ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ
দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়া এ ব্রিটিশ এমপি বলেছেন, তিনি ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলার’ শিকার।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক।
সাংবাদিক গুতো হারি ও রাজনীতিক ডেভিড ডেভিসের উপস্থাপনায় নতুন পডকাস্ট ‘পলিটিকস আনলিশডে’ তিনি এ চিন্তাভাবনা তুলে ধরেন বলে বৃহস্পতিবার গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে।
হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলিপ। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আনা দুর্নীতির অভিযোগের কারণে গত বছর যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াতে হয় তাকে।
টিউলিপের আরেকটি পরিচয় হলো, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে তিনি শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিয়েছেন।
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে দুই বছরের কারাদণ্ড হয় টিউলিপের। লন্ডনে বসবাসকারী টিউলিপ এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন; এসব মামলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও মনে করেন তিনি।
‘পলিটিকস আনলিশড’ পডকাস্টে এসেও এসব মামলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে টিউলিপ বলেন, তার সঙ্গে নামকরা এক আইনজীবীর কথা হচ্ছে। ওই আইনজীবী তাকে বলেছেন, মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি তার রয়েছে।
গার্ডিয়ান লিখেছে, এ বিষয়ে মন্তব্য জানতে তারা ইউনূসের দুই সহযোগীর মাধ্যমে যোগাযোগ করেছিল, কিন্তু তিনি মন্তব্য করতে রাজি হননি।
টিউলিপের দাবি, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন। কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি বাংলাদেশের সরকার।
তিনি বলেন, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থান করার সময় ইউনূসকে হাতে লেখা একটি চিঠিও পাঠিয়েছিলেন তিনি।
“তিনি আমার সঙ্গে দেখা করতে রাজি হননি। সামনাসামনি দেখা করার জন্য আমি বারবার চেষ্টা করেছি।”
টিউলিপ বলেন, অভিযোগ ও পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি কোনো ধরনের মানসিক চাপে ছিলেন না। কারণ, তিনি জানতেন যে তিনি নির্দোষ।
তার ভাষায়, “অন্য সবকিছুর চেয়ে পুরো বিষয়টি আমাকে বেশি হতবাক করেছিল। কী অপরাধে আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি যে দোষী সাব্যস্ত হয়েছি, তা প্রথম জানতে পারি সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি সংবাদ দেখে।”
এই বিতর্কের সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথাও তুলে ধরেছেন টিউলিপ।
