১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চাপের মুখে আবার সেঞ্চুরি, লিটন বললেন ‘এটা একটা সুযোগ’

লিটন কুমার দাসের আট সেঞ্চুরির পাঁচটিই দলের বিপদের সময়ে।

চাপের মুখে আবার সেঞ্চুরি, লিটন বললেন ‘এটা একটা সুযোগ’

দলের বিপদে আরেকটি সেঞ্চুরির পর লিটনের হাসি। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:37 AM

Updated : 17 Nov 2026, 12:37 AM

২৪ রানে নেই ৫ উইকেট, ২৬ রানে ড্রেসিং রুমে দলের অর্ধেক ব্যাটসম্যান কিংবা পরপর দুই বলে উইকেট হারিয়ে বিপদে দল- এমন পরিস্থিতি এলেই যেন নায়কের ভূমিকায় আবির্ভূত হন লিটন কুমার দাস। যার সবশেষ উদাহরণ চলতি জোহানেসবার্গ টেস্ট। প্রবল চাপের মুখে চমৎকার সেঞ্চুরির পর এই কিপার-ব্যাটার বললেন, সংকটময় পরিস্থিতি তার কাছে একটি সুযোগ।

দলের বিপদের সময় সেঞ্চুরি আগেও করেছেন লিটন। সব মিলিয়ে তার ক্যারিয়ারের আট সেঞ্চুরির মধ্যে পাঁচটিই এসেছে প্রবল চাপ সামলে।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামের পেস সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার চার পেসারের সামনে বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল পাহাড়সম। কাগিসো রাবাদার তোপে সেই অভিযানে শুরুতেই উল্টো পথে হাঁটা ধরে দল। মাত্র ২২ রানে ফিরে যান তিন ব্যাটসম্যান। প্রাথমিক প্রতিরোধ গড়েন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়।

এরপর আবার রাবাদার জোড়া আঘাত। পরপর দুই বলে তানজিদ ও মুশফিকুর রহিম ফিরে গেলে ১২২ রানে ৫ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। তবে সেটি হতে দেননি হৃদয় ও লিটন। ২০৬ রানের রেকর্ডগড়া জুটিতে দলকে তারা নিয়ে যান নিরাপদ অবস্থানে।

দারুণ সেঞ্চুরি করে প্রথম দিনের শেষ বলে আউট হন হৃদয়। তবে ৯২ রানে অপরাজিত থেকে যান লিটন। নতুন সকালে দ্বিতীয় নতুন বলের চ্যালেঞ্জ সামাল দিয়ে দ্রুতই তিনি পৌঁছে যান শতরানের কাঙ্ক্ষিত ঠিকানায়।

ড্রেসিং রুমের পথ ধরার আগে ১৪ চারের সঙ্গে ১ ছক্কায় তিনি খেলেন ১২০ রানের ইনিংস। যখন তিনি ক্রিজে যান, পরপর দুই উইকেট হারিয়ে চাপে ছিল দল। হৃদয়ের সঙ্গে মিলে বিশাল জুটিতে ব্যাটিং শৈলির পুরোটা মেলে ধরেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।

বিপদকে আলিঙ্গন করে ছন্দময় ব্যাটিংয়ে স্কিল ও সৌন্দর্য্যের মিশেলে নান্দনিক এক ইনিংস উপহার দেন লিটন। যা তিনি করেছেন আগেও অন্তত চারবার।

গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে যেমন, সিলেটে স্বীকৃত ব্যাটসম্যানদের হতাশার ভিড়ে লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করেন লিটন। ১১৬ রানে ৫ উইকেট হারানো দলকে পৌঁছে দেন ২৭৮ রানে। নিজে খেলেন ১২৬ রানের চমৎকার ইনিংস। পরে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ।

