১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বাবাকে দেওয়া কথা রেখে সেওয়াগের ছেলের ১৭ চার ৭ ছক্কায় ১৬০

দেড়শ ছোঁয়া ইনিংস খেলে ভারতকে যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে তোলার পর আরিয়াভির সেওয়াগ বললেন, বাবা ভিরেন্দার সেওয়াগকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পেরে তিনি খুশি।

বাবাকে দেওয়া কথা রেখে সেওয়াগের ছেলের ১৭ চার ৭ ছক্কায় ১৬০

আরিয়াভির সেওয়াগ। ছবি: এসিসি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 09:43 PM

Updated : 10 Nov 2026, 09:43 PM

প্রথম ম্যাচে রান তাড়ায় দল জিতে যাওয়ায় আরিয়াভির সেওয়াগকে অপরাজিত থাকতে হয় ফিফটি করে। পরের ম্যাচে তিনি ভালো করতে পারেননি। এবার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচে দেড়শ ছোঁয়া ইনিংস খেলে তিনিই জয়ের নায়ক। ১৯ বছর বয়সি ব্যাটসম্যান জানালেন, তার বাবা ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরেন্দার সেওয়াগকে কথা দিয়েছিলেন যে, একটি বড় ইনিংস খেলবেন; আর সেই কথা রাখতে পেরে তিনি খুশি।

যুব এশিয়া কাপে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৭ চার ও সাত ছক্কায় ১৬৮ বলে ১৬০ রানের ইনিংস খেলেন আরিয়াভির। ৭০ রানের জয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

আসরে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১২৯ রানের লক্ষ্য তাড়ায় ৫২ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসে দলের জয়ে অবদান রাখেন আরিয়াভির। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এই ওপেনার করেন ৪০ বলে ২২ রান, ম্যাচটি হেরে যায় ভারত।

সেমি-ফাইনালে জায়গা করে নিতে আরব আমিরাতের বিপক্ষে ভারতের জয়টা খুব প্রয়োজন ছিল। দুর্দান্ত ইনিংস খেলে আরিয়াভির গড়ে দেন ভিত। ৫০ ওভারে ভারত করে ৩০৯ রান। জবাবে ২৩৯ রানে আটকে যায় আরব আমিরাত।

দলের ইনিংস শুরু করতে নেমে প্রথমে কিছুটা সময় নেন আরিয়াভির। রানের দেখা পেতে তার লেগে যায় ১৪ বল। ফিফটি করেন ৬৯ বলে। ১৩১ বলে পা রাখেন সেঞ্চুরিতে। সেখান থেকে দেড়শতে যেতে তার লাগে কেবল ২৯ বল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে নিজের ব্যাটিংয়ের পরিকল্পনা তুলে ধরেন আরিয়াভির।

“খুবই ভালো লাগছে। ইনিংস শুরু করার সময় আমার ভাবনা ছিল দীর্ঘসময় ক্রিজে টিকে থাকা এবং ৪০-৫০ ওভার পর্যন্ত ব্যাটিং করা। উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ বল টার্ন করছিল। তবে সবকিছু ভালোভাবে হয়েছে, আমি খুব খুশি।

“শুরুতে আমি কিছু ডট বল খেলেছিলাম, তবে আমার বিশ্বাস ছিল যে, পরে তা পুষিয়ে নিতে পারব।”

বাবার মতোই আগ্রাসী মানসিকতা আর বাউন্ডারি মারার প্রবণতা নিয়ে ব্যাটিং করেন আরিয়াভির। এর আগে ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে দুটি বড় ইনিংস খেলেন তিনি। কুচবিহার ট্রফিতে করেন ২৯৭ রান, ভিনোদ মানকাড ট্রফিতে ১৭৩।

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার জেতা প্রতিভাবান ব্যাটসম্যান জানালেন বাবাকে দেওয়া প্রতিশ্রুতির কথা।

“আমি বড় ইনিংস খেলতে চেয়েছিলাম। বাবাকে কথা দিয়েছিলাম। তাকে বলেছিলাম, আমি বড় সেঞ্চুরি করব, কারণ তিনি কেবল বড় সেঞ্চুরিগুলোকেই গুরুত্ব দেন। তাকে খুশি করার জন্য সেঞ্চুরির পর দেড়শ পর্যন্ত পৌঁছানোটা জরুরি। আর তা করতে পেরে খুব ভালো লাগছে।”