আইপিএলের ৫৯ কোটি রুপি এবং পরিবারকে ভালোবেসে ক্রিকেটের ভালোবাসা শেষের গল্প
আইপিএলের নিলামে বারবার ঝড় তোলা ও রেকর্ড মূল্যের পর মাত্র ৩৪ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে বিদায়, দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস তার ক্যারিয়ারের নাটকীয় অধ্যায়গুলো তুলে ধরলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে।
১০ মিনিট সময় চাইতেই ক্রিস মরিস বললেন, “১০ মিনিট তো অনেক সময়!” পরক্ষণেই যোগ করলেন, “ঠিক আছে, ১০ মিনিট মানে যেন ১০ মিনিটই হয়…।” সাক্ষাৎকারটি তাই শেষ পর্যন্ত ১০ মিনিটের মধ্যেই রাখতে হলো। এরপর মধ্যে বেশির ভাগটাই জুড়ে থাকল আইপিএল। তবে আইপিএলের পারফরম্যান্স নয়, পারিশ্রমিক। তার মূল পরিচয় তো এটিই, আইপিএলে বারবার চোখধাঁধানো পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার!
মূলত ছিলেন পেসার, গতি অনেক সময় ছাড়িয়ে যেত ১৪০ কিলোমিটার। ডেথ ওভারে কার্যকারিতা ও ইয়র্কারের জন্যও সুনাম অর্জন করতে পেরেছিলেন। আর ছিল ব্যাট হাতে শেষ দিকে ঝড় তোলার সামর্থ্য। এরকম একজন পেস বোলিং অলরাউন্ডার অনেক আইপিএল দলগুলির কাছেই ছিল পরম কাঙ্ক্ষিত। নিলামের টেবিলে তাই তার নামটি সুনামি বইয়ে দিয়েছে বারবার।
মজার ব্যাপার হলো, আইপিএলে কিছু মৌসুমে মোটামুটি ভালো করলেও অসাধারণ কোনো মৌসুম তার কাটেনি। কিন্তু তার ধরন ও স্কিলসেট মিলিয়ে এমন আকর্ষণীয় এক প্যাকেজ ছিলেন তিনি, বারবার তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ত নিলামে।
নিলামে প্রথম নাম দিয়েছিলেন তিনি ২০১৩ আসরের জন্য। ২০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্য থেকে সেবার দল পেয়েছিলেন ৬ লাখ ২৫ হাজার ডলারে। তখনকার হিসেবে রুপিতে যা ৩ কোটি ৩২ লাখের মতো। পরের আসরে তা নেমে আসে ১ কোটি ৪০ লাখ রুপিতে। পরের দুই আসরে বেড়ে দাঁড়ায় ৭ কোটি করে, এরপর টানা দুই আসরে ৭ কোটি ১০ লাখ করে। এরপর তা পৌঁছে যায় ১০ কোটি রুপিতে। পরেরবার নিজেকে ছাড়িয়ে সবাইকে ছাড়িয়ে রেকর্ডই হয়ে যায় ১৬ কোটি ২৫ কোটি রুপিতে। সব মিলিয়ে আইপিএলে আট আসর থেকে মরিসের আয় ৫৯ কোটি ১৭ লাখ রুপি!
খেলেছেন তিনি অন্যান্য লিগেও। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ৪ টেস্ট, ৪২ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি। লোকে সেসব মনে রেখেছে সামান্যই। আইপিএলের কোটিপতি হিসেবেই তিনি পরিচিত হয়ে আছেন। ৩৪ বছর বয়সে হুট করেই ছেড়ে দিয়েছেন সব ধরনের ক্রিকেট। এখন স্রেফ মাঝেমধ্যে ধারাভাষ্য দিয়েই ক্রিকেটের সঙ্গে তার সম্পৃক্ততা। দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের জোহানেসবার্গ টেস্টেও ধারাভাষ্য দিচ্ছেন। এর ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার শোনালেন তার আইপিএলের অর্থের জোয়ার নানা দিকের গল্প, এত দ্রুত অবসর নেওয়ার কারণ এবং আরও নানা কিছু।
অনেক প্রশ্নই করার আছে আপনাকে। তবে সবকিছুর আগে সবচেয়ে বেশি কৌতূহল, আইপিএলের এত এত টাকা দিয়ে আসলে করেছেন কী!