একই দলের বিপক্ষে গত বছর রাওয়ালপিন্ডি টেস্টে ২৬ রানে ৫ উইকেট পড়ার পর ক্রিজে গিয়ে ১৩৮ রানের ইনিংস খেলেন লিটন। ২০২১ সালের চট্টগ্রাম টেস্টেও তাদের বিপক্ষে ৪৯ রানে ৪ উইকেট পড়ার পর লিটনের ব্যাট থেকে আসে ঝকঝকে ১১৪ রান।

এর বাইরে ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট পড়ে গেলে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত নিজের ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস খেলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। একই বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরে ফলো-অনে পড়ার পর তিনি করেন ১০২ রান।

সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে লিটনের বড় ইনিংসগুলোর বেশিরভাগ দলের বিপদের সময়। এই তালিকায় সবশেষ সংযোজন জোহানেসবার্গের ১২০ রান।

ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে জানতে চাওয়া হয়, চাপের মুখে বড় ইনিংস খেলার সময় কী ভাবনা থাকে তার।

“দল বিপদে থাকা এক জিনিস, একই সঙ্গে সেটা একটা সুযোগও। আমার কাছে সবসময় মনে হয়, এটা একটা সুযোগ। দল যখন চাপে, একজন সিনিয়র ক্রিকেটারই তো সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে। আমি এটা দিতে পেরে অনেক খুশি।

“আমি চাই ভবিষ্যতেও বাংলাদেশ যখনই বিপদে পড়ে, আমি যেন সামলে নিতে পারি। মাইন্ড সেটআপ একটাই থাকে, রান করতে হবে। কারণ আমার খেলার ধরনই হচ্ছে রান করা। আমি রান করলেই ভালো অনুভব করি এবং একইসঙ্গে স্কোরবোর্ডও চলতে থাকে। তো রানের জন্যই খেলি আর কি।”

এর আগে দুবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চার টেস্ট খেলেছেন লিটন। ব্লুমফন্টেইনে ২০১৭ সালে ৭০ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছুই করতে পারেননি তিনি। সব মিলিয়ে এখানে আগের আট ইনিংসে ২৪.৭৫ গড়ে তার নামের পাশে ছিল ১৯৮ রান।

এবার তাই বিশেষ কিছু করার সংকল্প নিয়েই দক্ষিণ আফ্রিকায় যান লিটন।

“সাউথ আফ্রিকায় আমি এটা নিয়ে পঞ্চম টেস্ট খেলছি। তাই ভেতরে এই ভাবনাটা ছিল যে, আমি দলের জন্য এই সফরে বিশেষ কিছু করতে চাই। আমি করতে পেরেছি। তাই খুবই খুশি।”

হৃদয় ও লিটনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করলেও, দ্বিতীয় দিন শেষে খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। কারণ এরই মধ্যে চার উইকেটে ২৮৭ রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ওভারপ্রতি সাড়ে চারের ওপরে রান করছে তারা।

তৃতীয় দিন সকালে তাই দ্রুত উইকেট নেওয়ার পাশাপাশি রানের গতি মন্থর করার দিকে মনোযোগ দিতে হবে বাংলাদেশকে।

“এখন যে অবস্থা, মনে হয় না খুব বেশি রান আছে বোর্ডে... ১০০-১২০ রান (আসলে ১১৩)। তবে কালকে যদি দ্রুত ২-৩ উইকেট নিতে পারি, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। যদি না নিতে পারি তাহলে একটু কষ্ট করতে হবে। খেলা যেন একটু লম্বা যায়, রানগুলো যেন তাড়াতাড়ি না দিই, এটাই লক্ষ্য থাকবে।

“অবশ্যই আমাদের গেম প্ল্যান এখন... আমাদের তো আগে উইকেট নিতে হবে। কারণ তাদেরকে তো অলআউট করতে হবে। একইসঙ্গে আপনি বেশি রানও দিয়ে ফেলতে পারবেন না। যদি রান অনেক দিয়ে ফেলেন, (দক্ষিণ আফ্রিকার) লিড অনেক ওপরে চলে যাবে।”