বিএনপিও যেকোনো আন্দোলনে ‘জামায়াত-শিবিরের ভূত’ দেখে: নাহিদ
“সরকার সম্পূর্ণভাবে পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে,” বলেন এনসিপির আহ্বায়ক।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতো ক্ষমতাসীন বিএনপি সরকারও বিভিন্ন আন্দোলনে ‘জামায়াত-শিবিরের ভূত’ দেখে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মজুরি বাড়ানোর দাবিতে শুরু হওয়া আন্দোলন সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তিনি।
আন্দোলনে আহত হওয়া ব্যক্তিদের দেখতে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “এটা একটা ন্যায্য, গণতান্ত্রিক, একজন যৌক্তিক দাবির আন্দোলন। বরঞ্চ এ আন্দোলনকে তারা নানা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করছে, এই আন্দোলনের ভেতরে তারা নানা সহিংসতার চিত্র দেখাচ্ছেন। আমরা বলব, এই আন্দোলনের সহিংসতা শুরু করেছে বিএনপি নিজেই।”
ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে ‘লেলিয়ে দেওয়া হয়েছে’ মন্তব্য নাহিদ বলেন, পুলিশ শ্রমিক কলোনিগুলোতে গিয়ে শ্রমিকদের খুঁজছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অলরেডি অসংখ্য শ্রমিককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হচ্ছে।
“তার মানে আমরা বিগত আমলে শেখ হাসিনার স্বৈরাচারী আমলে যেভাবে আন্দোলনকে, বিশেষত শ্রমিক আন্দোলনকে দমন করা হতো, ঠিক একই কায়দায়, একই প্রক্রিয়ায় কিন্তু এই সরকার কর্তৃত্ববাদী কায়দায় শ্রমিকদের আন্দোলনকে দমন করছে।”
এনসিপির এই নেতা বলেন, সরকার কোনো সমঝোতার পথে না গিয়ে, রাজনৈতিকভাবে সমাধান না করে সহিংসতার মাধ্যমে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে।
“ফলে এই আন্দোলন আজ এই পর্যায়ে এসেছে। আওয়ামী লীগের সময় যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখতো সরকার, এখন বিএনপি যেকোনো আন্দোলনে হচ্ছে জামায়াত-শিবিরের ভূত দেখে এবং সেটা বলে আন্দোলনের নেতৃত্বটাকে নষ্ট করার চেষ্টা করা হলো। ফলে আমরা বলব যে, সরকার সম্পূর্ণভাবে পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে।”
