শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে রাশিয়াকে আহ্বান
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করতে রুশ বিনিয়োগকারীদের আমন্ত্রণ।
রাশিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তাদের আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, দক্ষ অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে বৈঠকে উভয়পক্ষ আলোচনা করেছে।
“ঢাকার রুশ দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী।”
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানো ও বহুমুখী করতে বৈঠকে আহ্বান জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রাশিয়ার গম ও সার সরবরাহের কথা তুলে ধরে রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের আরও প্রবেশাধিকার চান তিনি।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করতে রুশ বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান তিনি।
বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের সাম্প্রতিক বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের বিষয়ে পর্যালোচনা দ্রুত সময়ে করার আহ্বান জানান প্রতিমন্ত্রী হুমায়ুন।
দুদেশের মধ্যে ঝুলে থাকা চুক্তি বা সমঝোতা স্মারকগুলোর দ্রুত চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আর বৈঠকে রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে রাশিয়া গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বিস্তৃত করতে আগ্রহী।
