ইউভরাজের পরামর্শ মেনে সুরিয়াভানশির ধ্বংসযজ্ঞ
লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে পাঁচটি বিশ্ব রেকর্ড গড়ার আগে ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ইউভরাজ সিংয়ের সঙ্গে আধা ঘণ্টা কথা বলেছিলেন সুরিয়াভানশি।
ব্যাট হাতে সময়টা তেমন ভালো যাচ্ছিল না বৈভাব সুরিয়াভানশির। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে তাই কিছুটা চাপে ছিলেন তিনি। তখন এতদিন যাকে আদর্শ মেনেছেন সেই ইউভরাজ সিংয়ের সঙ্গে কথা বলেন ভারতের বিস্ময়বালক। আধা ঘণ্টার ওই কথোপকথন থেকে পান দিকনির্দেশনা ও প্রেরণা। এরপর তো ধ্বংসযজ্ঞ চালিয়ে ইতিহাসের কয়েকটি পাতায় নাম লেখান বাঁহাতি এই ব্যাটসম্যান।
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে মঙ্গলবার ২৮ ছক্কা ও সাতটি চারে স্রেফ ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলেন সুরিয়াভানশি। তার টর্নেডো ইনিংসের সৌজন্যে আরব আমিরাতের ২৪৯ রান স্রেফ ১৪.২ ওভারে পেরিয়ে যায় ভারত ‘এ’ দল।
ইনিংসটির পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচটি বিশ্ব রেকর্ড গড়েন সুরিয়াভানশি। ছক্কার বৃষ্টি ঝরিয়ে ২৮ বলে তিন অঙ্কে পা রাখেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে যা দ্রুততম সেঞ্চুরি। এরপর আরব আমিরাতের বোলারদের কচুকাটা করে ৪০ বলে দেড়শ ও ৫২ বলে দুইশতে পা রাখেন সুরিয়াভানশি। এই দুটিও বিশ্ব রেকর্ড।
শুধু তাই নয়, ইনিংসটিতে ২৮টি ছক্কা হাঁকিয়েও রেকর্ডের পাতায় নাম তোলেন ১৫ বছর বয়সি সুরিয়াভানশি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তো বটেই, স্বীকৃত ক্রিকেটেও এক ইনিংসে যা সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড।
অতিমানবীয় ব্যাটিং প্রদর্শনীর আগের ৯ ইনিংসের একটিতেও পঞ্চাশ করতে পারেননি সুরিয়াভানশি। তাই আরব আমিরাতের ম্যাচের আগে কঠিন সময়ের মধ্যে থাকা এই কিশোর শরণাপন্ন হন ইউভরাজের। ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের সঙ্গে কথা বলে যেন ঘুরে দাঁড়ানোর রসদ পেয়ে যান তিনি।
ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সেটাই তুলে ধরেন সুরিয়াভানশি।
“আমি কেবল চার জনের সঙ্গে কথা বলেছি। অবশ্যই, সবসময়ের মতো বাবার সঙ্গে কথা বলেছি। এরপর শৈশবের কোচ মানিশ ওঝা। আর আমার এক বন্ধু, অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে যার সঙ্গে খেলেছি, তার নাম প্রাথাম জাচক। চতুর্থ জন ইউভরাজ স্যার। তার সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি।
“তিনি আমার ব্যাটিং নিয়ে অনেক কিছু বুঝিয়েছেন। আমি খুব চাপে ছিলাম, তার সঙ্গে খোলামেলাভাবেই কথা বলেছি। বলেছি, ‘স্যার, ব্যাট করতে নামার সময় এই সমস্যাগুলো হচ্ছে।’ আধা ঘণ্টা ধরে সবকিছু বুঝিয়েছেন তিনি। মূলত বলেছেন, ‘তুমি যদি ২০ বল ব্যাট করতে পারো, তাহলে দলের রান অন্য রকম হবে।’ ব্যাটিংয়ের অনেক টেকনিক্যাল বিষয়ও বলেছেন। সবকিছুই আমাকে অনেক সাহায্য করেছে।”
একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ায় তার আত্মবিশ্বাসেও কিছুটা চোট লাগে। ইউভরাজের পরামর্শে ভুল শুধরে নতুন করে আলোড়ন ফেলে দেন এই ক্রিকেটার।
“ঘরোয়া ক্রিকেটে একটি বা দুটি ম্যাচ খেলেছি। রান পাইনি। তাতে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ি। ভাবছিলাম, কী হচ্ছে আমার?
“ইউভরাজ আমার আদর্শ। নিজের আদর্শের সঙ্গে কথা বললে তার কথা মনোযোগ দিয়ে শোনা হয়। আমিও মনোযোগ দিয়ে তার কথা শুনেছি। ব্যাটিং নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন তিনি। এরপর নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখেছি। বুঝতে পেরেছি, কোথায় ভুল করছিলাম। আগের দিন সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেছি। তিনি যা করতে বলেছিলেন, সেটাই করার চেষ্টা করেছি। তাতে উপকার হয়েছে।”
