১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

এনভিডিয়া থেকে স্নায়ুযুদ্ধ: প্রেমের ফাঁদ পেতে যেভাবে তথ্য হাতিয়ে নেয় গুপ্তচররা

প্রেম নাকি গুপ্তচরবৃত্তি? স্নায়ুযুদ্ধের যুগ থেকে শুরু করে আজকের এনভিডিয়া কেলেঙ্কারি- সময় বদলালেও বদলায়নি ভালোবাসার ফাঁদ পেতে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার সেই পুরোনো গোয়েন্দা কৌশল।

এনভিডিয়া থেকে স্নায়ুযুদ্ধ: প্রেমের ফাঁদ পেতে যেভাবে তথ্য হাতিয়ে নেয় গুপ্তচররা

ছবিতে এক নারীর সঙ্গে দেখা যাচ্ছে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 04:28 PM

Updated : 13 Nov 2026, 04:28 PM

‘হানি ট্র্যাপ’ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে উঠতে পারে জেমস বন্ড সিনেমার কোনো দৃশ্য, রহস্যময়ী কোনো সুন্দরী নারী ভালোবাসার অভিনয় করে অসতর্ক শিকারের কাছে ভিড়ছেন, আর আড়ালে হাতিয়ে নিচ্ছেন মহামূল্যবান সব গোপন তথ্য।

কিন্তু বিষয়টি কেবল গোয়েন্দা থ্রিলারের গল্পেই সীমাবদ্ধ নয়। বাস্তব দুনিয়ায় এর ইতিহাস বহু পুরোনো এবং এখনো বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো এই কৌশল ব্যবহার করে।

আর এই ফাঁদে পা দিলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পতন কতটা নাটকীয় হতে পারে, তা হয়ত হাড়ে হাড়ে টের পেয়েছেন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন লিখেছে, এক সপ্তাহের টালমাটাল পরিস্থিতির পর বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে মূল্যবান এই এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শীর্ষ পদ থেকে সরে দাঁড়িয়েছেন হুয়াং।

অ্যালিস হুয়াং নামে এক নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরই এই অস্থিরতার শুরু। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, ওই নারী (পদবি এক হলেও জেনসেনের সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই) চীন সরকারের কাছে তথ্য পাচার করতেন।

বেইজিং অবশ্য এই অভিযোগকে ‘ভিত্তিহীন অনুমান’ বলে উড়িয়ে দিয়েছে। অ্যালিস কীভাবে বা কখন চীনা গোয়েন্দাদের হাতে নিয়োগ পেয়েছিলেন কিংবা আদৌ কোনো তথ্য ফাঁস হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

তবে এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে থাকা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে এই ঘটনা বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে।

বিজনেস ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ‘স্ট্র্যাটেজি রিস্কস’-এর প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশ বলেন, “বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কোম্পানির সিইওর এমন বিচারবুদ্ধির অভাব সত্যিই বিস্ময়কর। তিনি এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, যিনি চীনের কমিউনিস্ট পার্টির এজেন্ট বলে অভিযোগ উঠেছে।”

তার ভাষায়, “হয়ত ওই নারীকে তিনি গুরুত্বপূর্ণ কোনো তথ্যই দেননি, কিন্তু এমন সম্পর্কের অস্তিত্বই নিজে থেকে বড় সমস্যা।”

তিনি জানান, গুপ্তচরবৃত্তির সবচেয়ে পুরোনো কৌশলগুলোর একটি হলো ‘হানি ট্র্যাপ’, যা এখনো চীন ও রাশিয়ার গোয়েন্দারা অহরহ ব্যবহার করেন।

যেভাবে পাতা হয় ফাঁদ

এশিয়া ও ইউরোপে কাজ করা সিআইএর সাবেক কর্মকর্তা জন সাইফার জানান, প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থাই গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার আছে এমন ব্যক্তিদের নিশানা করে।

