২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ

রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 08:39 PM

Updated : 29 Nov 2026, 08:48 PM

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথিত ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় এবং বর্তমান পরিস্থিতি সামাল দিতে না পেরে দলটি এখন জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার বিকালে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে।

জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে অভিযোগ করে তিনি বলেন, “এর ফলে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা কমেছে।”

আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতির সুযোগ পাবে না। এ সময় দেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নির্মূল ও দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান তিনি।

গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন কোনো চুক্তি হবে কি না, তা এখনো অনিশ্চিত। ভারত এ অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে, আর সেই ষড়যন্ত্রে যুক্ত হচ্ছে এ দেশের পতিত আওয়ামী লীগ শক্তিও। তাই এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করা এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।

সমাবেশে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম দেশের কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীর সমালোচনা করে বলেন, “কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চাইনিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এসব গণমাধ্যমকে চিহ্নিত করে তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।”

স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে ‘তথাকথিত’ জ্যেষ্ঠ সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি পরিচয়ে যারা ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করার হুঁশিয়ারি দেন সারজিস আলম।

এর আগে নগরীর আলুপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা।