টেন্ডুলকারের ব্যাট চুরি, ব্যর্থ ক্রিকেটার, সফল বাবা হওয়ার স্বপ্ন এবং ‘ওয়ার্নের চেয়েও ভালো’ লেগ স্পিনার
সাচিন টেন্ডুলকারের ব্যাট চুরির ঘটনায় আলোচনায় আসা সম্ভাবনাময় এক ক্রিকেটার, যিনি ব্যর্থ হয়েছেন বড় ক্রিকেটার হয়ে উঠতে, পরে নিজের স্বপ্ন বুনে দিয়েছেন তিনি ছেলের মনের গহীনে, সেই বাবা-ছেলের হৃদয় উষ্ণ করা গল্প।
জোহানেসবার্গের নেটে তানজিদ হাসানকে বল করছিলেন এক লেগ স্পিনার। তার একটি বল একটু খাটো লেংথে পড়ল। বোলারের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী এক লোক প্রায় চেঁচিয়ে উঠলেন, “তোমার কি বল এখানে পিচ করানোর কথা?” পরের বলটি জায়গামতোই রাখলেন বোলার। হালকা টার্ন করা বলে ডিফেন্স করলেন তানজিদ। এবার বোলার পেছনে তাকাতেই সেই লোকটি দেখালেন ‘থামস-আপ’, এবার ডেলিভারি পছন্দ হয়েছে তার।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামের নেটে বাংলাদেশের অনুশীলন সেশনে বল করছিলেন বেশ কয়েকজন নেট বোলার। তবে ওই লেগ স্পিনারের দিকে সবারই চোখ যাচ্ছিল ঘুরেফিরে বারবার। মূল কারণ, তার বয়স। এমনিতে সাধারণত কম বয়সী ও উঠতি বোলারদের নেটে সুযোগ দেওয়া হয় অনেক সময়ই। তবে সেই মানদণ্ডেও এই বোলারের বয়স কম। টেনেটুনে তাকে হয়তো কিশোর বলা যায়!
নেটে বোলিংয়ের পালা শেষে তার কাছে গিয়ে জানতে চাওয়া হলো নাম। তার আগেই পাশ থেকে এগিয়ে এসে সেই মধ্যবয়সী মানুষটি বললেন, “ওর নাম ওইয়ামা গামান। ওর বাবার যে স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, ও তা পূরণ করার চেষ্টা করছে…।”
বিস্ময় আর ভালো লাগা একসঙ্গেই বয়ে এলো যেন। কৌতূহল জাগানিয়া গল্পের উপকরণ পাওয়া গেল!
পাল্টা প্রশ্ন এ দিক থেকে ছুটে গেল, “কে তার বাবা?” টুথপেস্টের বিজ্ঞাপনের মতোই ঝলমলে হাসি খেলে গেল তার মুখে, তার চোখেও খুশির ঝিলিক বুঝতে বাকি রইল না, বাবা আসলে তিনিই। নিজেও সেটা জানিয়ে দিলেন সগৌরবে, “ওর বাবার নাম সানিবয় লেতশেলা। এই যে, আপনার সামনেই দাঁড়ানো…!”