ক্রিস মরিস: আমি শুধু আমার ভবিষ্যতের কথা ভেবে টাকাটা জমিয়ে রেখেছি। বিনিয়োগ করেছি। ব্যস, এতটাই সহজ (হাসি)...! শুধু আমার আর পরিবারের ভবিষ্যতের কথা ভেবেছি।
আইপিএলে আপনার এই পাগলাটে অর্থ পাওয়ার শুরুটা হয়েছিল ২০১৩ সালে। ভিত্তিমূল্য ছিল ২০ হাজার ডলার, আপনাকে পেতে চেন্নাই সুপার কিংসের খরচ হয়েছিল ৩১ গুণ বেশি! সেই দলে আপনার অধিনায়ক আজকে (মঙ্গলবার) আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন। খবরটা পেয়েছেন?
মরিস: হ্যাঁ, মাত্রই দেখলাম। অনেক বড় খবর।
মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে যারা খেলেছেন বা তার নেতৃত্বে যারা খেলেছেন, সবারই বলার মতো অনে অভিজ্ঞতা আছে। আপনার অভিজ্ঞতা কেমন?
মরিস: অবশ্যই দারুণ।
আমি নিশ্চিত যে, অনেকেই আপনাকে বলবে. তিনি খুব শান্ত স্বভাবের একজন মানুষ, খুব বেশি কথা বলেন না, কিন্তু মাঠের খেলায় সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন। তবে সাধারণভাবে বললে, তিনি একজন অসাধারণ মানুষ। খুবই ধীরস্থির। কোনো অহংকার বা অন্য কিছুই দেখিনি। অবিশ্বাস্য এক মানুষ এবং দুর্দান্ত এক ক্রিকেটার। যেমনটা বললাম, এতটা ধীরস্থির স্বভাবের ক্রিকেটার বিরল।
সেই আইপিএলে তার সঙ্গে কোনো বিশেষ স্মৃতি আছে?
মরিস: অনেক স্মৃতিই তো আছে! তবে শেষের আক্ষেপটাই মনে পড়ে। আমরা ফাইনাল খেলেছিলাম। তাকে (ধোনি) ট্রফিটা উঁচিয়ে ধরতে দেখলে খুব ভালো লাগত। ফাইনালেও সে দারুণ ইনিংস খেলেছিল। কিন্তু মুম্বাইকে অল্প রানে (১৪৮) আটকে রেখেও আমরা জিততে পারিনি।
তবে হ্যাঁ, ওই ক্রিকেটারদের অনেকের সঙ্গে ড্রেসিংরুমে থাকা এবং পারফরম্যান্সের মাধ্যমে সামনে থেকে নেতৃত্ব দেওয়া তার মতো একজন অধিনায়কের নেতৃত্বে থাকাটা খুবই দারুণ ছিল। আমি যখন তার সঙ্গে আইপিএলে ছিলাম, তখন খুবই তরুণ ছিলাম। তার সঙ্গে খেলাটা যেমন রোমাঞ্চকর ছিল, তেমনি চ্যালেঞ্জিংও ছিল। চ্যালেঞ্জিং কারণ, আমাদের তো জানা ছিল তার সামর্থ্য কেমন। তার সঙ্গে তাল মেলানোর ব্যাপারও ছিল!
তবে স্মৃতি হিসেবে তার সঙ্গে ড্রেসিং রুমে প্রতিদিন সময় কাটানো, অনুশীলন করা ও একজন তরুণ ক্রিকেটার হিসেবে শেখাটা দারুণ ছিল।
আপনার আইপিএল পারিশ্রমিকের প্রসঙ্গে ফিরতেই হবে। আইপিএল নিলাম মানেই আপনাকে নিয়ে টানাটানি, নিলামে ঝড় ওঠা এবং চোখধাঁধানো অঙ্কে আপনার দল পাওয়া। প্রশ্নটি নিশ্চয়ই আপনি আগেও অসংখ্যবার শুনেছেন, এত বড় ‘প্রাইস ট্যাগ’ নিয়ে খেলতে কেমন লাগে?
