আবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শার্মা
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন ভারতের এই বিস্ফোরক ওপেনার।
যার নেতৃত্বে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, সেই রোহিত শার্মার কাঁধে ফের গুরুদায়িত্বটি তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৭ সালের আসরে দলটির অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতের বিস্ফোরক ওপেনারকে।
হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারানোর তিন বছর পর, দায়িত্বটি ফিরে পেলেন রোহিত। তাকে অধিনায়ক করার কথা শুক্রবার জানায় মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের পরের আসরের জন্য হার্দিককে ধরে রাখেনি মুম্বাই। এই পেস বোলিং অলরাউন্ডারকে পাঞ্জাব কিংসে দিয়ে পেসার আর্শদিপ সিংকে দলে নেয় তারা।
আগামী বছরের এপ্রিলে ৪০তম জন্মদিন পালন করতে যাওয়া রোহিত সবশেষ ২০২৩ সালে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন। সেবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে বিদায় নেয় দলটি।
ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, অধিনায়কত্বের জন্য রোহিতের পাশাপাশি আরও কয়েকজনের কথা বিবেচনা করে মুম্বাই। তাদের মধ্যে ছিলেন জাসপ্রিত বুমরাহ, সুরিয়াকুমার ইয়াদাভ, তিলাক ভার্মা ও নিউ জিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। শেষ পর্যন্ত সফল অধিনায়ককেই বেছে নিয়েছে তারা।
“মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের বিশাল একটি অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া সবসময়ই আমার জন্য অনেক গর্বের বিষয়। সামনের মৌসুম নিয়ে নীতা (আম্বানি) ভাবি ও আকাশের সঙ্গে আলোচনা বেশ রোমাঞ্চকর ছিল। আমরা কী অর্জন করতে পারি, তা নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী।
“আইপিএলের ২০তম আসর এবং সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমি প্রস্তুত। আমাদের ‘পাল্টান’দের (মুম্বাইয়ের সমর্থক) উদযাপনের অনেক উপলক্ষ এনে দিতে চাই। নিজেদের ঘরানার ক্রিকেট খেলা, দল হিসেবে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং খেলাটা উপভোগ করাই থাকবে মূল লক্ষ্য।”
আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ১৬৩ ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার অধিনায়কত্বে ৯৩টি ম্যাচ জিতেছে দলটি, হেরেছে ৭০টিতে। রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএলের ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছে তারা- ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে।
২০২৪ সালের আইপিএলের আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে দলে নেয় মুম্বাই। এরপর রোহিতকে সরিয়ে তাকে অধিনায়ক করা হয়। হার্দিকের নেতৃত্বে পরের তিন মৌসুমে ভালো করতে পারেনি টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দলটি।
হার্দিকের নেতৃত্বের প্রথম মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করে মুম্বাই। পরের মৌসুমে প্লে-অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় তারা। আর ২০২৬ সালের আইপিএল শেষ করে নবম স্থানে থেকে।
মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমেই ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হয় হার্দিককে। পরেও চাপের মুখে ছিলেন তিনি। তার নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা চলতে থাকে। নিজের পারফরম্যান্সেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
শেষ পর্যন্ত গত বছর ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেন, তিনি নতুন ঠিকানায় যেতে প্রস্তুত। তাকে ধরে রাখার সম্ভাবনাসহ পুরো পরিস্থিতি পর্যালোচনা করে হার্দিকের বদলে আর্শদিপকে নেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বাই।
