ইংল্যান্ডের অধিনায়কত্ব পেয়ে আবেগাপ্লুত ব্যান্টন
হ্যারি ব্রুকের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন তিনি।
যেকোনো সংস্করণে জাতীয় দলের অধিনায়কত্ব করার সুযোগকে বড় সম্মান হিসেবে দেখেন টম ব্যান্টন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার ভার পড়েছে তার কাঁধে। গুরু দায়িত্বটি পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছেন এই ব্যাটসম্যান।
চার টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে শিগগিরই রওয়ানা দিবে ইংল্যান্ড। সেই দলে যোগ দিতে আগেভাবে অস্ট্রেলিয়া সফর শেষ করবেন তাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক। আগামী রোববার চতুর্থ টি-টোয়েন্টি খেলে দল ছাড়বেন তিনি।
ব্রুকের অনুপস্থিতিতে ক্যানবেরায় শেষ ম্যাচে অধিনায়কত্ব করার কথা ছিল উইল জ্যাকসের। কিন্তু হাত ভেঙে যাওয়ায় সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। ফলে নতুন অধিনায়ক হিসেবে ব্যান্টনকে খুঁজে নেয় ইংল্যান্ড।
গত রোববার বিমানবন্দরে ম্যাককালাম তাকে অধিনায়কত্বের খবর জানানোর পর কী প্রতিক্রিয়া দেখাবেন, তা বুঝে উঠতে পারছিলেন না বলে জানিয়েছেন ব্যান্টন।
ব্রিজবেনে শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আগের দিন নেতৃত্ব পাওয়া নিয়ে নিজের অনুভূতি জানান ব্যান্টন।
“খবরটা যখন আমাকে দেওয়া হয়, তখন আমি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। এটা দারুণ সম্মানের ও বড় প্রাপ্তির বিষয়। এমন দায়িত্ব পালনের জন্য আমি মুখিয়ে আছি।
“বাজ (ম্যাককালাম) বিমানবন্দরেই আমাকে বিষয়টি জানান। এক পাশে ডেকে নিয়ে বলেছিলেন। সত্যি বলতে, কীভাবে প্রতিক্রিয়া জানাব, বুঝতে পারছিলাম না। তবে যেকোনো সংস্করণে দেশের অধিনায়ক হওয়ার খবর পাওয়া সত্যিই অনেক বড় সম্মানের।”
সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের ১৪তম টি-টোয়েন্টি অধিনায়ক হবেন ব্যান্টন।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায়।
