কোস্ট গার্ডের ‘জয় বাংলা’ ও জাতীয় নেতাদের নামে থাকা ৫ জাহাজের নাম বদল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে নাম পরিবর্তনের ব্যাপারে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের’ কথা লেখা হয়েছে।
কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’ ও জাতীয় নেতাদের নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। সেখানে নাম পরিবর্তনের ব্যাপারে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের’ কথা লেখা হয়েছে।
জাহাজগুলোর মধ্যে বিসিজিএস জয় বাংলা জাহাজের নাম বদলে রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা।
বিসিজিএস সৈয়দ নজরুল জাহাজের নাম বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামান জাহাজের নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
নাম পরিবর্তনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে যাদের নামে ছিল তারা রাজনৈতিক ব্যক্তি ছিলেন, আর বিষয়টি ছিল রাজনৈতিক। সেখান থেকে এটা সাধারণীকরণ করা হয়েছে।”
এখন শহীদদের স্মরণে নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