তার শরীরী ভাষাই বলছিল, আলাপ জমাতে তিনি ততক্ষণে তৈরি হয়ে গেছেন। সুযোগটা নিয়েই আরেকটি প্রশ্ন তাকে করতেই হলো, “আপনি তাহলে ক্রিকেট খেলতেন?” তিনি যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিলেন। গটগট করে বলতে থাকলেন, “এই যে এই প্রভিন্স, এই গটেংয়ের হয়ে আমি খেলেছি গ্রায়েম স্মিথের সঙ্গে। গ্রান্ট এলিয়টকে চেনো তো? নিউ জিল্যান্ডে চলে গেছে পরে। মাইকেল লাম্বকে চেনো? ইংল্যান্ডের হয়ে খেলেছে। ওদের সঙ্গে খেলেছি আমি। মাখায়া এনটিনির সঙ্গে আমার ভালো সম্পর্ক। আরও অনেক তারকার সঙ্গেও…।”
উত্তেজনায় তার কথা আটকে যাচ্ছিল। এক পর্যায়ে তার হয়তো মনে হলো, তার এসব কথা ঠিক বিশ্বাস হচ্ছে সামনে থাকা শ্রোতার। সামনে একটু এদিক-সেদিক তাকিয়ে আঙুল উঁচিয়ে দেখালেন, “ওই যে তোমাদের দলের কোচ মালিবঙ্গুয়ে মাকেতা (বাংলাদেশে দলের সহকার কোচ) আর বেনকি (ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টেইন), ওদের দুজনের সঙ্গেও খেলেছি…,” এটুকু বলেই তিনি চিৎকার করে ডাকলেন বেনকেনস্টেইনকে। এই সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডাক শুনে সহাস্যে তার দিকে তাকিয়ে হাত নাড়লেন। সেটি দেখে চোখ নাচালেন সানিবয়, যেন বলতে চাইলেন, “দেখলে তো! এবার বিশ্বাস হলো…?”
বিশ্বাস-অবিশ্বাসের ঘোর কাটাতে ইন্টারনেটের আশ্রয় নিতে হলে এবং সেখানেই নিশ্চিত হওয়া গেল। পুরো নাম সিয়াতে লাভিয়াস লেতশেলা। পরিচিত তিনি সানিবয় লেতশেলা নামে। আটটি প্রথম শ্রেণির ও দশটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।
সানিবয় তবু থামেন না। নানাভাবে বিশ্বাস করিয়েই ছাড়বেন। ছেলেকে বললেন তার নানা সময়ের ছবি ও ভিডিও দেখাতে। ফোনের সযতনে রাখা ফোল্ডার থেকে ছেলেও গর্ব নিয়ে দেখাল, গ্রায়েম স্মিথের সঙ্গে বাবার খেলার ছবি, এনটিনি সঙ্গে ছবি, নানা সময়ের খেলার ভিডিও…!
অপূর্ণ স্বপ্ন ও টেন্ডুলকারের ব্যাট চুরির অপবাদ
“ইন্টারনেটে বেশি কিছু পাবে না। আমি তোমাকে বলছি…”, এই বলে তিনি নিজের জীবনের ধারাপাত পাঠ করা শুরু করলেন, “আমি খুব ভালো লেগ স্পিনার ছিলাম। ক্লাবের হয়ে ওপেনিংয়ে ব্যাটও করতাম। স্কুলে আমাকে সবাই এক নামে চিনত। তুমি কি জানো, স্যার গ্যারি সোবার্সের সম্মানে একটি ম্যাচ খেলতে আমাকে মনোনীত করা হয়েছিল? ক্যারিবিয়ায় গিয়েছিলাম খেলতে…।”
ইন্টারনেট থেকেই অবশ্য নিশ্চিত হতে হলো, তিনি আসলেই বেশ সম্ভাবনাময় ক্রিকেটার ছিলেন। নানা কারণে ক্যারিয়ার এগোয়নি।
কথায় কথায় তিনি নিজেই বললেন, “তুমি কি শুনেছিলে, দক্ষিণ আফ্রিকার এক তরুণ ক্রিকেটার একবার সাচিন টেন্ডুলকারের ব্যাট চুরি করেছিল? আমিই সেই ক্রিকেটার…!”
