নিউ ইয়র্কের অবসরপ্রাপ্ত ৪ হাজার কর্মীর আর্থিক ও স্বাস্থ্যতথ্য হ্যাকারদের কবজায়
বেহাত হওয়া তথ্যের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের অভ্যন্তরীণ আইডি নম্বর, চিকিৎসাসেবা দেওয়া প্রতিষ্ঠানের নাম এবং বাড়তি ফি বাবদ অর্থের পরিমাণও ছিল।
নিউ ইয়র্ক সিটির অবসরপ্রাপ্ত প্রায় চার হাজার সরকারি কর্মীর আর্থিক ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত কর্মীদের অর্থ ফেরত দেওয়ার জন্য তৈরি একটি অনলাইন ডেটাবেইসে অনুপ্রবেশ করে তারা এসব তথ্য হাতিয়ে নেয়।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো বলছে, এ সংক্রান্ত নথিপত্র তারা হাতে পেয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির সঙ্গেও এ বিষয়ে কথাও বলেছে।
বিশ্বজুড়ে সাইবার হামলা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন এ ঘটনা সামনে এল। এ সপ্তাহেই ব্যাংক ও আর্থিক প্ল্যাটফর্ম থেকে শুরু করে সংবাদমাধ্যম ও বড় সফটওয়্যার কোম্পানি মিলিয়ে বিভিন্ন খাতের কয়েক ডজন শীর্ষ প্রতিষ্ঠানে হ্যাকারদের অনুপ্রবেশের তথ্য ফাঁস হওয়ায় এই আতঙ্ক এখন আরও বেড়েছে।
পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাসহ বড় পরিসরে প্রযুক্তিগত বিভ্রাট ও হ্যাকিংয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের ক্রমাগত সক্ষমতা এ ভয়কে আরও উসকে দিচ্ছে।
পলিটিকো লিখেছে, অবসরপ্রাপ্ত কর্মীদের ডেটাবেইস হ্যাক করার পেছনে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে এ সপ্তাহে প্রকাশ্যে আসা অন্যান্য সাইবার হামলার সঙ্গে এর কোনো যোগসূত্র থাকার ইঙ্গিত নেই।
নিউ ইয়র্ক কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বরাদ্দ কোনো অর্থ হ্যাকাররা চুরি করতে পেরেছে কি না, তারও কোনো প্রমাণ মেলেনি।
আদালতের রায় অনুযায়ী কর্মীদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধের কাজ করে অ্যাটিকাস অ্যাডমিনিস্ট্রেশন নামের একটি কোম্পানি। তাদের পরিচালিত ডেটাবেইসেই এ হামলা হয়েছে।
চলতি বছরের শুরুতে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির প্রশাসন এবং স্বাস্থ্যবীমা কোম্পানি এমব্লেমহেলথ নগর সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা ব্যয়ের অর্থ ফেরত দিতে অ্যাটিকাসের সহায়তা নেয়।
চিকিৎসকের কাছে যাওয়ার সময় অবসরপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে অন্যায়ভাবে আদায় করা কো-পেমেন্ট বা চিকিৎসা ব্যয়ের নির্দিষ্ট অংশ ফেরত দিতে সর্বোচ্চ ৫ কোটি ৩০ লাখ ডলার পরিশোধের উদ্যোগ নেওয়া হয়।
অবসরপ্রাপ্ত কর্মীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন ২০২২ সালে নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন মামলা দায়ের করেছিল; সেই মামলার নিষ্পত্তির শর্ত অনুযায়ীই এই অর্থ দেওয়ার বিষয়টি নির্ধারিত হয়।
অর্থ পরিশোধের প্রক্রিয়াটি সহজ করতে অ্যাটিকাস একটি অনলাইন ডেটাবেইস তৈরি করে, যার মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের পাওনা অর্থ ফেরতের আবেদন জমা দিতে পারতেন।