মরিস: আহ… (হেসে) আমার জন্য ব্যাপারটা খুব সহজ ছিল। কত আয় করছি, নিলামে কত পেয়েছি, এটা আমার মাথায় ঢুকতে দেইনি। আয় কম হোক বা বেমি, মাঠে নেমে তো ভালো খেলতেই হবে। সবার সঙ্গেই লড়তে হবে, সেখানে মূল্যটা মুখ্য নয়, ক্রিকেটীয় স্কিলই আসল।
বাউন্ডারির সীমানা পার হয়ে মাঠে পা রাখলে, কে কত আয় করছে, এটার পরোয়া কেউ করে না। কে কত আয় করছে, তা কেউ জানে না বা কেউ পরোয়া করে না। কে কত উপার্জন করছে বা কাকে কত দাম দিয়ে কিনেছে, তাতে কিছু যায়-আসে না। মাঠে ভালো খেলতেই হয় এবং সেটা ২২ গজে মুখোমুখি লড়াই। এখানে টাকা-পয়সার কোনো ব্যাপার নেই, বুঝলেন তো? আমার জন্য ব্যাপারটা এরকমই স্বাভাবিক ছিল।
হ্যাঁ, চাপ যে কিছু ছিল না, সেটা বলব না। তবে সেই চাপ ছিল মূলত মাঠের বাইরেই। কিন্তু মাঠে ভালো খেলতেই হবে, কাকে কত টাকা দেওয়া হচ্ছে, তা সেখানে কোনো ব্যাপার না। টাকার ব্যাপারটি তাই আমি মনের কোণে ফেলে রেখেই মাঠে নামতাম।
মাঠের বাইরের চাপের কথা বললেন। সেগুলো কেমন ছিল?
মরিস: আসলে মিডিয়ার প্রবল কৌতূহল, সেসব সামলানো, বিজ্ঞাপনের চাহিদা এবং এই ধরনের আরও অনেক দায়বদ্ধতা ছিল। লোকে তো আসলে এসব নিয়েই বেশি ভাবে, প্রশ্ন করে এবং এই ধরনের আরও অনেক কিছু ছিল। সেটা অবশ্যই আমার প্রাইস ট্যাগের কারণেই এসেছিল।
কিন্তু আমার কাছে ব্যাপারটা কখনোই অর্থ নিয়ে ছিল না, ছিল শুধুই ক্রিকেট নিয়ে। সত্যি বলতে, ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ আমাদের ছিল না, একজন ক্রিকেটার হিসেবে আমাকে যে দামে নেওয়া হচ্ছে, তা আমার হাতে ছিল না। আমি চেয়েছি স্রেফ ক্রিকেটই খেলতে। এজন্যই আমার জন্য এটার সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল।
প্রথমবার আইপিএলে দল পাওয়ার পর বলেছিলেন, “এত টাকা জীবনেও দেখিনি।” এরপর পর তো সেই টাকার চেয়েও বহু বহু গুণে টাকা পেয়েছেন। ততদিনে কি ব্যাপারটা সয়ে গিয়েছিল?
মরিস: প্রথমবার ছিল খুবই অপ্রত্যাশিত। নিলামে নাম দেওয়ার সময় দল পাওয়ার আশাই ছিল না। কিন্তু ১০-১৫ মিনিটের মধ্যে ভাগ্য বদলে গিয়েছিল। এমন অর্থ পেয়েছিলাম, যা কল্পনার সীমায় ছিল না। বয়স কম ছিল, এজন্য তখন বাড়তি উত্তেজনা ছিল। কিন্তু পরে, যেটা বললাম, অর্থের পরিমাণ আমাকে ভাবনায়নি, পারফরম্যান্স নিয়েই ভেবেছি।
দুঃখিত যে, এই একই প্রসঙ্গে অনেক প্রশ্ন আপনাকে করছি, কারণ লোকের অনেক কৌতূহল এই ব্যাপারগুলোয়। যখনই আইপিএলে নিলাম হতো, আপনি খবরের শিরোনামে উঠে আসতেন, বিশাল মূল্যে দল পেতেন। বারবার হয়েছে এটি। তখন আপনার মনের ভেতর কী চলত? তাৎক্ষণিক কোনো চাপ আসত নাকি এই তৃপ্তি ছিল যে, আপনি কার্যকর ক্রিকেটার বলেই দলগুলি আপনাকে পেতে উঠেপড়ে লাগত?