এবার তো তার কথা শুনে ভিড়মি খাওয়ার জোগাড়। সামনের মানুষটির চোখে বিস্ময়ের বিস্ফোরণ দেখেই হয়তো মজা পেয়ে তিনি বললেন, “আসলে চুরি করিনি। আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল…।”
সানিবয়ের বয়স তখন ১৭। জোহানেসবার্গ টেস্টের আগে সফরকারী ভারতের নেটে তাকে নেট বোলার হিসেবে নেওয়া হয়েছিল তাকে। “টেন্ডুলকারকে কাছ থেকে দেখার জন্য কী রোমাঞ্চিত ছিলাম…!” তার চোখে সেই ঝিলিক যেন দেখা গেল এখনও।
কিন্তু তার সেই রোমাঞ্চ পরে রূপ নিল বিভীষিকায়, “কয়েকদিন পর একটি ম্যাচ খেলছিলাম ক্লাবের হয়ে। ম্যাচ চলার সময় কোচ মাঠ থেকে বাইরে ডেকে নিয়ে বললেন, ‘প্রধান নির্বাহী তোমার সঙ্গে কথা বলতে চান।’ ফোন ধরতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো চিৎকার আর গালিগালাজ। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। প্রধান নির্বাহী আমার সঙ্গে এভাবে কথা বলছেন! ফোন কেটে দিলাম। তিনি আবার ফোন করে গালি দিয়ে বললেন, ব্যাট যেন ফেরত দিয়ে আসি। আমি ফোন রেখে সেখানে মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকলাম। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকল। বাচ্চার মতো কাঁদলাম…।”
পরে তিনি নিজের ব্যাট নিয়ে প্রধান নির্বাহীর কাছে যান। সেই ব্যাট টেন্ডুলকারকে দেখানো হয়। ভারতীয় কিংবদন্তি ব্যাট দেখেই বলেন, “এটা আমার ব্যাট নয়….!”
ভুল বোঝাবুঝি কীভাবে হয়েছিল, সেটির গল্পও শোনালেন সানিবয়, “আমার বন্ধু দুমিসা মাকালিমা ভারতে গিয়েছিল। সে আমার জন্য ব্যাটটি উপহার এনেছিল। আমি ব্যাটটির নাম দিয়েছিলাম ‘সাচিন’, কারণ সাচিন আমার প্রিয় ক্রিকেটার। ব্যাটের নাম সাচিন হওয়াতেই কেউ তাদেরকে ভুল বুঝিয়েছিল…।”
অভিযোগ থেকে মুক্তি পেলেও যন্ত্রণা থেকে পাননি। টেন্ডুলকারের ব্যাট চুরির খবরটি ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। কজনকে আর তিনি বোঝাবেন! তার ক্রিকেট জীবন ও সামাজিক জীবন দুর্বিসহ হয়ে ওঠে। একপর্যায়ে তিনি ক্লাব ক্রিকেট খেলতে পাড়ি জমান ইংল্যান্ডে। কিন্তু সেখানেও খবরটি ছড়িয়ে পড়ে। তার ক্যারিয়ার এমনভাবে মুখ ধুবড়ে পড়ে যে, আর সোজা হতে পারেনি সেভাবে। তিনি এখনও বিশ্বাস করেন, চুরির অপবাদ না পেলে তার ক্যারিয়ারের গল্প অন্যরকম হতেও পারত!
