১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান্ডারার্সের গ্যালারিতে ‘উই ওয়ান্ট ইবাদত’ স্লোগান আর বাভুমার গান

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণবন্ত একদল তরুণের সঙ্গে খেলা দেখার বিচিত্র অভিজ্ঞতার গল্প।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:00 AM

Updated : 17 Nov 2026, 08:17 AM

“ইবাদত… ইবাদত… ইবাদত…”, গ্যালারিতে এক দল দর্শক সুর ধরে গাইছিল। সেই গান একটু পরে রূপ নিল স্লোগানে, “উই ওয়ান্ট ইবাদত… উই ওয়ান্ট ইবাদত… উই ওয়ান্ট ইবাদত…।” সংখ্যায় তারা স্রেফ ১২-১৫ জন। কিন্তু তারাই মাতিয়ে রেখেছিলেন গোটা ওয়ান্ডারার্সে। তাদের চিৎকার ছড়িয়ে পড়ছিল চারপশে। প্রেস বক্স থেকেও শোনা যাচ্ছিল সেই গগণবিদারী আওয়াজ। তাতে বিস্ময় জাগছিল অনেকের। ইবাদত হোসেন এমন কী করলেন যে তাকে বোলিংয়ে চাইছেন ওই দর্শকেরা!

কৌতূহল মেটাতে যেতেই হলো গ্যালারির ওই অংশে। ওই দর্শকদের মধ্যে দুজন তখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তাদেরকেই আগে জিজ্ঞেস করলাম, “আপনারা ইবাদতের নাম ধরে কেন গলা ফাটাচ্ছেন…? ইবাদতকে বোলিংয়ে চাচ্ছেন কেন?”

প্রশ্ন শুনে তাদের ঝটপট উত্তর, “কেন, ইবাদত কি বোলার নয়?”

কথায় যুক্তি আছে বটে। ইবাদত তো বোলারই এবং তাকে বোলিংয়ে চাইতেই পারেন দর্শকেরা। কিন্তু এতটা লম্বা সময় ধরে তাকে নিয়ে গান ও স্লোগান ধরার নিশ্চয়ই কোনো কারণ আছে!

এবার তারা হেসেই কুটিকুটি! হাসি রেশ নিয়েই একজন বললেন, “উই লাভ ইবাদত…।”

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনের খেলা চলছিল তখন। ইবাদত ৭ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য। একদমই সাদামাটা ছিল তার বোলিং, ব্যাটসম্যানদের তেমন কোনো বিপাকেই ফেলতে পারেননি। মাত্র চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলার পরও ইবাদতকে খুব একটা বোলিং করানোর ভরসা পাননি অধিনায়ক।

ইবাদত বোলিংয়ে এলে প্রোটিয়া ব্যাটসম্যানরা প্রচুর সহজ রান করতে পারবেন, এটিই কি তাকে বোলিংয়ে চাওয়ার কারণ?

প্রশ্নটি ওই দুই দর্শককে জিজ্ঞেস করতেই তারা অন্যদের দেখিয়ে দিলেন, “ওদের কাছে যাও, ওরা বলে দেবে। আমরা বেরিয়ে যাচ্ছি।” যাওয়ার আগে তারা বন্ধুদেরকেও জানিয়ে গেলেন, “এই লোক জানতে চায়, আমরা কেন ইবাদতকে বোলিংয়ে চাই। জানিয়ে দাও তাকে…।”

সেখানে থাকা সবাই একসঙ্গে হইহই করে উঠলেন। তাদের মধ্যে একজন চিৎকার করে বললেন, “ইবাদতকে চাই, কারণ সে দুনিয়ার সেরা বোলার…!”

তাদের সেই মজার সঙ্গে তাল মিলিয়েই বলতে বাধ্য হলাম, “ইবাদত আজকে যেরকম বোলিং করেছেন, তাতে তো তাকে বড়জোর বলা যায় দুনিয়ার সেরা বোলিং মেশিন…! তার বোলিংয়ে কিছুই ছিল না আজ, একদম সোজা বল…!” এই কথা শুনে তারা হাসতে হাসতে একজন আরেকজনের ওপর গড়াগড়ি খেলেন প্রায়।

রহস্যটা বের করার জন্য তাদের পাশে বসতেই হলো। বোলিং হচ্ছিল তখন উল্টো প্রান্ত থেকে। গ্যালারির ওই দর্শকদের প্রান্তটি তখন থার্ডম্যানের পেছনে। ইবাদত ফিল্ডিং করছিলেন ফাইন লেগ সীমানায়। চিৎকার করে তাকে ডেকে একেকজন একেক আব্দার করছিলেন, “ইবাদত বোলিংয়ে আসো…,” “ইবাদত হাত নাড়ো এদিকে…”, “ইবাদত, আমাদের সামনে ফিল্ডিংয়ে দাঁড়াও…”, এরকম আরও অনেক কথা, কিছু নিখাদ মজার, কিছু প্রাপ্তবয়স্কদের জন্য!

