১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

তুরস্কের বিপক্ষে এমবাপেকে পাওয়ার আশায় জিদান

অধিনায়ক কিলিয়ান এমবাপের চোট সমস‍্যাকে গুরুতর কিছু মনে হচ্ছে না ফ্রান্স কোচের।

তুরস্কের বিপক্ষে এমবাপেকে পাওয়ার আশায় জিদান

কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 05:33 PM

Updated : 13 Nov 2026, 05:33 PM

ইতালির বিপক্ষে হারের পর অধিনায়ক কিলিয়ান এমবাপের ফেরার অপেক্ষায় আছেন ফ্রান্স কোচ জিনেদিন জিদান। তার ধারণা, তুরস্কের বিপক্ষে পাওয়া যাবে রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে।

হ‍্যামস্ট্রিংয়ে ব‍্যথা থাকায় জাতীয় দলে সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন না এমবাপে। তাকে ছাড়াই খেলতে নেমে নেশন্স লিগে ইতালির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ফ্রান্স।

গত জুলাইয়ে জিদান কোচ হয়ে আসার পর সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নদের এটাই প্রথম হার। নেশন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে তুরস্কের বিপক্ষে জয়ে ফিরতে উন্মুখ জিদান। রোববারের সেই ম‍্যাচে এমবাপের ফেরার দিকে তাকিয়ে আছেন তিনি।

“আশা করি, সে খেলবে। সে কারণেই সে দলে থেকে গেছে। আমার মনে হয় না, এটা গুরুতর কিছু। ভাবনা হলো তাকে খেলানো।”

লিগ ‘এ’ গ্রুপ ১ এ ইতালির সমান ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ফ্রান্স। এক পয়েন্ট কম নিয়ে তিনে বেলজিয়াম।

ইতালির বিপক্ষে হারের পর দলকে আত্মবিশ্বাসী থাকতে বলেছেন জিদান।

“ম‍্যাচের পর আমি ওদের বলেছি, ভয় পাওয়ার কিছু নেই। আমরা সুযোগ তৈরি করেছিলাম এবং বল দখলে রেখেছিলাম। তবে আমরা রক্ষণের দিক থেকে কিছুটা দুর্বল ছিলাম।”