ক্রিকেট ক্যারিয়ার গড়ে না উঠতে পারার জন্য অবশ্য বর্ণবাদকেও দায় দেন তিনি। বেড়ে ওঠার সময় ও বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে বর্ণবাদের অভিযোগ তুলে তিনি হইচই পেলে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে।
অনেক কথা বললেও একটি কথা তিনি বলেননি বা সযতনে উপেক্ষা করে গেছেন কিংবা হয়তো ভুলে গেছেন। ইন্টারনেটই বলছে, বর্ণবাদের কারণে প্রবল মানসিক অবসাদে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। হাসপাতারে নেওয়ার পর চিকিৎসক বলেছিলেন, অল্পের জন্য জীবন বেঁচে গেছে তার।
ব্যাটনের হাতবদল ও ওয়ার্নের চেয়েও ভালো লেগ স্পিনার
নিজে শীর্ষ পর্যায়ে খেলতে না পেরে সানিবয় এখন উঠেপড়ে লেগেছেন ছেলেকে ক্রিকেটার বানাতে। ওইয়ামাকে খুব ভালো কোনো ক্রিকেট স্কুল বা একাডেমিতে তিনি দিতে পারেননি আর্থিক সঙ্কটে। তার পরও প্রতিভাবান ছেলেটি স্কুল দলে খেলছে নিয়মিত, এই প্রভিন্সের অনূর্ধ্ব-১৬ দলে জায়গা করে নিয়েছে।
তার বয়স ১৫ জেনে অবশ্য একটু অবাকই হতে হলো। দেখতে বয়স লাগে আরও বেশ কম।
তার ছোট্ট ক্রিকেট জীবনের এখনও পর্যন্ত সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় বাংলাদেশের নেটে বল করা।
“বেশ কয়েক ওভার বোলিং করেছি। এই প্রথম আন্তর্জাতিক দলের নেটে বল করলাম। খুব ভালো লাগছে…।” পাশ থেকে বাবা যোগ করেন, “ও কোন পর্যায়ে আছে, বড় ব্যাটসম্যানদের সামনে কেমন করে, এসব দেখার জন্যই ওকে এই নেটে নিয়ে এসেছি।”
বাবা পরে একটু দূরে সরে গেলেন। ছেলের সঙ্গে আলাপ জমল। বাবার মতো সেও লেগস্পিনিং অলরাউন্ডার। তার আদর্শ কে? ততক্ষণে মাঠের অন্য প্রান্তে যাওয়া বাবার দিকে আঙুল উঁচিয়ে বললেন, “তিনিই আমার আদর্শ…।” বাবা ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে প্রিয় লেগ স্পিনারের কথা জিজ্ঞাসা করে অবশ্য অনুমিত নামই মিলল, “শেন ওয়ার্ন আমার প্রিয়। তার বোলিং দেখি মাঝেমধ্যে, তবে আমি তার চেয়েও ভালো লেগ স্পিনার…।”
ওয়ার্নের চেয়েও ভালো…! বাড়াবাড়ি হয়ে গেল না! এবার মুচকি হাসিতে তার উত্তর, “এখনও হইনি, তবে আমি ওয়ার্নের চেয়েও ভালো লেগ স্পিনার হব…।”
এবার চোখ কপালে ওঠার পালা। ওয়ার্নের চেয়েও বড় স্পিনার হতে পারবে? ততক্ষণে বাবার আবার এসে যোগ দিয়েছেন গল্পে, “অবশ্যই পারবে। আমার ছেলে দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ জেতাবে। আমরা তো বারবার শুধু চোক করি। ওর ভেতর থেকে আমি চোক বের করে নেব…।”
ছেলেকে নিয়ে স্বপ্নের পাশাপাশি ৪৫ বছর বয়সী সাবেক ক্রিকেটারের নিজেরও একটি স্বপ্ন এখন আছে, “আমি কিন্তু এখনও খেলি! ক্লাবের হয়ে খেলছি। এখনও আমার ফিল্ডিং দুর্দান্ত। একসময বন্ধুরা আমাকে জন্টি রোডস বলত। এখনও রোডসকে টেক্কা দিতে পারি। আমার লক্ষ্য ৭২ বছর বয়স পর্যন্ত খেলা। ইংল্যান্ডে গিয়ে এরকম একজনকে দেখেছিলাম, ৭২ বছর পর্যন্ত খেলেছে। আমিও তা করতে চাই। তুমি তখন আবার আমার ইন্টারভিউ নিও…।”
বাবা-ছেলের রসায়নও দারুণ। ছবির জন্য পোজ দিতে বলায় দুজনে বেশ মজাও করলেন।
ততক্ষণে বেলা পড়ে গেছে। সানিবয়ের খেয়াল হলো, বাড়ি ফিরতে হবে। তাড়া দিলেন ছেলেকে, “ব্যাগ গুছিয়ে নাও। কালকে সকালে ট্রেনিং, এরপর স্কুল। স্কুল থেকে ফিরে আবার ট্রেনিং… দুই বেলা ট্রেনিংয়ে কোনো ছাড় নেই…।”
