আমিরের অস্ট্রেলিয়া সফর ‘সফল ও ফলপ্রসূ’: জামায়াত
তার সফরের সময়ে দুটি সংগঠন ‘অপপ্রচার চালাতে’ অস্ট্রেলিয়া সরকারকে বিবৃতি দিয়েছিল বলে দাবি জামায়াতের।
জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ‘সফল ও ফলপ্রসূ’ হয়েছে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।
পাঁচ দিনের ওই সফর শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছান তিনি।
পরে সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ২০ থেকে ২৪ নভেম্বর অস্ট্রেলিয়া সফরকালে শফিকুর রহমান তার নির্ধারিত সব কর্মসূচি ‘অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে’ সম্পন্ন করেছেন।
“সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রবাসীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিরোধীদলীয় নেতাকে বরণ করে নেন এবং খোলামেলাভাবে তাদের প্রত্যাশা ও মনের কথা তুলে ধরেন। জামায়াত আমীর প্রবাসীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।”
শফিকুর রহমানের সফরকালে দুটি সংগঠন তার বিরুদ্ধে ‘অপপ্রচার চালাতে’ অস্ট্রেলিয়া সরকারকে বিবৃতি দিয়েছিল বলে জামায়াতে ইসলামী দাবি করেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিগত সরকারের সমর্থকদের পরোক্ষ ইন্ধনে শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এমনকি সফরসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সংগঠন দুটি অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতিও দিয়েছিল।”
দেশটির সরকার সেই বিবৃতিতে ‘কোনো গুরুত্ব দেয়নি’ বলেও দাবি করা হয়েছে জামায়াতের বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, “সব ধরনের অপপ্রচার উপেক্ষা করে বিরোধীদলীয় নেতা তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে শেষ করে নিরাপদে দেশে ফিরেছেন।”
অস্ট্রেলিয়া সফর শেষ করে মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল জামায়াত আমিরের। তবে সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন তিনি।
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর সংসদে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৩ নভেম্বর সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। জামায়াতের ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সরকারপ্রধান বৈঠক করবেন বলে খবরে এসেছে। তবে এ বিষয়ে কোনো পক্ষের তরফে এখনও ঘোষণা আসেনি।
এমন প্রেক্ষাপটে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশ ফিরলেন জামায়াতের আমির।
এ ব্যাপারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার সন্ধ্যা সোয়া পাঁচটায় বলেন, “এখনো কোনো শিডিউল (সংলাপের) হয়নি।”
