ইতালিকে না বলতে ‘বিব্রত’ ছিলেন গুয়ার্দিওলা
আবার কোচিংয়ে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন এই স্প্যানিয়ার্ড, এবং সম্ভব হলে সেটা হবে কোনো জাতীয় দলে।
দল পুনর্গঠনে ডাগআউটে পেপ গুয়ার্দিওলাকে খুব করে চেয়েছিল ইতালি, কিন্তু তখন তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই স্প্যানিয়ার্ড- সেই ঘটনার পর প্রথম বিষয়টি নিয়ে কথা বললেন তিনি এবং জানালেন, ওই প্রস্তুাব ফিরিয়ে দিতে তার খুব খারাপ লেগেছিল, বিব্রত হয়েছিলেন। তবে প্রেক্ষাপট বিবেচনায় তিনি ছিলেন ‘নিরুপায়।‘
বর্তমানে কোচিংয়ের বাইরে আছেন ক্লাব ফুটবলের দারুণ সফল কোচদের একজন গুয়ার্দিওলা। তবে আবার প্রিয় কাজে ফেরার ইচ্ছা পোষণ করেন তিনি। আর সেটা যেদিনই হোক, ফিরলে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছা আছে সবশেষ ম্যানচেস্টার সিটিকে কোচিং করানো এই কোচের।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ হয়ে দল পুনর্গঠনে মনোযোগ দেয় ইতালি, আর সেই লক্ষ্যে প্রধান কোচের পদের জন্য তাদের প্রথম পছন্দ ছিলেন গুয়ার্দিওলা। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাকে প্রস্তাব দেন পাওলো মালদিনি ও লিওনার্দো।
তবে ম্যানচেস্টার সিটিতে ১০ বছরের অধ্যায় শেষে তখন কেবলই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গুয়ার্দিওলা, যা তার ক্যারিয়ারের ভবিষ্যতের জন্য খুব প্রয়োজন ছিল। রোমারিও টিভিতে দেওয়া সাক্ষাৎকারে ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে এই কারণের কথা উল্লেখ করেন তিনি।
বলা যায়, গুয়ার্দিওলার কোচিংয়ে বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি হয়ে উঠে সিটি। তার সময়ে টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ এবং ক্লাবের ইতিহাসে একমাত্র চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক ট্রফি জয় করে ম্যানচেস্টারের ক্লাবটি। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়েও অসাধারণ সব সাফল্য পান তিনি।
দীর্ঘ এই যাত্রা, এবং শীর্ষ পর্যায়ের ফুটবলে টানা এতটা মানসিক ও শারীরিক পরিশ্রমের পর, একটা বিরতি খুব দরকার ছিল- ব্রাজিলিয়ান গ্রেট ও বার্সেলোনায় সাবেক সতীর্থ রোমারিওর শোয়ে জানান গুয়ার্দিওলা।
“ওই বিষয়ে এই প্রথম কথা বলছি আমি। হ্যাঁ, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। ইতালিকে না বলতে গিয়ে আমি বিব্রত হয়েছিলাম, ইতালির মতো একটা দেশকে (না বলা), ইতালি জাতীয় দলকে কোচিং করাতে পারলে তা আমার ক্যারিয়ারের অনেক গর্বের ব্যাপার হতো।
“কিন্তু আমি তখন বুঝতে পারছিলাম, আমি একটু থামা উচিত। তারা যদি দুই বছর আগে আমাকে ডাকত, তাহলে হয়তো আমি রাজি হয়ে যেতাম। কিন্তু যখন পাওলো মালদিনি ও লিওনার্দো প্রস্তাব দিল, যাদেরকে আমি খুব পছন্দ করি, কিন্তু ওই মুহূর্তে আমার বিরতি নিতেই হতো।”
গুয়ার্দিওলা না বলে দেওয়ার পর, রবের্তো মানচিনিকে দায়িত্ব দেয় ইতালি। ইতালি জাতীয় দলকে আগেও এক দফায় কোচিং করিয়েছেন তিনি, এবং তার হাত ধরে ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত বেশ সফলই ছিল তারা। এই ইতালিয়ানের কোচিংয়ে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করে দেশটি।
২০০৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরের বছরই কোচিংয়ে পা রাখেন গুয়ার্দিওলা। শুরুটা করেন বার্সেলোনা ‘বি’ দলের হয়ে। আর এর পরের বছর দায়িত্ব নেন বার্সেলোনা মূল দলের। গুয়ার্দিওলার হাত ধরে কাতালান দলটিও সাফল্যের শীর্ষে ওঠে, তার চার বছরে ঘরে অসংখ্য ট্রফি।
এরপর ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত বায়ার্ন মিউনিখেও দারুণ সফল সময় কাটান গুয়ার্দিওলা, এবং সেখান থেকে পাড়ি জমান সিটিতে। টানা ১৮ বছরের কোচিং, ম্যাচের পর ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা, প্রত্যাশার ভার বহন করা- যেন তার সামর্থ্যের সবটুকু নি:শেষ হয়ে গিয়েছিল।
“নিজের জন্য আমার কিছুটা সময় দরকার ছিল। কোচ হিসেবে ১৮ বছর পর, যেখানে প্রতি তিন দিনে ম্যাচের চাপ, সপ্তাহের পর সপ্তাহ, এমন যাত্রার এক পর্যায়ে একটা মুহূর্ত আসে যখন মনে হয়, ‘উফ! অনেক হয়েছে।‘”
গুয়ার্দিওলার এই সাক্ষাৎকার প্রকাশের আগে থেকেই অবশ্য তার নতুন কর্মক্ষেত্র নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে যোগ দিয়েছেন মাউরিসিও পচেত্তিনো। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, তার উত্তরসূরি হিসেবে গুয়ার্দিওলাকে নেওয়ার পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন। যদিও এ বিষয়ে এখনও তেমন কোনো জোরাল খবর আসেনি।
বিরতি শেষে কোচিংয়ে কবে ফিরতে চান, এ বিষয়ে সরাসরি অবশ্য কিছু জানাননি গুয়ার্দিওলা। তবে পুরনো কোনো দলে ‘ফেরার ইচ্ছা তেমন নেই’ তার। সেই সঙ্গে এটাও জানান, ‘কোনো জাতীয় দলের দায়িত্ব পেলে’ বেশ হবে।
