২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অ্যাপলের বিরুদ্ধে তথ্য চুরির পাল্টা মামলায় ওপেনএআই

ছয় মাস ওপেনএআইয়ে কাজ করা এক সাবেক কর্মীকে আবারও নিয়োগ দেওয়ার মাধ্যমে অ্যাপল গোপন তথ্য সংগ্রহ করেছে।

এবার অ্যাপলের বিরুদ্ধে তথ্য চুরির পাল্টা মামলায় ওপেনএআই

কর্মীদের ব্যক্তিগত আইক্লাউড অ্যাকাউন্টের সঙ্গে কাজের ফাইল মিশিয়ে ফেলতে উৎসাহিত করেছে অ্যাপল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 08:45 PM

Updated : 29 Nov 2026, 08:45 PM

সাবেক এক কর্মীর মাধ্যমে বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগ তুলে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।

শুক্রবার ক্যালিফোর্নিয়ায় দায়ের করা এই পাল্টা মামলায় ওপেনএআই অভিযোগ করেছে, তাদের এক সাবেক কর্মীকে নিয়োগ দেওয়ার মাধ্যমে আইফোন নির্মাতা কোম্পানিটি গোপন তথ্য হাতিয়ে নিয়েছে ও ভবিষ্যতে ওপেনএআইয়ের ডিভাইস তৈরির কাজে হার্ডওয়্যার সরবরাহকারীদের যুক্ত হতে নিরুৎসাহিত করছে।

বিবিসি লিখেছে, এর আগে, জুলাই মাসে দায়ের করা এক ফেডারেল মামলায় এআই নির্মাতা কোম্পানি ওপেনএআই ও তাদের দুজন কর্মীর বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। ওই দুজন কর্মী আগে অ্যাপলে কাজ করতেন।

ওই সময় অ্যাপল দাবি করেছিল, ওপেনএআই অ্যাপলের তথ্য ‘চুরি করার এক ধারাবাহিক প্রচেষ্টায়’ জড়িয়েছে।

ওপেনএআইয়ের পাল্টা অভিযোগ নাকচ করেছে অ্যাপল।

কোম্পানিটি বলেছে, এসব পাল্টা দাবি ওপেনএআইয়ের নিজেদের মামলার মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর ‘স্পষ্ট চেষ্টা’।

পাল্টা মামলায় ওপেনএআই বলেছে, তারা যেসব নতুন এআই ডিভাইস বানাচ্ছে তা ভবিষ্যতে এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যে, ব্যক্তিগত ডিভাইসের বাজার, যেটিকে অ্যাপল নিজেদের একচ্ছত্র জায়গা মনে করে সেখানেই অ্যাপলকে প্রতিযোগিতায় হারিয়ে দেওয়ার’ হুমকি তৈরি করতে পারে।

মামলার নথিতে বলা হয়েছে, ছয় মাস ওপেনএআইয়ে কাজ করা এক সাবেক কর্মীকে আবারও নিয়োগ দেওয়ার মাধ্যমে অ্যাপল গোপন তথ্য সংগ্রহ করেছে।

ওপেনএআইয়ের অভিযোগ, ওই কর্মী একটি নতুন ডিভাইস ও ভবিষ্যতের হার্ডওয়্যার পণ্য নিয়ে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার তথ্যে প্রবেশাধিকার পেয়েছিলেন এবং ‘ওপেনএআইয়ের কয়েক ডজন নথি’ নিজের ব্যক্তিগত ফোন নম্বরে পাঠিয়েছিলেন।

এ ছাড়া, তিনি ‘অ্যাপলের অনুরোধে’ অ্যাপলের জ্যেষ্ঠ কর্মীদের কাছে ওপেনএআইয়ের এসব পরিকল্পনা তুলে ধরেছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

“সময়ের হিসাব ধরলে এখন মনে হচ্ছে, শুরুতে ওপেনএআইয়ে যোগ দেওয়ার পেছনে ওইসব নথি চুরি করাই হয়ত তার উদ্দেশ্য ছিল।”

ওপেনএআই অভিযোগ করেছে, কর্মীদের ব্যক্তিগত আইক্লাউড অ্যাকাউন্টের সঙ্গে কাজের ফাইল মিশিয়ে ফেলতে উৎসাহিত করেছে অ্যাপল, যাতে পরবর্তীতে কেউ কোম্পানি ছেড়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে গেলে তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা যায়।

অ্যাপলের একজন মুখপাত্র বলেছেন, “মামলাটি ওপেনএআই কর্মীদের ইচ্ছাকৃতভাবে আমাদের অপ্রকাশিত প্রযুক্তি, প্রক্রিয়া, পণ্য সম্পর্কিত অ্যাপলের গোপন তথ্য চুরি, অ্যাক্সেস ও ব্যবহার করা নিয়ে, অ্যাপল তথ্যের অসাবধানতা ধরে রাখার বিষয়ে নয়।”

নিজেদের দায়ের করা মামলায় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল অভিযোগ করেছে, কোম্পানি ছেড়ে ওপেনএআইয়ে যোগ দেওয়া অ্যাপলের অন্তত দুজন দীর্ঘদিনের কর্মী নিজেদের কাছে অভ্যন্তরীণ তথ্য ইমেইল করে পাঠানোর মাধ্যমে ‘চুরির ধারাবাহিক প্রচেষ্টায়’ অংশ নিয়েছিলেন।

অ্যাপলের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার ‘কৌশল’ এআই কোম্পানিটি গ্রহণ করেছে বলেও অভিযোগ করেছে অ্যাপল।

এর আগে, এসব অভিযোগ অস্বীকার করে ওপেনএআইয়ের একজন মুখপাত্র বলেছিলেন, “অন্য কোম্পানির বাণিজ্যিক গোপন তথ্যে আমাদের কোনো আগ্রহ নেই।”

ওপেনএআই ও অ্যাপলের সাবেক ওই দুই কর্মীর পাশাপাশি আইম্যাক, আইপড, আইফোন ও আইপ্যাডের নকশাকার এবং অ্যাপলের দীর্ঘদিনের নির্বাহী জনি আইভের প্রতিষ্ঠিত ডিজাইন স্টার্টআপ ‘আইও প্রোডাক্টস’-এর বিরুদ্ধেও মামলা করেছে অ্যাপল।

গেল বছর ৬৫০ কোটি ডলার চুক্তিতে জনি আইভের স্টার্টআপটি কিনেছে ওপেনএআই।

পুরনো খবর:

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় অ্যাপল