২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারো বেঞ্চে থাকতে ভালো না লাগলে সেটা তার সমস্যা, আমার নয়’

রেয়াল মাদ্রিদ কোচের পরিষ্কার বার্তা, সবচেয়ে বড় তারকাকেও দলের বৃহত্তর স্বার্থে নিজের ভূমিকা মেনে নিতে হবে।

‘কারো বেঞ্চে থাকতে ভালো না লাগলে সেটা তার সমস্যা, আমার নয়’

জুজে মরিনিয়ো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 06:57 PM

Updated : 27 Nov 2026, 06:57 PM

খেলোয়াড় অদলবদল নিয়ে দলের ভেতর কোনো অসন্তোষ থাকলেও, তাতে গুরুত্ব দিতে চান না জুজে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ কোচের পরিষ্কার বার্তা, সবচেয়ে বড় তারকাকেও দলের বৃহত্তর স্বার্থে নিজের ভূমিকা মেনে নিতে হবে।

লা লিগায় শনিবার দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে দলের নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের শুরুর একাদশে জায়গা পাওয়ার নিশ্চয়তা থাকার ধারণা উড়িয়ে দেন মরিনিয়ো।

পর্তুগিজ এই কোচ বারবার প্রশ্নের সম্মুখীন হন যে, নিয়মিত একাদশে নিজের জায়গা ফিরে পাওয়ার মতো যথেষ্ট ভালো পারফরম্যান্স ভিনিসিউস জুনিয়র দেখাতে পেরেছেন কি না। কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামের সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের তুলনা সম্পর্কে জানতে চাওয়া হলে কোচ সরাসরি জানিয়ে দেন, ওই দুজনের নিয়মিত খেলার কারণ কেবল তাদের দারুণ পারফরম্যান্স।

“এমবাপে, বেলিংহ্যাম ও ভিনিসিউস, সবাই একই পর্যায়ের খেলোয়াড়। কোনোদিন যদি তাদের বেঞ্চে বসতে হয় এবং তাদের তা ভালো না লাগে, তাহলে সেটি তাদের সমস্যা, আমার নয়। দলের সম্মিলিত লক্ষ্য থাকে, যা ব্যক্তিগত লক্ষ্যের চেয়েও গুরুত্বপূর্ণ; আর তারা নিজেরাও সেটি বোঝে। বাকি সবকিছু গৌণ।

“এমবাপে বা জুডের খেলার সময়ের দিকে তাকালে দেখবেন, তারা অনেক বেশি সময় খেলেছে। আমি প্রশ্নটি বুঝতে পারছি, তবে তাদের এত বেশি সময় খেলাটা কোনো বিশেষ মর্যাদার বিষয় নয়; বরং এটি তাদের অতুলনীয় পারফরম্যান্সের ফল। এটাই পার্থক্য গড়ে দেয়।”

উল্লেখ্য যে, লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে গত রাউন্ডে সেল্তা ভিগোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিউস।

“জুডকে ছাড়া খেলার সময় আমরা তার অভাব অনুভব করেছি, এমবাপেকে ছাড়া খেলার সময়ও আমরা তা অনুভব করব। আমাদের দলে (তিবো) কোর্তোয়া আছে, যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো প্রভাব রাখে, এ কারণেই অসুস্থতা ছাড়া প্রতিটি ম্যাচ সে খেলে। আবার কোর্তোয়ার জায়গায় যে খেলেছে, সেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে…এমন কোনো খেলোয়াড় নেই যাকে আমি পছন্দ করি না বা দলে চাই না।”