অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমির
সফরে দেশ দুটিতে বিভিন্ন বৈঠক করবেন তিনি।
ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন; অস্ট্রেলিয়া সফর শেষে যাবেন মালয়েশিয়ায়।
বৃহস্পতিবার দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন।
“অস্ট্রেলিয়া সফর শেষে তিনি মালয়েশিয়ায় যাবেন এবং সেখানেও প্রবাসীদের কর্মসূচিতে যোগ দেবেন।”
সফরে বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হচ্ছেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
সফর শেষে আগামী ২৬ নভেম্বর জামায়াত আমিরের দেশে ফেরার কথা রয়েছে।
