কৃষিতে ‘পরোক্ষভাবে’ জড়িতরাও পাবেন কৃষি ঋণ
“হাটের দিন ব্যাংক কর্মকর্তারা ক্যাম্প করেও ঋণ বিতরণ করতে পারবেন,“ বলা হয় সার্কুলারে।
ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন ও বর্গা চাষিদের ‘প্রকাশ্যে’ কৃষি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
‘জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের’ উপস্থিতিতে ব্যাংকগুলোকে এ ঋণ বিতরণ করতে হবে বলে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়, “প্রয়োজনে স্থানীয় হাটের দিন ব্যাংক শাখার কর্মকর্তারা ক্যাম্প করে কৃষি ঋণের তথ্য প্রচার ও কৃষি ঋণ বিতরণ করতে পারেন।“
ঋণ বিতরণের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তফসিলি ব্যাংকগুলোকে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ বা আদায় বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করতে হবে।
কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় আরো কয়েকটি সংশোধনী এনেছে নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে ঋণগ্রহীতার যোগ্যতাও আছে।
আগের নিয়মে বলা ছিল, “কৃষি কাজে নিয়োজিত প্রকৃত কৃষক কৃষি ঋণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।”
এবার বলা হয়েছে, “কৃষি কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তি, দল, উদ্যোক্তা, প্রতিষ্ঠান ঋণ প্রাপ্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।”
কৃষি বিষয়ক প্রযুক্তি খাতকে কৃষি ও পল্লী ঋণের আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। জ্বালানি সংকট মোকাবিলায় সৌরশক্তি ব্যবহারে সৌর প্যানেল, বায়ো গ্যাস খাতেও কৃষি ঋণ দেওয়ার সুযোগ রাখা হয় নতুন সিদ্ধান্তে।
বিদ্যুৎবিহীন এলাকায় গৃহস্থলী পর্যায়ে সৌর প্যানেল খাতেও কৃষি ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে সংশোধিত নীতিমালায়।
