০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

‘কোনো ডিসেম্বরেই আপার দেশে ফেরার সুযোগ নেই’

নাহিদ ইসলাম বলেন, ‘একাত্তরে বিজয় লাভ করেছি, চব্বিশেও বিজয় লাভ করেছি, ছাব্বিশেও বিজয় লাভ করব ইনশা আল্লাহ।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 09:01 PM

Updated : 07 Nov 2026, 09:01 PM

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড নিয়ে দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

তার এ ঘোষণার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “কোনো ডিসেম্বরেই কোনো আপার এ দেশে আসার আর সুযোগ নেই, আর আসলে ফাঁসির মঞ্চ তার জন্য প্রস্তুত আছে।”

শনিবার বিকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “ডিসেম্বর আমাদের প্রতিরোধের মাস, বিজয়ের মাস। একাত্তরে বিজয় লাভ করেছি, চব্বিশেও বিজয় লাভ করেছি, ছাব্বিশেও বিজয় লাভ করব ইনশা আল্লাহ। আগামীর সব ডিসেম্বরে বাংলাদেশের ছাত্র-জনতা বিজয়ী হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি। বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি, তা শিক্ষার্থীদের প্রমাণ করতে হবে।

জুলাই অভ্যুত্থানে শহীদদের বিচারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দুই বছরেও ওসমান হাদিসহ জুলাইয়ের শহীদদের বিচার হয়নি। মানুষ ন্যায়বিচার না পেলে নিজেরাই প্রতিরোধ শুরু করে।

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।