তবে কর্তৃত্ববাদী সরকারগুলোর হাতে এজেন্টদের দিয়ে যৌনতা ও প্রেমঘটিত ঝুঁকিপূর্ণ মিশন করানোর সুযোগ বেশি থাকে।

বর্তমানে ‘মাইকেল ভি হেইডেন সেন্টার’-এর এই জ্যেষ্ঠ ফেলো বলেন, “চীন বা রাশিয়া চর নিয়োগের ক্ষেত্রে অনেক বেশি চাপ ও কৌশল খাটাতে পারে। তারা বলতে পারে, আমাদের হয়ে কাজ না করলে তোমাকে দেশে ফিরতে দেব না বা পরিবারের মুখ দেখতে দেব না।”

গোয়েন্দারা নানাভাবে এই ফাঁদ পাতেন। ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ‘জেমসটাউন ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট পিটার ম্যাটিসের মতে, একটি কৌশল হলো লক্ষ্যবস্তুকে প্রলুব্ধ করে কোনো আপত্তিকর পরিস্থিতিতে, যেমন যৌনকর্মীর কাছে, নিয়ে যাওয়া।

এরপর গোয়েন্দা সংস্থা হাজির হয়ে ভয় দেখায় যে, হয় গ্রেপ্তার হতে হবে, নয়ত তাদের হয়ে কাজ করতে হবে।

সিনেমায় সবচেয়ে বেশি দেখা যায় আরেকটি কৌশল, যেখানে প্রশিক্ষিত কোনো গোয়েন্দা শুরু থেকেই তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে কারও সঙ্গে প্রেমের অভিনয় শুরু করেন। বাস্তবে এটি তুলনামূলক কম ঘটলেও একেবারে বিরল নয়।

যেমন, সাবেক পরমাণু টেকনিশিয়ান মোরদেচাই ভানুনু ইসরায়েলের অঘোষিত পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যমে ফাঁস করে দিয়েছিলেন। পরে ‘সিন্ডি’ নামের এক মার্কিন পর্যটকের ছদ্মবেশে তাকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক নারী এজেন্ট।

তবে বাস্তবে সবচেয়ে বেশি যা ঘটে তা হল, কোনো নারী বা পুরুষের সঙ্গে স্বাভাবিকভাবেই এমন কারও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যিনি গোয়েন্দা সংস্থার নজরে রয়েছেন। সম্পর্কটির কথা জানতে পেরে গোয়েন্দারা অর্থের লোভ দেখিয়ে বা চাপ দিয়ে ওই সঙ্গীকে নিজেদের চর হিসেবে নিয়োগ দেয়।

দুই দশকের ছলনা ও ‘ডাবল এজেন্ট’ কেলেঙ্কারি

স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি সুদর্শন ও আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ তৈরি করেছিল। সে সময় সোভিয়েত ইউনিয়নও পশ্চিমা কূটনীতিক ও সাংবাদিকদের হোটেল কক্ষে নারী ও পুরুষ এজেন্ট পাঠাত।

তবে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটেছিল ১৯৬০ থেকে ১৯৮০-এর দশকে। ১৯৬৪ সালে বেইজিংয়ে ফরাসি দূতাবাসে কর্মরত তরুণ কূটনীতিক বার্নার্ড বুরসিকোর সঙ্গে পিকিং অপেরার গায়ক শি পেই পু-এর পরিচয় হয়।

অপেরায় নারী চরিত্রে অভিনয়ে দক্ষ শি পেই পু নিজেকে একজন নারী হিসেবে পরিচয় দেন এবং বুরসিকোকে তা বিশ্বাস করাতে সক্ষম হন।

নিউ ইয়র্ক টাইমসের পুরোনো প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই দশক ধরে এই প্রতারণা চালিয়ে যান তিনি। এমনকি দরিদ্র এক উইঘুর মায়ের কাছ থেকে কেনা একটি ছেলে শিশুকে বুরসিকোর সন্তান বলেও পরিচয় করিয়ে দেন।