পলিটিকোর হাতে আসা একটি গোপনীয় চিঠিতে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর অজ্ঞাতপরিচয় এক ব্যবহারকারী ওই ডেটাবেইসে অনুপ্রবেশ করে। এরপর ৫ থেকে ৮ অক্টোবরের মধ্যে বিভিন্ন সময়ে আবারও সেখানে প্রবেশ করা হয়।
১৪ অক্টোবর এমব্লেমহেলথের কর্মকর্তাদের কাছে পাঠানো ওই চিঠিটি লিখেছেন অ্যাটিকাসের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) টমাস লোগান।
চিঠিতে তিনি জানান, হ্যাকাররা অর্থ ফেরতের আবেদন করা ব্যক্তিদের জমা দেওয়া তথ্য দেখতে সক্ষম হয়েছিল।
“এসব নথিতে আবেদনকারীদের নাম এবং কিছু ক্ষেত্রে তাদের প্রতিনিধি বা পরিবারের সদস্যদের নাম রয়েছে। পাশাপাশি এতে আর্থিক ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্যও রয়েছে।”
বেহাত হওয়া তথ্যের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের অভ্যন্তরীণ পরিচিতি নম্বর, চিকিৎসাসেবা দেওয়া প্রতিষ্ঠানের নাম এবং বাড়তি ফি বাবদ অর্থের পরিমাণও ছিল।
তবে ঠিক কতজনের ব্যক্তিগত ও আর্থিক তথ্য ঝুঁকিতে পড়েছে, তা চিঠিতে বলা হয়নি।
এ বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে পলিটিকো লিখেছে, প্রায় চার হাজার মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।
লোগান তার চিঠিতে লিখেছেন, ডেটাবেইসে অনুপ্রবেশের পর ১২ অক্টোবর ‘কো-পে’র অর্থ ফেরতের জন্য কিছু আবেদন জমা পড়ে, যেগুলোকে ‘অবৈধ’ বা ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এমব্লেমের মুখপাত্র অ্যালেক্স গোমেজ বুধবার বলেন, আদালতের মীমাংসা তহবিলের অর্থ হাতিয়ে নিতে ও জালিয়াতির মাধ্যমে অর্থ তুলে নিতেই হ্যাকাররা ওইসব ভুয়া আবেদন জমা দিয়েছিল বলে কোম্পানির ধারণা।
তবে এখন পর্যন্ত সেটেলমেন্ট তহবিল থেকে কোনো অর্থ বিতরণ করা হয়নি, কারণ বিষয়টি এখনও আদালতের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গোমেজ বলেন, “সরবরাহ করা তথ্যের ভিত্তিতে এমব্লেমহেলথ মনে করে, অ্যাটিকাস সম্ভাব্য ভুয়া আবেদনগুলো শনাক্ত করতে পেরেছে। ফলে আবেদন পর্যালোচনা ও অর্থ পরিশোধের সময়সীমায় এর কোনো প্রভাব পড়েনি।”
পলিটিকো বলছে, এ বিষয়ে মন্তব্যের জন্য তারা অ্যাটিকাসের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পায়নি।
তবে লোগান তার চিঠিতে বলেছেন, সেটেলমেন্ট তহবিল বিতরণের দায়িত্বে থাকা বাইরের এক কোম্পানির সঙ্গে কথা বলে অ্যাটিকাস নিশ্চিত হয়েছে যে, হ্যাকিংয়ের ঘটনায় কোনো আবেদনকারীর নামে অর্থ পরিশোধের নির্দেশ তৈরি, পরিবর্তন বা স্থানান্তর হয়নি।
এ বিষয়ে অ্যাটিকাসের অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং বুধবার পর্যন্ত সেই তদন্ত অব্যাহত ছিল বলে নিশ্চিত করেছেন গোমেজ।
এখন পর্যন্ত কোনো অর্থ বেহাত না হলেও হ্যাকাররা চুরি করা তথ্য ব্যবহার করে ভবিষ্যতে আবারও প্রতারণার চেষ্টা করতে পারে কি না, তা স্পষ্ট নয়। মেয়র মামদানির মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি।
