০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

চেন্নাইয়ের হাসি এখন আবার অস্ট্রেলিয়ার

চেন্নাই সুপার কিংসের কোচিং অধ্যায় শেষে ইংল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন ভূমিকায় ফিরলেন মাইক হাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 10:04 AM

Updated : 06 Nov 2026, 10:04 AM

মাইক হাসি অস্ট্রেলিয়ারই। তবে প্রথমে ক্রিকেটার ও পরে কোচ হিসেবে চেন্নাই সুপার কিংসে এত দীর্ঘ পথচলা ছিল তার, অনেকটা হয়ে উঠেছিলেন তিনি এই ফ্র্যাঞ্চাইজির সমার্থক। সেই অধ্যায় এবার চুকেবুকে গেছে। অস্ট্রেলিয়াই তাই ঘরের ছেলেকে ভালোভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন ভূমিকায় তিনি ফিরলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে।

২০২৭ অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার কোচিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন হাসি, ২০২৮ অলিম্পিকস ক্রিকেট ও ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিয়োগ পেয়েছেন তিনি টি-টোয়েন্টি উপদেষ্টা হিসেবে।

অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবারই তার প্রথম হবে না। অ্যান্ড্র ম্যাকডোনাল্ড প্রধাান কোচ হওয়ার পর কোচিং স্টাফে টুকটাক কাজ করেছেন হাসি। তবে সেটি মূলত ছিল প্রতি মৌসুমের পার্থ টেস্টের আগে ব্যাটিং পরামর্শক হিসেবে। আইপিএলে চেন্নাই সুপার কিংস ও দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের কোচিংয়ের পদের কারণে ও ধারাভাষ্যের ব্যস্ততায় অস্ট্রেলিয়ান ক্রিকেটে সেভাবে সম্পৃক্ত থাকতে পারেননি।

এবার অস্ট্রেলিয়ায় এই দায়িত্ব নেওয়ার আগে আরেকটি বড় সুযোগ এসেছিল হাসির সামনে। চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে স্টিভেন ফ্লেমিং যখন ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন, তখন তার দীর্ঘদিনের সহকর্মী হাসিকেও একটি ভূমিকার জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই সুযোগ প্রত্যাখ্যান করে তিনি অস্ট্রেলিয়ার সঙ্গেই যুক্ত হন। ইংল্যান্ডের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে তার কাজ এবং এরপর পার্থে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতেও সহায়তা করবেন তিনি।

অস্ট্রেলিয়া হয়ে আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০২ ম্যাচ খেলে ১২ হাজার ৩৯৮ রান করেছেন হাসি ২২ সেঞ্চুরি ও ৭২ ফিফটি। প্রিয় ড্রেসিং রুমে নতুন ভূমিকায় ফিরতে পেরে তিনি আপ্লুত।

“আগামী বছরগুলোতে আরও আনুষ্ঠানিক ও অর্থবহ একটি ভূমিকায় দলের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই দলটি সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য অর্জন করেছে এবং আমি আশা করি যে, এই রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়ে আমি কোচিং স্টাফ ও ক্রিকেটার, উভয় বিভাগেই অবদান রাখতে পারব।”

হাসিকে কোচিং স্টাফে পেয়ে উচ্ছ্বসিত প্রধান কোচ ম্যাকডোনাল্ড।

“অতীতেও আমাদের কোচিং স্টাফের খুবই মূল্যবান সদস্য ছিল মাইক এবং সে এমন এক উল্লেখযোগ্য স্কিল নিয়ে এসেছে, যা কোচ ও ক্রিকেটারদের জন্য সহায়ক হবে। ক্রিকেটার এবং কোচ হিসেবে বিভিন্ন সংস্করণ, প্রতিযোগিতা ও দেশে তার দক্ষতা যেমন অমূল্য, তেমনি মানুষ হিসেবেও তার গুণাবলী অসাধারণ।”

২০২২ সালে ম্যাথু মটের সঙ্গে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচিং দলের অংশ ছিলেন হাসি। এখানেও তার প্রধান মনোযোগ থাকবে টি-টোয়েন্টির দিকে।

ইংল্যান্ডের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিচ্ছেন প্রধান কোচ ম্যাকডোনাল্ড। তার সহকারী কোচ আন্দ্রে বোরোভেতস দায়িত্ব নেবেন প্রধান কোচের। গত তিন বছরে নানা সময়ে ম্যাকডোনাল্ড যখন বড় সিরিজের প্রস্তুতির জন্য বিশ্রাম নিয়েছেন, তখন বোরোভেতসই প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই বোরোভেতস এবং তরুণ স্কোয়াডের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ শুরু করবেন হাসি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রধান বেন অলিভার বলেছেন, দলের সঙ্গে কাজ না করলেও ২০২৮ টি-টোয়েন্টি আসরের পরিকল্পনা ও প্রস্তুতিতে অংশগ্রহণ অব্যাহত রাখবেন হাসি।

“আগামী ১২ মাসে টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে মাইক এই সময়ে বাড়তি টি-টোয়েন্টি সহায়তা প্রদানের জন্য টিম ম্যানেজমেন্ট, কোচ এবং নির্বাচকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। টি-টোয়েন্টিতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে দলে তার প্রভাব দেখার জন্য আমরা মুখিয়ে আছি।”