০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন

বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বেশ কিছু মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন হুমায়ুন কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 07:33 PM

Updated : 01 Nov 2026, 07:33 PM

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার ঢাকা ছাড়ার তথ্য দিয়েছে। দুবাই ও লন্ডন হয়ে এ দিন রোববার হুমায়ুন কবিরের অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে পৌঁছার কথা রয়েছে।

সেন্ট জনসে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নির্ধারিত এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধান, মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবারের বৈঠকটি হচ্ছে ‘অ্যাকসিলারেটিং পার্টনারশিপস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফর আ প্রসপারাস কমনওয়েলথ’ প্রতিপাদ্যের আলোকে।

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বেশ কিছু মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন হুমায়ুন কবির।

কমনওয়েলথ অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরাল করার সুযোগ তৈরি হবে বলে এই বৈঠকগুলো থেকে আশা করা হচ্ছে।

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ২৫ অক্টোবর পূর্ণমন্ত্রীর কর্তৃত্ব দিয়েছে সরকার। রুলস অব বিজনেসের ৪(৩) ধারা অনুযায়ী তাকে এই কর্তৃত্ব দেওয়ার কথা বলা হয় আদেশে।

কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী থাকাবস্থায় প্রধানমন্ত্রীর অনুমোদনে কোনো প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীকে নির্দিষ্ট কোনো দায়িত্ব দেওয়ার নিয়ম রয়েছে ওই ধারায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই প্রজ্ঞাপন অনুযায়ী কমনওয়েলথ বৈঠকে যোগ দেওয়ার সময়ে প্রতিমন্ত্রী হুমায়ুনকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। সফরকালে তিনি একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল সুবিধা পাবেন।