একপর্যায়ে চীনা গোয়েন্দারা বুরসিকোকে জানায়, শি পেই পুর সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে ফরাসি দূতাবাসের গোপন নথি দিতে হবে। প্রেমিকার নিরাপত্তার কথা ভেবে বছরের পর বছর তথ্য পাচার করেন ওই কূটনীতিক।

পরে ফ্রান্সে গিয়ে দুজনই গ্রেপ্তার হলে শি পেই পু যে আসলে পুরুষ, সেই সত্য প্রকাশ পায়, যা বুরসিকোকে পুরোপুরি ভেঙে দিয়েছিল।

আরেকটি আলোচিত ঘটনা ঘটে ২০০০-এর দশকের শুরুতে। চীনের ওপর নজরদারি করার জন্য চীনা-আমেরিকান ক্যাটরিনা লিউংকে মোটা অঙ্কের অর্থ দিত গোয়েন্দা সংস্থা এফবিআই। অথচ বাস্তবে তিনি ছিলেন বেইজিংয়ের ‘ডাবল এজেন্ট’।

উল্টো এফবিআইয়ের দুজন এজেন্টের (যাদের মধ্যে তার সরাসরি তত্ত্বাবধায়কও ছিলেন) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তিনি যুক্তরাষ্ট্রের গোপন তথ্য চীনে পাচার করতেন। ২০০৩ সালে তারা গ্রেপ্তার হন।

বিশেষজ্ঞদের মতে, চীনা গোয়েন্দারা অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর থেকে শুরু করে জাপান, কোরিয়া ও ইউরোপের নাগরিকদেরও নিশানা করছে। এমনকি ব্যবসায়িক গুপ্তচরবৃত্তিতে চীনা কোম্পানিগুলো নিজেদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধেও এই কৌশল খাটায়।

মজার ব্যাপার হল, ২০২৪ সালে চীন সরকার উল্টো নিজেদের নাগরিকদের সতর্ক করে বলেছে, বিদেশি গোয়েন্দারা অনলাইন ডেটিং ও প্রেমের ফাঁদ পেতে চীনের রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির চেষ্টা করছে।

এআই যুগে ঝুঁকি কতটা?

সাবেক সিআইএ কর্মকর্তা জন সাইফারের হিসাবে, ‘হানি ট্র্যাপ’ মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে সফল হয়। তবে গোয়েন্দা জগতে হাজার চেষ্টার মধ্যে একটিও যদি ঠিক জায়গামতো সফল হয়, তবে সেটাই বিশাল জয়।

বর্তমান ভূরাজনীতি ও প্রযুক্তির লড়াইয়ে চুরি করার মতো তথ্যের অভাব নেই। পিটার ম্যাটিসের মতে, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন এমন এক প্রযুক্তি, যা উৎপাদন, বৈজ্ঞানিক আবিষ্কার থেকে শুরু করে সামাজিক নিয়ন্ত্রণ এবং সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণেও অপরিহার্য। ফলে এআই কোম্পানিগুলোর শীর্ষ পর্যায়ের যে কোনো নির্বাহীই এখন গোয়েন্দাদের প্রধান লক্ষ্যবস্তু।”

এই ঘটনা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অবিশ্বাস আরও গভীর করবে বলে মনে করেন স্টোন ফিশ।

দিনশেষে মানুষ সামাজিক জীব। তার পক্ষে প্রেম, বন্ধুত্ব বা পেশাগত সম্পর্ক এড়িয়ে চলা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, এমন ফাঁদ থেকে বাঁচার একমাত্র শতভাগ নিশ্চিত উপায় হল সন্ন্যাসী হয়ে যাওয়া।

যেহেতু তা সম্ভব নয়, তাই সতর্ক থাকাই একমাত্র পথ। পিটার ম্যাটিসের ভাষায়, “মনে রাখবেন, আপনি একজন লক্ষ্যবস্তু। তাই বোকামি করবেন না, আর অবশ্যই প্রশ্ন করতে শিখুন।”