‘স্টাম্প ভাঙার ভয়ে মনে হয় ইবাদতকে বোলিংয়ে আনা হচ্ছে না…’, বললেন একজন। আরেকজন বললেন, ‘কিপার বল ধরতে পারবে না বলে বোলিংয়ে আনা হচ্ছে না…।”

ইবাদতের পেছনে তাদের এমন লেগে থাকার কারণ তখনও পরিষ্কার হচ্ছিল না। জুবেইর হামজাকে বোলিংয়ের সময় একবার নিজের বলে ফিল্ডিং করে ব্যাটসম্যানের প্রান্তের স্টাম্পে বল ছুড়ে মেরেছিলেন বাংলাদেশের এই পেসার। হামজার গায়ে বল লাগেনি একটুর জন্য। আম্পায়ার এগিয়ে এসে কথা বলেছিলেন ইবাদতের সঙ্গে, হয়তো সতর্ক করে দিয়েছিলেন।

এটিই কি কারণ? তাদেরকে জিজ্ঞেস করা মাত্র আবার সবাই হইহই করে উঠলেন। স্পষ্ট হলো না, এটিই কারণ কি না। তবে তাদের হাসিতে আভাস মিলল, এটি একটি কারণ হতে পারে বটে!

তাদের সঙ্গে আরও কথা বলে জানা গেল, তাদের একদম সামনে ফিল্ডিং করার সময় ইবাদত তাদের ডাকে সাড়া দিয়েছেন, হাত নেড়েছেন, হাসিমুখে কিছু বলেছেনও, যা তারা পরিষ্কার করে শুনতে পাননি।

হুট করে একজন বললেন, “তুমি কি ইবাদতের সঙ্গে আমাদের ছবি তোলার ব্যবস্থা করে দিতে পারবে?” বললাম, “হ্যাঁ, খুবই সম্ভব।” আবার তারা একসঙ্গে চিৎকার করে উঠলেন, যেন বিরাট বড় কিছু পেয়ে গেছেন!

একজন আবার বললেণ, “তুমি কি ইবাদতের একটা ব্যাট এনে দিতে পারবে আমাকে?” তাদের কৌতূকের সঙ্গে তাল মেলাতেই হলো, “ইবাদত তো বোলার, তার সম্ভবত ব্যাট-ট্যাট নেই, অন্যদের কাছ থেকে ব্যাট ধার নিয়ে ব্যাটিংয়ে নামেন!” কিন্তু ওই দর্শক নাছোড়বান্দা, “প্লিজ, ভাঙাচোরা ব্যাট হলেও চলবে… আমি ঠিক করে নেব!”

ইবাদত তো তার নাম ধরে চিৎকার শুনতে পারছেন, কিন্তু তাকে নিয়ে ওই গ্যালারিতে কী হয়ে যাচ্ছে, কোনো ধারণাও তার নেই!

একটু পর তাদের উল্লাসের স্রোতে সুনামি বয়ে এলো যেন। কারণ, ইবাদত ফিল্ডিংয়ে এসেছেন তাদের ঠিক সামনেই! সুর ধরে আবার শুরু হলো, “ইবাদত…ইবাদত…ইবাদত…।” ইবাদত একটু পেছন ফিরে তাকিয়ে হাসিমুখে হাত নাড়লেন। এতে তারা সবাই যেন খুশিতে উন্মত্ত হয়ে উঠলেন!

একটু পর ইবাদতের পাশ দিয়ে বাউন্ডারি হলো একটি। ছুটে গিয়েও বলের নাগাল পেলেন না তিনি। এটা দেখে একজন বলে উঠলেন, “ইবাদত আসলে এত গতিময় যে বলের আগে ছুটে চলে গেছেন, বল আস্তে আস্তে গিয়ে চার হয়ে গেছে…!”

