১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

নবান্নে শিবগঞ্জে মাছের মেলা, ঘরে ঘরে উৎসব

“এ মেলা আমাদের এলাকার ঐতিহ্য। বাপ-দাদারাও এখানে আসতেন। এখন আমরা সন্তানদেরও নিয়ে আসি,” বলেন স্থানীয় এক বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 02:17 AM

Updated : 19 Nov 2026, 02:17 AM

প্রতি বছরের মত এবারও নবান্নে বগুড়ার শিবগঞ্জের উথলী বাজারে বসেছে মাছের মেলা; শতাব্দী পুরনো এ মেলায় যোগ দিয়ে উৎসবে মাতেন অন্তত ২৫ গ্রামের মানুষ।

মেলা ঘিরে ঘরে ঘরে চলেছে উৎসবের আমেজ। মেয়ে ও মেয়ের জামাইসহ আত্মীয় স্বজনদের আপ্যায়নে চলে বড় মাছ কেনাকাটা; এর সঙ্গে যোগ হয় দই, মিষ্টি, জিলাপি আর মুড়ি-মুড়কি।

বুধবার গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এ মিলনমেলায় ভোর থেকেই উপচেপড়া ভিড় দেখা যায়। আগের রাতেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ নিয়ে হাজির হন বিক্রেতারা। আর ভোর থেকে চলে হাঁকডাক। মাছ ছাড়াও ছিল শীতকালীন নতুন সবজি, মাটির তৈজসপত্র, খেলনা ও বাঁশ-বেতের সামগ্রীর দোকান।

শিবগঞ্জের উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্যাপুর, বেড়াবালা ও আকন্দপাড়াসহ আশপাশের অন্তত ২৫ গ্রামের মানুষ প্রতি বছর এ মেলায় শামিল হন। তাদের কারও মতে ঐতিহ্যবাহী এ মেলা একশ বছর পুরনো, কেউ বলেন দুইশ বছর।

মেলায় মাছ ব্যবসায়ী হাসান আলী বলেন, “মেলায় এবার বেচাকেনা ভালো। ক্রেতাদের উপস্থিতি বেশ।”

মেলায় আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৭০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৬০০ টাকা, চিতল ৬০০ থেকে ৭০০ টাকা, সিলভার কার্প ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়।

আলু ব্যবসায়ী ধীরেন্দ্র নাথ বলেন, নবান্ন উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন আলু। হিন্দু সম্প্রদায়ের লোকজন এদিন অল্প হলেও নতুন আলু কেনেন, দামও থাকে চড়া।

মেলায় স্থানীয় বাসিন্দা স্বপন কুমার বলেন, “এ মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমাদের বাপ-দাদারাও এখানে আসতেন। ছোটবেলা থেকেই আমরা মেলায় আসছি। এখন সন্তানদেরও নিয়ে আসি, যাতে তারাও এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে।”

মেলা পরিচালনাকারীদের একজন ফরমান আলী বলেন, “নবান্ন উৎসব কেন্দ্র করে প্রতিবছরই এ মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতায় মেলার আয়োজন অব্যাহত রয়েছে।”