের খুব সাহায্য করবে। কারণ জানেন তো, যখন কোন দল ঘরের মাঠে খেলে এবং গ্যালারিতে স্বাগতিক সমর্থকরা থাকে, তখন অনেক চাপ তৈরি হয়। তাই আলহামদুলিল্লাহ, আমি এজন্য খুশি যে, ভিএআর থাকায় এই দিক থেকে বিষয়টি আরও একটু গোছানো হতে পারে।”