মরিস: বেশি পারিশ্রমিকের চাপ বলতে, তখন ভালো খেলার একটা প্রত্যাশা সবারই থাকত। কিন্তু আবার, যখন মাঠে নামার আসল সময় আসত, তখন দাম কোনো ব্যাপারই ছিল না, ভালো খেলতেই হতো।
তবে এটা স্বীকার করতেই হবে, অবিশ্বাস্য এক অনুভূতি ছিল এটি। প্রাইস ট্যাগ বাড়তে থাকা মানে অনেক দল আমাকে পেতে চাই এবং সেই অনুভূতি ছিল কৃতজ্ঞতার ও তৃপ্তির। আমার দিক থেকে বললে, প্রতিবার আইপিএলে যাওয়াটাই ছিল বিশেষ কিছু, কারণ এটা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। গোটা দুনিয়া এর অংশ হতে চাইত এবং চায়। বর্তমান, সাবেক সব ধরনের ক্রিকেটার এখানে পা রাখতে চায়।
আমার কথা যদি বলি, আইপিএল নিলামে বেশি দামে বিক্রি হই বা কম দামে, সেখানে স্রেফ থাকতে পেরেই খুশি ছিলাম।
আপনাকে নিয়ে নিলামের লড়াইয়ের কোনোটি কি টিভিতে সরাসরি দেখেছেন?
মরিস: একটি দেখেছিলাম। আমি আর সাইমন হার্মার, একসঙ্গে দেখেছিলাম, তখন সফরে ছিলাম। পুরো ব্যাপারটা ঘটতে দেখেছি এবং হ্যাঁ, দারুণ অভিজ্ঞতা ছিল। কারণ, আমি জানি না কী হতে চলেছে, আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু রোমাঞ্চ আছে!
এমনিতে যখন কেউ বিদেশের কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, তখন সাধারণত একটা প্রস্তাব দেওয়া হয় এবং সেটা কেউ গ্রহণ করুক বা না করুক, জানা থাকে এরপর কী হতে চলেছে বা টাকার অঙ্ক কেমন। কিন্তু যখন নিলামের ব্যাপার আসে, তখন এটা একটা রোলারকোস্টারের মতো, বা এটা ভাগ্যের খেলা, এবং এক ধরনের রোমাঞ্চ চলে যে, কী হতে চলেছে। সেবার পুরো ব্যাপারটা ঘটতে দেখাটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল।
কোন নিলাম ছিল সেটি?
মরিস: ২০২১ আইপিএলের নিলাম।
যেবার আপনি ১৬ কোটি ২৫ লাখ রূপিতে দল পেয়ে রেকর্ড চুরমার করে দিলেন…
মরিস: (হাসি)…
অথচ পরের আইপিএলের আগেই আপনি সব ধরনের ক্রিকেট ছেড়ে দিলেন। ৩৪ বছর বয়সে ক্রিকেট ছেড়ে দেওয়াটা বিস্ময়করই এই সময়ে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনার যত চাহিদা ছিল, হয়তো এখনও খেলে যেতে পারতেন। অবসর নেওয়ার সময় আপনি সুনির্দিষ্ট করে কোনো কারণ জানাননি, যতদূর মনে পড়ে। কেন এত কম বয়সে সব ধরনের ক্রিকেট ছেড়ে দিলেন?
