২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেয়াল মাদ্রিদে বিশেষ কিছু ঘটছে, সতর্ক থাকুন’

এভাবে খেলতে থাকলে রেয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বড় দাবিদার হবে বলে মনে করেন ফরাসি গ্রেট থিয়েরি অঁরি।

‘রেয়াল মাদ্রিদে বিশেষ কিছু ঘটছে, সতর্ক থাকুন’

থিয়েরি অঁরি। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 09:32 PM

Updated : 25 Nov 2026, 09:32 PM

চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো উড়ছে রেয়াল মাদ্রিদ। প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নদের নিয়ে প্রতিপক্ষ দলগুলোকে সতর্ক করে দিলেন ফরাসি গ্রেট থিয়েরি অঁরি। তার মতে, এভাবে খেলতে থাকলে শিরোপা জয়ের বড় দাবিদার হবে জুজে মরিনিয়োর দল।

ইউরোপ সেরার মঞ্চে প্রথম পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রেয়াল। তারা ছাড়া শতভাগ জয় পেয়েছে আর কেবল পিএসজি, চার ম্যাচের সবকটি জিতে দুই নম্বরে আছে গত দুইবারের চ্যাম্পিয়ন ফরাসি ক্লাবটি।

পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে রেয়ালের সবশেষ জয়টি এসেছে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে। মঙ্গলবার ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধ স্প্যানিশ দলটির জন্য ছিল ভুলে যাওয়ার মতো; অহেলিয়া চুয়ামেনির ভুলে পেনাল্টি থেকে গোল হজম করে তারা পিছিয়ে পড়ে।

বিরতির সময় কোচ মরিনিয়ো তিনটি পরিবর্তন আনেন, যার মধ্যে জুড বেলিংহ্যামের অন্তর্ভুক্তি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দে সমতা টানার পর, অসাধারণ এক গোলে দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম। পরে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে, একটি ভিনিসিউস জুনিয়র। ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

সিবিএস-এ আলাপে রেয়াল মাদ্রিদের এই ম্যাচ নিয়ে কথা বলেন অঁরি। চ্যাম্পিয়ন্স লিগের ১৫ বারের চ্যাম্পিয়নদের আরেকবার ট্রফি জয়ের সম্ভাবনা দেখছেন তিনি।

“রেয়াল মাদ্রিদ দারুণ খেলেছে; এভাবে খেলতে থাকলে তারা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দাবিদার থাকবে। সপ্তাহের পর সপ্তাহ ধরে তারা অনেক উন্নতি করছে। রেয়াল মাদ্রিদে বিশেষ কিছু ঘটছে, সতর্ক থাকুন।”

চমৎকার গোল করা বেলিংহ্যামেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফরোয়ার্ড অঁরি।

“বেলিংহ্যাম যেভাবে খেলে, তা অবিশ্বাস্য। রেয়াল মাদ্রিদে ৫ নম্বর জার্সি পরা সহজ নয়, কিন্তু সে যেন খুব সহজেই তা সামলে নিচ্ছে। তার ব্যক্তিত্ব অসাধারণ। আমার বিশ্বাসই হয় না যে, তার নিজের দেশের মানুষই তাকে নিয়ে সংশয় প্রকাশ করেছিল! তবে সে এখন যা করছে, তাতে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে এবং বিশ্বকাপেও তাদের ভুল প্রমাণ করেছে। সবসময় তার মনোভাব এবং খেলার মাধ্যমেই জবাব দেয় সে।”