১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

এই পাকিস্তান ভারত কোচের চোখে ‘ভিন্ন দল’

পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে গ্রুপ পর্বে তাদের বিপক্ষে জেতা ম্যাচের প্রসঙ্গও টানছেন ভারত কোচ।

এই পাকিস্তান ভারত কোচের চোখে ‘ভিন্ন দল’

ফাইনালের আগের দিন ফটোসেশনে অধিনায়কের সঙ্গে ভারত কোচ নওশাদ মুসা। ছবি: মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 06:19 PM

Updated : 16 Nov 2026, 06:19 PM

দ্বিতীয় সারির দল-এই প্রসঙ্গ উঠতেই ভারত কোচ নওশাদ মুসা একটু উষ্মা জানালেন। যুব দলের খেলোয়াড়দের আধিক্য থাকলেও, সব বাধা পেরিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আসা নিজের দলকে ‘বি টিম’ বলতে আপত্তি তার। ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তানকেও তিনি গ্রুপ পর্বের সেই ম্যাচের দৃষ্টিতে দেখছেন না। প্রবাসীরা যোগ হওয়ায় পাকিস্তান এখন মুসার চোখে ভিন্ন এক দল।

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মঙ্গলবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাফে ভারত রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। আর এই প্রথম ফাইনালে উঠেছে পাকিস্তান।

ফলে সাফ চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম শিরোপা লড়াইয়ে মুখোমুখি তারা।

গ্রুপ পর্বের দেখায় পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল ভারত। তবে, ওই ম্যাচকে ফাইনালের সঙ্গে মেলাতে চান না মুসা।

“দেখুন, প্রতিটি ম্যাচ থেকেই শেখার কিছু থাকে। পাকিস্তানের যে দলটির মুখোমুখি হয়েছিলাম (গ্রুপ পর্বে), বাংলাদেশের বিপক্ষে তাদের যে দলটি খেলেছে, সেটি কিন্তু এক ছিল না। আমাদের জয়ের পরও আমাকে এই প্রশ্ন করা হয়েছিল। তখন আমি বলেছিলাম, পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে এখানে আসেনি। তাদের কয়েকজন খেলোয়াড় তখন দলে ছিল না। আমি এটাও বলেছিলাম, ওই খেলোয়াড়েরা ফিরে এলে পাকিস্তান সম্পূর্ণ ভিন্ন দল হয়ে উঠবে।

“অবশ্যই আমরা তাদের বিশ্লেষণ করেছি। তারা কীভাবে খেলে, তাদের খেলার ধরন কেমন, কী কী কৌশল অনুসরণ করে-সবকিছুই দেখেছি। তাই আগামীকাল একটি আকর্ষণীয় ম্যাচ দেখতে পাবেন।”

বাংলাদেশের বিপক্ষে সেমি-ফাইনালের আগে পাকিস্তান দলে যোগ হয় পাঁচ প্রবাসী খেলোয়াড়। তাদেরই একজন আব্দুল সামাদ শেহজাদের একমাত্র গোলে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে ফাইনালে ওঠে পাকিস্তান। প্রতিপক্ষ দলের প্রবাসীদের নিয়ে সতর্ক থাকলেও, নিজের দলের ওপর আস্থা অটুট ভারত কোচের। বললেন, ফাইনালে ভিন্ন পরিকল্পনা নিয়ে নামার কথাও।

“আমার মনে হয়, আমার দলের খেলোয়াড়েরা বেশি দ্রুতগতির। এটিই আমার দলের জন্য সুবিধা হয়ে উঠবে। বরং এ বিষয়টি নিয়ে তাদেরই (পাকিস্তানের) চিন্তা করা উচিত।

“অবশ্যই আমাদের খেলার ধরনে পরিবর্তন আসবে। প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছিলাম, এবার সেভাবে খেলব না। কারণ, তাদের খেলার ধরন এবং বর্তমানে দলে থাকা খেলোয়াড়দের বিবেচনায় নিয়ে আমাদের নতুনভাবে ভাবতে হবে। প্রতিপক্ষকে দেখার দৃষ্টিভঙ্গিও কিছুটা আলাদা হবে। তাই আগামীকাল আমরা ভিন্ন পরিকল্পনা নিয়েই মাঠে নামব।”