চোটের ছোবলে জেরবার ফ্রান্স, এবার ছিটকে গেলেন চুয়ামেনি
ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদানের দলে খেলার অপেক্ষা আরও বাড়ল রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের।
উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচের আগে একের পর এক চোট আঘাত হানছে ফ্রান্স শিবিরে। এবার ছিটকে গেছেন মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি।
রেয়াল মাদ্রিদের এই ফুটবলার নতুন করে চোট পেয়েছেন ডান অ্যাবডাক্টরে। গত বিশ্বকাপেও এই একই চোট পেয়েছিলেন তিনি, যেকারণে খেলতে পারেননি গত সেপ্টেম্বর-অক্টোবরে নেশন্স লিগের চারটি ম্যাচে।
ফলে ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদানের দলে খেলার অপেক্ষা আরও বাড়ল চুয়ামেনির।
২৬ বছর বয়সি এই ফুটবলারের চোটের খবরটি মঙ্গলবার নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। পুনর্বাসনের জন্য ক্লাবে ফিরবেন তিনি। তার বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে না বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
একই দিনে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যান মার্কাস থুরাম। ইন্টার মিলানের এই স্ট্রাইকারের বদলি হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড জুনিয়র ক্রুপি।
গত সোমবার বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান পিয়েরে কালুলু। তার জায়গায় প্রথমবার জাতীয় দলে ডাক পান কুম্বেদি।
এছাড়া চোটের কারণে আগে থেকেই দলে নেই ২০২৫ সালের ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা, জুল কুন্দেসহ আরও কয়েকজন খেলোয়াড়।
দুবারের বিশ্বকাপজয়ী ফ্রান্স বৃহস্পতিবার মিলানে ইতালির মুখোমুখি হবে এবং রোববার ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে খেলবে।
ইতালির বিপক্ষে হার এড়াতে পারলেই নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে ফ্রান্সের। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে আছে জিদানের দল।