বোলিং মার্কে দাঁড়িয়ে থাকা তাসকিন আহমেদকে বল দিতে গিয়ে তার ওপর দিয়ে বল থ্রো করে ফেললেন ইবাদত। তাসকিন তাতে একটু বিরক্তি নিয়ে তাকালেন। সেটা দেখে ওই দর্শকরা যেন হারে রে রে করে উঠলেন, “খবরদার তাসকিন, ডোন্ট ডেয়ার তো স্টেয়ার… আমাদের ইবাদত যা করবে, সবই ঠিক…!”

এক পর্যায়ে মনে হলো, রহস্য ভেদ করার চেষ্টার চেয়ে উপভোগ করাই শ্রেয়। কারণ যেটাই হোক, আজকে তাদের উৎসবের উপলক্ষ ইবাদত। ব্যস, চলতে থাকুক!

ততক্ষণে মার্কেস অ্যাকারম্যান ও জুবেইর হামজা আউট হয়ে গেছেন। টেম্বা বাভুমা ও ম্যাথু ব্রিটস্কি ব্যাট করছেন। বাভুমা ক্রিজে আসায় ইবাদত একটু নিস্তার পেলেন। ওই দর্শকেরা মেতে উঠলে তখন তাদের অধিনায়ককে নিয়ে। বিখ্যাত ইতালিয়ান লোকসঙ্গীত ‘বেলা চাও’-এর সুর ধরে ‘টেম্বা বাভুমা সং’ তো বেশ অনেক দিন ধরেই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে, পরিচিত হয়ে উঠেছে গোটা ক্রিকেট বিশ্বেই। সেই বাভুমা সঙ্গীতে এবার তারা গলা ফাটাতে থাকলেন…

“His name is Temba, he come from Langa

He came to score, came to score, came to score, score, score

Temba Bavuma, he com from Langa

To play for Protea…”

তাদের গান শুনেই হয়তো ওভার শেষে স্টেডিয়ামের ডিজে ‘বেলা চাও’ ছেড়ে দিলেন। সেই গানের সঙ্গে মিলিয়ে ‘বাভুমা সং’ চলতে থাকল, গ্যালারির ওই অংশ থেকে তারা ছড়িয়ে পড়ল আশেপাশের গ্যালারিতেও।

মজার ব্যাপার হলো, ব্রিটস্কিকে নিয়েও তাদের গান আছে! ব্রিটস্কি স্ট্রাইকে আসতেই সেই গান তারা গাইতে থাকলেন একত্রে। খুব পরিচিত নয়, তবে সেই গানটিও দারুণ।

ব্রিটস্কির গান অবশ্য বেশিক্ষণ গাওয়া হলো না তাদের। আউট হয়ে গেলেন তিনি ২ রান করেই। ওয়ানডেতে যে ব্যাটসম্যানদের শুরুটা হয়েছে স্বপ্নকে ছাড়ানো, অভিষেকে ১৫০ রানের ইতিহাস গড়ে পরের চার ইনিংসে করেছেন ৮৩, ৫৭, ৮৮ ও ৮৫, এখন ১৭ ওয়ানডেতে যার সেঞ্চুরি ২টি, ফিফটি ৬টি, ব্যাটিং গড় ৫৮.৭৩, সেই ব্যাটসম্যানের টেস্টে শুরুটা হয়েছে বিভীষিকার মতো। ৫ টেস্টে তার রান এখন মোট ৬৫, গড় ৯.২৮।

তবে গানের পালা শেষ নয় সেখানেই। রায়ান রিকেলটন ক্রিজে যাওয়ার পর তারা গাইতে থাকলেণ ‘লাভ ইউ রায়ান’ গান।

বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, “সব ব্যাটসম্যানের জন্যই তোমাদের গান আছে নাকি…!” তাদের উল্লাসভরা উত্তর, “আমাদেরকে কি বার্মি আর্মির মতো বোরিং মনে করেছো? সবাইকে নিয়েই কিছু না কিছু আছে আমাদের…।”

তাদের মধ্যেই একজন বললেন, “… কিন্তু ইবাদতকে নিয়ে আমাদের গান নেই! ওকে বোলিংয়ে আনতে বলো, গান বানিয়ে ফেলব…।”

কিন্তু তাদেরকে হতাশ করে এক পর্যায়ে বেলস ফেলে দিলেন আম্পায়ার। দিনের খেলার সমাপ্তি! তাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় একজন বললেন, “ব্রো, ইবাদতকে বলে দিও, উই লাভ দা লেজেন্ড…!”