২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার সামনে পাত্তাই পেল না বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারসে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।

শ্রীলঙ্কার সামনে পাত্তাই পেল না বাংলাদেশ

ছবি: বিসিবি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 09:45 PM

Updated : 23 Nov 2026, 09:45 PM

ভালো শুরুর পর হঠাৎ ব্যাটিং ধস। সম্ভাবনা জাগিয়েও বড় সংগ্রহ দাঁড় করাতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। পরে বোলাররাও পারলেন না ব্যাটসম্যানদের লড়াই করতে। ফলে বড় হারে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারাল দল।

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ‘এ’ গ্রুপ থেকে আগেই নিশ্চিত হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার সেমি-ফাইনালের টিকেট। সোমবারের ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াই। যেখানে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি বাংলাদেশ।

ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ১৪৫ রানে গুটিয়ে যায় সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। জবাবে ২১.৫ ওভারে ম্যাচ জিতে লঙ্কানরা।

গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ চারের লড়াইয়ে নামবে বাংলাদেশ। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। মঙ্গলবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের পর চূড়ান্ত হবে সেমি-ফাইনালের লাইনআপ।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত হওয়ায় একাদশে চার পরিবর্তন এনে খেলতে নামে বাংলাদেশ। এর সুফল মেলেনি কোনো। ইফতেখার হোসেন ছাড়া একাদশে সুযোগ পাওয়া কেউই তেমন কিছু করতে পারেননি।

অথচ টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৫৩ বলে ৫৫ রান যোগ করেন পারভেজ হোসেন ও সাইফ হাসান। ৪টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৩২ রান করে ফেরেন পারভেজ। সাইফের ব্যাট থেকে আসে ৩৬ বলে ২৮ রান।

১২.৫ থেকে ১৭.৫ ওভার- ৩০ বলে মাত্র চার রান করতে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে দলকে দেড়শর কাছে নিয়ে যান ইফতেখার। লম্বা সময় ক্রিজে থেকে ৭৫ বলে তিনি করেন ৩১ রান।

সপ্তম উইকেটে চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৯৪ বলে ৩৫ রান যোগ করেন ইফতেখার। ৪৪ বলে ১৫ রান করেন রিজওয়ান।

শ্রীলঙ্কার পক্ষে ৩০ রানে ৪ উইকেট নেন অফ স্পিনার রাভিন্দু ফার্নান্দো। বাঁহাতি স্পিনে ওয়ানুজা সাহানের শিকার ২০ রানে ৩ উইকেট।

রান তাড়ায় প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান করে ফেলে শ্রীলঙ্কা। ১১তম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই লাসিথ ক্রসপুল্লেকে (২৭ বলে ২৯) ফেরান সামিউর বশির।

এরপর আর বাংলাদেশকে সুযোগ দেননি নিশান মাদুশকা ও পাভান রাত্নায়েকে। তৃতীয় উইকেটে মাত্র ৬৯ বলে ৮১ রানের জুটি গড়ে জয় প্রায় নিশ্চিত করেন দুজন।

জয় থেকে মাত্র চার রান দূরে থাকতে আফিফ হোসেনের বলে ক্যাচ আউট হন ৪৫ রান করা রাত্নায়েকে। ৫১ রানে অপরাজিত থাকেন মাদুশকা।

একই মাঠে আগামী শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগের দিন প্রথম সেমি-ফাইনালে লড়বে শ্রীলঙ্কা, তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ এ: ৪২.৫ ওভারে ১৪৫ (সাইফ ২৮, পারভেজ ৩২, শাহাদাত ১৩, ইফতেখার ৩১, আফিফ ০, সাব্বির ৩, সামিউন ১০, রিজওয়ান ১৫, রুবেল ৪, রকিবুল ২, রিপন ২*; সামুদিথা ৫-০-২৮-১, লিয়ানাগে ৪-১-১৭-০, সামারাকুন ২-০-৭-০, ফার্নান্দো ১০-০-৩০-৪, সাহান ৯-৩-২০-৩, ভিয়াসকান্থ ৫.৫-০-২২-২, ধানাঞ্জায়া ৬-১-১৪-০, ক্রসপুল্লে ১-০-৩-০)

শ্রীলঙ্কা এ: ২১.৫ ওভারে ১৪৬/৩ (ক্রসপুল্লে ২৯, জায়াওয়ার্দেনে ১১, মাদুশকা ৫১*, রাত্নায়েকে ৪৫, ধানাঞ্জায়া ৪*; রুবেল ৬-০-৩০-০, রিপন ২-০-১৮-০, রকিবুল ৪-০-২৩-১, সামিউন ৪-০-২৯-১, সাইফ ২-০-১২-০ রিজওয়ান ২-০-১১-০, ইফতেখার ১-০-১২-০, আফিফ ০.৫-০-৬-১)

ফল: শ্রীলঙ্কা ‘এ’ দল ৭ উইকেটে জয়ী