মরিস: আমার পরিবার তখন ছিল কাঁচা। স্রেফ বাড়িতে বেশি সময় কাটাতে চেয়েছিলাম। আমার স্ত্রীর গর্ভে তখন আমাদের দ্বিতীয় সন্তান। আমার মন ছুটে গিয়েছিল। শুধু বাড়িতেই থাকতে চেয়েছিলাম। মানসিকভাবে ও শারীরিকভাবে কিছুটা ক্লান্তও ছিলাম।
সত্যিই ক্লান্ত ছিলাম, কারণ সারা বছর ধরেই ক্রিকেট খেলতে গতো। সিদ্ধান্তটি তাই নিজের জন্য এবং আমার পরিবারের জন্য নিয়েছিলাম। মাঠের চেয়ে বাড়িই তখন আমাকে টানছিল।
আমার প্রথম সন্তানের বেড়ে ওঠার সময়টা, বা বলা ভালো ওর অনেকগুলো গুরুত্বপূর্ণ পর্যায় আমি চোখের সামনে দেখতে পারিনি। এজন্য চেয়েছিলাম আমাদের দ্বিতীয় সন্তানের জন্মের সময়টা বাড়িতে কাটাতে এবং ওর বেড়ে ওঠঅ দেখতে। চেয়েছিলাম নিজের ইচ্ছামতো কাজ করার স্বাধীনতা পেতে, আর আমার স্ত্রীর পাশে থেকে ওকে ভরসা জোগাতে।
যদি খেলা চালিয়ে যেতাম, তাহলে বাস্তবতা ছিল এই যে, আমি সফরে থাকতাম, আর বাড়িতে একজন নবজাতক ও চার-পাঁচ বছরের এক বাচ্চার সঙ্গে থাকতে হতো আমার স্ত্রীকে।
নিজের কাছে মনে হয়েছিল, আমি শুধু একজন সাধারণ বাবা হতে চাই। শুধু ওর জন্য টিফিন বক্স গোছাতে চাই, ওকে স্কুলে নিয়ে যেতে এবং বাবা হওয়ার সমস্ত অনুভূতি উপভোগ করতে চাই।
বিশ্বাস করুন, এটা আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর এবটি, কারণ আমার বাচ্চাদের আজকের এই রূপে বেড়ে উঠতে দেখাটা খুবই বিশেষ কিছু। এটার কোনো মূল্য হয় না!
দারুণভাবেই ব্যাখ্যা করলেন। তাহলে এটা বিশ্বাস করাই যায়, আপনার কোনো আক্ষেপ নেই এটা নিয়ে…
মরিস: একদমই না!
বিশ্বাস করুন, খেলাটাকে আমি একদমই মিস করি না। ব্যাটিং-বোলিং মিস করি না। হ্যাঁ, হয়তো স্লিপ ক্যাচিংটা মিস করি। ওটা মিস করি, কারণ আঙুলে যে বলের যে ঝাপটা লাগত, ব্যাট থেকে বলটা দ্রুত বেরিয়ে আসতে দেখা, সেখান থেকে হাতে জমানোর যে রোমাঞ্চ, ওসব মিস করি।
আর মিস করার কথা বললে, নতুন ক্রিকেট সরঞ্জাম পাওয়াটাও মিস করি। এটা আমার বরাবরই ছেলেবেলার মতো ছিল। যখন সরঞ্জামের বাক্সটা আসত, প্রত্যেক ক্রিকেটারই আপনাকে বলবে যে, যখন ক্রিকেট সরঞ্জামের নতুন বাক্স আসে, সেসবের গন্ধ, নতুন ব্যাটের আকার, নতুন স্টিকার, সবকিছু স্পর্শ করা আর গন্ধ নেওয়ার ব্যাপারটি অন্যরকম। কিন্তু আর কিছুই মিস করি না আমি।
দক্ষিণ আফ্রিকার হয়ে আরও বেশি খেলতে না পারায় আফসোস নেই?
