ছোট বোনের সেঞ্চুরি ছাপিয়ে বড় বোনের ফিফটিতে রান তাড়ার রেকর্ড
৪৫১ রানের ম্যাচ জিতে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ল সিডনি থান্ডার।
ম্যাচের প্রথম ভাগে ঝড়ো সেঞ্চুরি করলেন গ্রেস হ্যারিস। রান তাড়ায় টর্নেডো ব্যাটিংয়ে ফিফটি করে এই ওপেনারকেই আড়ালে ফেলে দিলেন তার বড় বোন লরা হ্যারিস। রান উৎসবের ম্যাচে ব্রিজবেন হিটকে হারিয়ে রেকর্ড গড়ল সিডনি থান্ডার।
উইমেন’স বিগ ব্যাশে বৃহস্পতিবার ৪৫১ রানের ম্যাচটি ৬ উইকেটে জিতে সিডনি। ব্রিজবেনের ২২৫ রান চার বল হাতে রেখে পেরিয়ে যায় তারা।
মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৩ রানের লক্ষ্য তাড়ায় জিতে এতদিন রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের।
ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ৫৯ বলে বিগ ব্যাশে নিজের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন গ্রেস হ্যারিস। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ৬৭ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন তিনি। ৯টি করে চার ও ছক্কায় গড়া ৩৩ বছর বয়সি অলরাউন্ডারের ইনিংসটি।
আরেক ওপেনার চার্লি নট আট চার ও তিন ছক্কায় করেন ৩৪ বলে ৬২ রান।
রান তাড়ায় ছয় নম্বরে নেমে উইমেন’স বিগ ব্যাশের ইতিহাসে দ্রুততম ১৫ বলে ফিফটি করেন লরা হ্যারিস। সাত চার ও পাঁচ ছক্কায় ২০ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেন ৩৬ বছর বয়সি এই ব্যাটার।
তার সঙ্গে ২৯ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিয়ে ফেরেন আনিকা লিরয়েড (৪৩ বলে ৬০*)।
বড় লক্ষ্য তাড়ায় সিডনির শুরুটা ভালো ছিল না। পঞ্চম ওভারে ৫১ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। লরা হ্যারিস যখন ব্যাটিংয়ে নামেন, তখনও দলটির প্রয়োজন ছিল ৩৩ বলে ৮১ রান।
প্রথম দুই বলে চার মেরে শুরু করা লরা হ্যারিস ১৭তম ওভারে তাণ্ডব চালান নটের ওপর। এই ওভারে চারটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। পরের ওভারে আরও দুটি চার মেরে ফিফটি করেন ১৫ বলে।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান এবং দ্বিতীয় বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনিই।
