০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জেজুসের কোচিংয়ে খেলতে চান না রোনালদো, খবর পর্তুগিজ সাংবাদিকের

জর্জে জেসুস কোচ থাকা পর্যন্ত নাকি জাতীয় দলে ফেরার কথা ভাবছেন না পর্তুগালের মহাতারকা।

জেজুসের কোচিংয়ে খেলতে চান না রোনালদো, খবর পর্তুগিজ সাংবাদিকের

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 07:45 PM

Updated : 06 Oct 2026, 07:45 PM

দিন যত যাচ্ছে, জল যেন ততই ঘোলা হচ্ছে। নেশন্স লিগ চলাকালে ক্রিশ্চিয়ানো রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর থেকে চলছে নানা জল্পনা-কল্পনা। সেখানে নতুন মাত্রা যোগ করেছেন সিএনএন পর্তুগালের সাংবাদিক রুই সান্তোস। তিনি বলেছেন, জর্জে জেসুস কোচ থাকা পর্যন্ত নাকি জাতীয় দলে ফেরার কথা ভাবছেন না রোনালদো।

নেশন্স লিগের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে দল ১-০ গোলে জিতলেও, ভালো করতে পারেননি রোনালদো। ওই ম্যাচে কয়েকটি সুযোগ নষ্ট করেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।

নরওয়ের বিপক্ষে পরের ম্যাচে গা গরম করিয়েও রোনালদোকে মাঠে নামাননি জেজুস। এরপর থেকেই কোচের সঙ্গে শুরু হয় রোনালদোর টানাপোড়েন। পর্তুগিজ ফেডারেশনের সভাপতি পেদ্রো পোয়েন্সার উপস্থিতিতে সেটা মিটে যাওয়ার খবরও এসেছিল।

কিন্তু ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচের কিছু কথার প্রেক্ষিতে হুট করেই দল ছেড়ে চলে যান রোনালদো। সামাজিক মাধ্যমে জানান যে, ‘যথাসময়ে’ তিনি কারণ ব্যাখ্যা করবেন। পর্তুগালের সংবাদমাধ্যমে খবর আসে, ‘বিশ্বাসঘাতকতার’ শিকার হয়েছেন বলে তিনি দাবি করেছেন ঘনিষ্ঠ মহলে।

রোনালদোকে ছাড়া পরের দুই ম্যাচেও জয় পায় পর্তুগাল। নেশন্স লিগের এই ধাপে চার ম্যাচের চারটিই জিতে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোনালদো দল ছেড়ে চলে গেলেও তাকে নিয়ে আলোচনা থেমে নেই। ম্যাচের আগে ও পরে সংবাদ সম্মেলনে তার প্রসঙ্গ থাকছেই বারবার। শুধু তাই নয়, রোনালদোকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রোয়েন্সাকেও।

পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বলেছেন, রোনালদো এখনও দলের পরিকল্পনার অংশ হিসেবেই থাকছেন। তার দল ছেড়ে যাওয়ার ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি হিসেবে’ বর্ণনা করে প্রোয়েন্সা বলেছেন, এটা অভ্যন্তরীণভাবে সমাধান করা উচিত।

যদিও রোনালদোকে দলে ফেরানোর সিদ্ধান্ত কোচের ওপর ছেড়ে দিয়েছেন প্রোয়েন্সা, “ক্রিশ্চিয়ানো আমাদের ঐতিহ্যের অংশ, কোচ যখনই তাকে চাইবেন, তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন।”

সিএনএন পর্তুগিজে আলোচনার সময় সান্তোস দাবি করেছেন, জাতীয় দলে ফেরার কথা এখন ভাবছেন না রোনালদো।

“পেদ্রো প্রোয়েন্সার কথা ভালো লাগেনি রোনালদোর। জর্জে জেজুসের কথায় তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। তাই অন্তত জেজুস কোচ থাকা পর্যন্ত জাতীয় দলে ফেরার কথা ভাবছেন না রোনালদো।”