মরিস: আমার মনে হয়, প্রত্যেক খেলোয়াড়েরই এই আফসোসটা থাকে। সবাই চায় দেশের হয়ে আরও বেশি খেলতে, আরও বেশি রান করতে এবং আরও বেশি উইকেট নিতে।
আমার জন্য, নিজ দেশের হয়ে খেলতে পারাটাই ছিল বিশেষ প্রাপ্তি। স্বপ্নকে সত্যি করতে পেরেছি আমি। এই খেলাটি খেলে, এমন প্রত্যেকটি ব্যক্তি যা করার স্বপ্ন দেখে, সবই করতে পেরেছি। তাই আমার বড় কোনো আফসোস নেই। দুটো বিশ্বকাপে খেলতে পেরেছি, টেস্ট ক্রিকেট খেলেছি, তিনটি সংস্করণেই দেশের হয়ে মাঠে নেমেছি এবং সেরা কিছু বন্ধুর সঙ্গে বিশ্বের নানা দেশ সফর করেছি, খেলতে গিয়েছি। এই দিক থেকে আমার কোনো আফসোস নেই।
এই সিরিজে বাংলাদেশকে এখনও পর্যন্ত কেমন দেখলেন? (জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন পর্যন্ত)
মরিস: ওরা খুব ভালো খেলেছে। সত্যিই ভালো খেলেছে। (প্রথম দিন প্রথম ঘণ্টায়) প্রথম তিনটি উইকেট পড়ার পর মনে হয়েছিল, “ওহ গড, আশা করি এখানে যেন কোনো ধস না নামে।” এরপর তারা যে লড়াইটা দেখিয়েছে, আমার মনে হয় তা ছিল অবিশ্বাস্য। তাওহিদ হৃদয় এবং লিটন দাস অসাধারণ খেলেছে। নিজেদের সেরাটা দিয়ে খেলেছে।
হৃদয়কে খুবই ভালো ক্রিকেটার বলে মনে হয়েছে। তার টেকনিক খুবই গোছানো এবং সে খুব ভালোভাবে বল ছেড়ে দেয়। তার মধ্যে লড়াই করার একটা মানসিকতাও দেখা যায়, যা আমি সত্যিই উপভোগ করি। সে খুব ভালো খেলেছে। লিটন দাসের তো অভিজ্ঞতা অনেক।
তারা যেভাবে লড়াই করেছে, তা ছিল অবিশ্বাস্য। তাদেরকে অলআউট করতে সত্যিই অনেক খাটতে হয়েছে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণকে। তাই এটা দেখাটা ছিল চমৎকার এবং বাংলাদেশ থেকে কিছু রোমাঞ্চকর ফাস্ট বোলার উঠে আসছে। গোটা ক্রিটে দুনিয়াই সেটা নিয়ে কথা বলছে। সব মিলিয়ে দারুণ ব্যাপার।
পেস আক্রমণের সবচেয়ে বড় অস্ত্রই তো নেই। নাহিদ রানার কথা জানেন?
মরিস: সে চোটের কারণে বাইরে, তাই তো? হ্যাঁ, দেখেছি, চোট কাটিয়ে উঠতে তার প্রচেষ্টা দেখেছি। ফিজিওর সঙ্গে তার একটি ভিডিও দেখেছি। এরকম তরুণ কোনো পেসার যখন আসে, সেটা শুধু তার দেশ নয়, গোটা ক্রিকেট বিশ্বের জন্যই রোমাঞ্চকর ব্যাপার।
আরও ভালো পেসার তো বাংলাদেশের আছে। বাঁহাতি পেসারটির নাম যেন কি?
শরিফুল ইসলাম...
মরিস: হ্যাঁ, স্রেফ বোলার ওকে দারুণ লেগেছে আমার। গা গরমের সময় বোলিং দেখেই ওর প্রতি নজর পড়েছিল। পরে টেস্ট ম্যাচের বিরতিতে ওকে বোলিং করতে দেখেছি এবং খুব ভালো লেগেছে। দারুণ বোলার মনে হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর ব্যাপার।
বাংলাদেশ নিয়ে বিশেষ কোনো স্মৃতি আছে? হয়তো আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের সাথে বা অন্য কোনো—
মরিস: বাংলাদেশকে নিয়ে আমার স্মৃতি... দুর্ভাগ্যবশত, ২০১৯ বিশ্বকাপে যখন ওরা আমাদের হারিয়েছিল। ওরা যেভাবে খেলেছিল এবং সেই ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল, তা দেখাটা হতাশাজনক ছিল। অবশ্যই তাদের জন্য দারুণ ছিল জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারাটা।
১০ মিনিট হয়ে যাচ্ছে প্রায়, তবে আর কিছুটা সময় মিলবে?
মরিস: ধন্যবাদ, চমৎকার, অনেক হয়েছে….।
