এমবাপেকে নিয়েও শঙ্কায় ফ্রান্স
ফরাসি দৈনিক লেকিপের খবর, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ইতালির বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
চোটের ছোবলে জেরবার ফ্রান্স এবার বোধহয় সবচেয়ে বড় ধাক্কাটা খেতে যাচ্ছে। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন কিলিয়ান এমবাপে। নেশন্স লিগে ইতালির বিপক্ষে ‘খেলতে পারবেন না’ দলটির সেরা ফুটবলার।
ইএসপিএন বুধবার প্রতিবেদনে লেখেছে, এদিন দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না এমবাপে। ফরাসি দৈনিক লেকিপের খবর, বৃহস্পতিবার মিলানে অনুষ্ঠিত ইতালির বিপক্ষে ম্যাচটিতে খেলবেন না বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
তবে আশা করা হচ্ছে, তুরস্কের বিপক্ষে রোববারের ম্যাচটিতে খেলবেন ফ্রান্স অধিনায়ক এমবাপে।
চোটের থাবায় এর আগে নেশন্স লিগের দল থেকে ছিটকে গেছেন অহেলিয়া চুয়ামেনি, মার্কাস থুরাম, পিয়েরে কালুলু। এছাড়া চোটের কারণে আগে থেকেই দলে নেই ২০২৫ সালের ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা, জুল কুন্দেসহ আরও কয়েকজন খেলোয়াড়।
২০ বছর বয়সি সেনি মায়ুলু, ক্রুপি ও কুম্বেদিকে এরই মধ্যে দলে যোগ করেছে ফ্রান্স।
ইতালির বিপক্ষে হার এড়াতে পারলেই নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে ফ্রান্সের। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে আছে জিনেদিন জিদানের দল।
