১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

প্রেমের মানুষের চোখে কি ভালোবাসার মায়া, নাকি আপনার অফিসের গোপন ফাইলের খোঁজ? ইতিহাসের রোমিও স্পাই থেকে আধুনিক ডিজিটাল হানিট্র্যাপের আদ্যোপান্ত।

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

ভালোবাসা ও আবেগের বশে ব্যক্তিগত পাসওয়ার্ড, ওটিপি কিংবা প্রতিষ্ঠানের গোপন নথি শেয়ার করার আগে যাচাই করা জরুরি যে, প্রেমের মানুষটি সত্যিকারের আপনজন নাকি ছদ্মবেশী প্রতারক। ছবি: এআই

চিররঞ্জন সরকার চিররঞ্জন সরকার

Published : 16 Nov 2026, 03:56 PM

Updated : 16 Nov 2026, 03:56 PM

প্রেমে পড়তে কে না চায়! কেউ চায় সুন্দরী প্রেমিকা, কেউ চায় সুদর্শন প্রেমিক। কেউ খোঁজে মনের মানুষ, কেউ আবার খোঁজে এমন মানুষ, যার সঙ্গে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেওয়া যায়। প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে! কেউ চুলে জেল মাখে, কেউ পারফিউমের বোতল শেষ করে, কেউ আবার পকেটের শেষ টাকাটাও খরচ করে ফেলে। প্রেমের বাজারে এসব অবশ্য পুরোনো কৌশল। কিন্তু এখন প্রেমের বাজারে এমন কিছু খেলোয়াড় নেমেছেন, যাদের উদ্দেশ্য প্রেম করা নয়, প্রেমের অভিনয় করে অন্যের পকেট, মাথা কিংবা দেশের গোপন খবর বের করে নেওয়া। এই প্রেমের নামই হানিট্র্যাপ।

হানিট্র্যাপ কথাটা শুনলে প্রথমেই জেমস বন্ডের সিনেমার কথা মনে পড়ে। সিনেমায় দেখা যায়, এক রহস্যময় সুন্দরী নারী হঠাৎ নায়কের জীবনে হাজির হয়েছেন। তার চোখে-মুখে রহস্য, কথায় মধু, হাসিতে জাদু। নায়ক প্রথমে ভাবেন, আহা! কী সুন্দর প্রেম! কিন্তু দর্শক জানেন, ব্যাপারটা মোটেও এত সহজ নয়। সুন্দরী আসলে প্রেমিকা নন, তিনি গুপ্তচর। তার কাজ নায়কের মন জয় করা, তারপর পকেটের চাবি নয়, রাষ্ট্রের গোপন ফাইলের চাবি সংগ্রহ করা। অর্থাৎ প্রেমের নামে এখানে চলে তথ্যের ব্যবসা। ভালোবাসার ফুলের তোড়ার আড়ালে লুকিয়ে থাকে গোয়েন্দাগিরির কাঁটা।

তবে সিনেমার এই কাহিনী এখন আর শুধু পর্দায় আটকে নেই। বাস্তব পৃথিবীতেও প্রেমের ফাঁদ পেতে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের ঘটনা বহু পুরোনো। বিশেষ করে যাদের হাতে রাষ্ট্রীয় গোপন তথ্য, বড় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা রয়েছে, তারা অনেক সময় এমন ফাঁদের লক্ষ্যবস্তু হন।

সম্প্রতি প্রযুক্তিবিশ্বে আলোচিত একটি ঘটনাও এ প্রসঙ্গ আবার সামনে এনেছে। বিশ্বের অন্যতম বড় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক নারীর সম্পর্কের কথা চাউর হয়েছে। ওই নারী চীনা সরকারের হয়ে তথ্য সংগ্রহ করতেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগটির সত্যতা, ওই নারীর গোয়েন্দা-সংশ্লিষ্টতা কিংবা কোনো তথ্য ফাঁস হয়েছিল কি না, এসব বিষয়ে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। চীনও অভিযোগটিকে ভিত্তিহীন জল্পনা বলে প্রত্যাখ্যান করেছে।

ঘটনার সত্য-মিথ্যা যা-ই হোক, বিষয়টি আমাদের এক গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, প্রেম করতে গিয়ে মানুষ কখন যে প্রেমিক বা প্রেমিকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের উৎস হয়ে যায়, তা কি সে নিজেও বুঝতে পারে?

ধরা যাক, একজন বড় ব্যবসায়ী। সারা দিন অফিস, মিটিং, হিসাব-নিকাশ, কোটি কোটি টাকার সিদ্ধান্ত। বাড়িতে ফিরলে স্ত্রী জিজ্ঞেস করেন, ‘আজ এত দেরি হলো কেন?’ তিনি বলেন, ‘অফিসের কাজ।’ কিন্তু ফোনে নতুন একজনের মেসেজ আসে, ‘খেয়েছ?’ ব্যবসায়ী মহোদয়ের মনটা একটু নরম হয়ে যায়। পরদিন মেসেজ আসে, ‘তোমার কাজের চাপ খুব বেশি, তাই না?’ তারপর একদিন, ‘তোমার কোম্পানির নতুন প্রকল্পটা কেমন চলছে?’

