২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মার্কিন কোস্ট গার্ডের নিরাপত্তা দল

বন্দরের অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন জেটি ও টার্মিনাল এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা ঘুরে দেখেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 09:48 PM

Updated : 23 Nov 2026, 09:48 PM

চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) টিম।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা বন্দরের অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন জেটি ও টার্মিনাল এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

বন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মানের বন্দর নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফেসিলিটি সিকিউরিটি’ (আইএসপিএস) কোড বাস্তবায়নের অংশ হিসেবে তাদের এ পরিদর্শন কার্যক্রম। আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বন্দর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইএসপিএস কোড যথাযথভাবে বাস্তবায়ন ও প্রতিপালন চট্টগ্রাম বন্দরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ কোডের আওতায় বন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি, নিরাপত্তা তদারকি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যকর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আইএসপিএস প্রতিপালনে এ পদক্ষেপের প্রশংসা করে মার্কিন কোস্ট গার্ডের পরিদর্শক দল।