১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

২১ ছক্কায় জ্যাকবসের অপরাজিত ২০২

অল্পের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটে ছক্কার বিশ্বরেকর্ড গড়তে পারলেন না নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান।

২১ ছক্কায় জ্যাকবসের অপরাজিত ২০২

বেভন জ্যাকবস। ছবি: ব্ল্যাকক্যাপস ইনস্টাগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 05:12 PM

Updated : 12 Nov 2026, 05:12 PM

মন্থর শুরুর পর ডানা মেলেন বেভন জ্যাকবস। দারুণ ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো পান সেঞ্চুরির স্বাদ। পরে প্রতিপক্ষের বোলারদের তুলাধুনা করে পা রাখেন ডাবল সেঞ্চুরির ঠিকানায়।

নিউ জিল্যান্ডের ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে অকল্যান্ডের হয়ে বৃহস্পতিবার ঝড় তোলেন জ্যাকবস। ওটাগোর বিপক্ষে ১৩৭ বলে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

অকল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ফোর্ড ট্রফিতে দ্বিশতক ছোঁয়া ইনিংসটি খেলার পথে ২১ ছক্কা ও সাতটি চার মারেন জ্যাকবস। অল্পের জন্য লিস্ট ‘এ’ ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ভাঙতে পারেননি ২৪ বছর বয়সি কিউই ব্যাটসম্যান।

৫০ ওভারের ক্রিকেটে জ্যাকবসের চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল একজন, অস্ট্রেলিয়ার ডারসি শর্ট। ২০১৮ সালে ওয়ানডে কাপে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট অস্ট্রেলিয়ার হয়ে ২৫৭ রানের ইনিংস খেলার দিন ২৩টি ছক্কা হাঁকান তিনি।

শর্ট ও জ্যাকবস ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে ২০ ছক্কা মারতে পারেননি আর কেউ।

ফোর্ড ট্রফিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান জ্যাকবস। তার আগে এই ক্লাবে নাম লেখান জেমি হাউ (২২২) ও চ্যাড বয়েস (২০৫)।

পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড মার্টিন গাপটিলের (২৩৭*)। তার পরেই আছেন নারী ক্রিকেটার অ্যামেলিয়া কার (২৩২*)।

২৪ রানে যখন দ্বিতীয় উইকেট হারায় অকল্যান্ড, তখন ক্রিজে যান জ্যাকবস। দশম বলে রানের খাতা খোলেন তিনি। প্রথম ২৮ বলে করেন ৯ রান।

পরে একের পর এক ছক্কা উড়িয়ে ৫৭ বলে ফিফটি স্পর্শ করেন জ্যাকবস। তার ইনিংসের প্রথম সাতটি বাউন্ডারিই ছক্কা। ৯৯ থেকে ম্যাথু ব্যাকনকে চার মেরে ৯৭ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন এই ব্যাটসম্যান।

পরে তাণ্ডব চালান জ্যাকবস। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে যেতে তার লাগে কেবল ৪০ বল। ইনিংসের শেষ ওভারে জ্যাক কামিংয়ের ওপর ঝড় বইয়ে দেন তিনি। ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ৩০ রান নিয়ে ১৭২ থেকে দ্বিশতকে পৌঁছে যান জ্যাকসব।

তিনি ছাড়া ফিফটি করতেও পারেননি আর কেউ। ৮ উইকেটে ৩৩৪ রান করে অকল্যান্ড। পরে ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে এই রান ৫ বল বাকি থাকতে টপকে যায় ওটাগো।