প্রেমের ফাঁদ পাতার আবার নানা পদ্ধতি আছে। সব ক্ষেত্রে যে কেউ সুন্দরী নারী বা সুদর্শন পুরুষ সেজে প্রেম করতে আসবেন, তা নয়। কখনো এমন পরিস্থিতি তৈরি করা হয়, যেখানে একজন ব্যক্তি নিজের কোনো গোপন বা বিব্রতকর কাজের জন্য বিপদে পড়তে পারেন। পরে ওই তথ্য প্রকাশ করার ভয় দেখিয়ে তাকে দিয়ে কাজ করানো হয়।

ধরা যাক, কোনো কর্মকর্তা গোপনে এমন কিছু করেছেন, যা প্রকাশ পেলে তার সম্মানহানি হতে পারে। গোয়েন্দারা বিষয়টি জেনে গেলেন। তারপর তাকে বলা হলো, ‘আপনার গোপন খবর আমাদের কাছে আছে। এখন আমাদের একটু সাহায্য করুন।’ তখন প্রেমের দরকার কী? ভয়ই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রেমের দূত!

তবে সরাসরি প্রেমের অভিনয় করে ফাঁদ পাতার ঘটনাও ইতিহাসে আছে। শীতল যুদ্ধের সময় পূর্ব জার্মানির গোয়েন্দারা আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে পশ্চিম জার্মানির নারী কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পাঠাত। তাদের বলা হতো ‘রোমিও স্পাই’। অর্থাৎ প্রেমিকের ছদ্মবেশে গুপ্তচর। প্রেমিকের কাজ হলো প্রেমিকার মন জয় করা, আর গুপ্তচরের কাজ হলো প্রেমিকার অফিসের গোপন খবর সংগ্রহ করা।

এখানে প্রেমের সংজ্ঞাটাই একটু আলাদা। সাধারণ প্রেমিক বলেন, ‘তোমার মনটা আমাকে দাও।’ আর রোমিও স্পাই হয়তো মনে মনে বলেন, ‘তোমার অফিসের ফাইলটাও একটু দাও।’

এ ধরনের একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল ফ্রান্সের কূটনীতিক বার্নার্ড বুরসিকোর জীবনে। বেইজিংয়ে কর্মরত এই কূটনীতিকের সঙ্গে পিকিং অপেরার এক শিল্পী শি পেই পুর পরিচয় হয়। শি নিজেকে নারী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি শি দাবি করেন, তাদের একটি সন্তানও হয়েছে। প্রায় দুই দশক ধরে এই সম্পর্ক চলে। পরে জানা যায়, শি আসলে পুরুষ এবং এই সম্পর্কের সঙ্গে চীনা গোয়েন্দাদের যোগাযোগ ছিল।

একসময় বুরসিকোকে বলা হয়, প্রেমিকাকে দেখতে চাইলে ফরাসি দূতাবাসের গোপন তথ্য সরবরাহ করতে হবে। প্রেমের টানে তিনি রাজি হয়ে যান। অর্থাৎ প্রেমিকার সঙ্গে দেখা করার টিকিট কিনতে তাকে রাষ্ট্রের গোপন কাগজপত্র জমা দিতে হয়েছে! শেষ পর্যন্ত ফ্রান্সে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুরসিকো জানতে পারেন, এত দিনের প্রেমের গল্পে তিনি আসলে কত বড় প্রতারণার শিকার হয়েছেন।

এ ঘটনা শুনলে মনে হয়, প্রেমে পড়ার আগে শুধু প্রেমিকার নাম-ঠিকানা জানলেই চলে না, প্রয়োজনে তার জন্মসনদও যাচাই করা দরকার! তবে মজা একদিকে, বাস্তবতা অন্যদিকে। মানুষের ব্যক্তিগত সম্পর্ককে ব্যবহার করে প্রতারণা করা নিঃসন্দেহে গুরুতর অপরাধ।

ক্যাটরিনা লিউং নামের এক চীনা বংশোদ্ভূত মার্কিন নারীর ঘটনাও বেশ চমকপ্রদ। তিনি এফবিআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু একই সঙ্গে চীনের কাছেও তথ্য সরবরাহ করতেন বলে অভিযোগ ওঠে। সবচেয়ে মজার বিষয়, এফবিআইয়ের দুজন কর্মকর্তার সঙ্গেও তার প্রেমের সম্পর্ক ছিল। অর্থাৎ একই ব্যক্তির কাছে প্রেম, গোয়েন্দাগিরি এবং তথ্য আদান-প্রদানের এক অদ্ভুত ত্রিভুজ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তাকে ও সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

