১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে সফরে।

দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

দুদিনের সফরে মঙ্গলবার শ্রীশঙ্কায় গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 08:37 PM

Updated : 17 Nov 2026, 08:37 PM

দুদেশের বহুমুখী সহযোগিতাকে আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করতে দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

দুদিনের সরকারি সফরে মঙ্গলবার তার কলম্বো যাওয়ার খবর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, কলম্বোর বান্দারনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানান শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত ভারুনি মুতুকুমারানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে এবং প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুনের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

সফরে প্রতিমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে। ওই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ-শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমুখী সহযোগিতাকে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সফরে শ্রীলঙ্কার একটি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা জয়েন্ট কনসালটেটিভ কমিশন ফর কম্প্রিহেনসিভ কোঅপারেশন’ প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারকেও সই করবেন তিনি।

বৃহস্পতিবার তার শ্রীলঙ্কা ত্যাগ করার কথা রয়েছে।