এসব ঘটনা থেকে বোঝা যায়, প্রেমের ফাঁদে পড়তে হলে সব সময় বোকা হতে হয় না। বড় বড় কর্মকর্তা, কূটনীতিক, বিজ্ঞানী, ব্যবসায়ী, অনেকেই এমন পরিস্থিতিতে পড়েছেন। কারণ মানুষের পদমর্যাদা যত বড়ই হোক, ব্যক্তিগত আবেগের জায়গায় তিনি শেষ পর্যন্ত একজন সাধারণ মানুষ। তারও ভালো লাগা আছে, একাকিত্ব আছে, প্রশংসা পাওয়ার ইচ্ছা আছে। কেউ যদি ওই জায়গাটিতে ঠিকমতো হাত দিতে পারে, তাহলে বিপদ তৈরি হতে পারে।

আমাদের সমাজেও প্রেমের নামে প্রতারণার অভাব নেই। ফেইসবুকে পরিচয়, তারপর ইনবক্সে কথাবার্তা, কয়েক দিনের মধ্যে ‘তুমি আমার জীবনের সবচেয়ে আপন মানুষ’। এরপর ভিডিও কল, ব্যক্তিগত ছবি, উপহার, টাকা ধার কিংবা নানা ধরনের আবদার। কখনো আবার বলা হয়, ‘তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, তাহলে এই কাজটা করতেই হবে।’ প্রেমের পরীক্ষার প্রশ্নপত্র যেন দিন দিন কঠিন হচ্ছে!

আগে প্রেমিক-প্রেমিকারা চিঠি লিখতেন। এখন লেখেন ইনবক্সে। আগে প্রেমের প্রমাণ ছিল গোলাপ ফুল। এখন প্রমাণ হিসেবে চাওয়া হয় ব্যক্তিগত ছবি, পাসওয়ার্ড কিংবা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। আগে প্রেমিক বলতেন, ‘তোমাকে ছাড়া বাঁচব না।’ এখন কেউ কেউ হয়তো বলেন, ‘তোমার ওটিপিটা দাও, না হলে আমাদের সম্পর্ক থাকবে না।’

প্রেমের এমন আধুনিক সংস্করণে অবশ্য রোমান্সের চেয়ে বিপদের পরিমাণই বেশি।

তবে একটি কথা মনে রাখা দরকার, সব সুন্দরী নারী গুপ্তচর নন, সব সুদর্শন পুরুষ প্রতারক নন, আর সব অনলাইন প্রেমও হানিট্র্যাপ নয়। কাউকে শুধু তার সৌন্দর্য, পোশাক কিংবা পরিচয়ের ভিত্তিতে সন্দেহ করা উচিত নয়। সমস্যা সৌন্দর্যে নয়, সমস্যা প্রতারণায়। সমস্যা প্রেমে নয়, সমস্যা প্রেমের নামে কাউকে ব্যবহার করার মধ্যে।

বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিছু সতর্কতা প্রয়োজন। অফিসের গোপন তথ্য, পাসওয়ার্ড, ব্যক্তিগত নথি কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আবেগের বশে কারও সঙ্গে বলা উচিত নয়। নতুন পরিচিত কেউ অস্বাভাবিক আগ্রহ দেখালে, খুব দ্রুত ঘনিষ্ঠ হতে চাইলে কিংবা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে থাকলে একটু ভাবা দরকার।

কারণ প্রেমে অন্ধ হওয়া সাহিত্যে যতই সুন্দর শোনাক, বাস্তব জীবনে তা বেশ বিপজ্জনক। বিশেষ করে প্রেমের মানুষটি যদি আপনার মনের খবরের চেয়ে অফিসের ফাইলের খবর বেশি জানতে চান!

সবশেষে বলা যায়, পৃথিবীতে প্রেমের ফাঁদ সত্যিই অনেক। কেউ পাতে মন পাওয়ার জন্য, কেউ টাকা পাওয়ার জন্য, কেউ ব্যক্তিগত ছবি সংগ্রহের জন্য, আবার কেউ রাষ্ট্রের গোপন তথ্য পাওয়ার জন্য। উদ্দেশ্য আলাদা, কিন্তু কৌশল প্রায় একই, আগে বিশ্বাস অর্জন, পরে সুযোগ গ্রহণ।

তাই প্রেম করুন, মন খুলে করুন, মানুষকে ভালোবাসুন। কিন্তু ভালোবাসার নামে নিজের বিবেক, বিচারবুদ্ধি আর গোপনীয়তার চাবি অন্যের হাতে তুলে দেবেন না। প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে, কে কোথায় ধরা পড়ে কে জানে! তবে সেই ফাঁদে পা দেওয়ার আগে একবার দেখে নেওয়া ভালো, সামনে ভালোবাসার মানুষ দাঁড়িয়ে আছেন, নাকি ভালোবাসার ছদ্মবেশে কোনো গোয়েন্দা!

চিররঞ্জন সরকার: লেখক ও কলামনিস্ট। ই-মেইল: chiros234@gmail.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।