২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম

ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 07:46 PM

Updated : 28 Oct 2026, 07:46 PM

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখছেন না বলে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার দুপুরে রাজবাড়ী পৌরসভার হলরুমে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিত ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দেশের মাদক পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, “রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদকের সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে। ফলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না।”

মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীরা সরাসরি সম্পৃক্ত বলে অভিযোগ তুলে তিনি বলেন, সরকারদলীয় নেতাদের দৌরাত্ম্য থামানো না গেলে মাদক নির্মূল করা সম্ভব নয়।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।”

মতবিনিময় সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারজিস আলম, আরিফুল ইসলাম আদিব, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, ঢাকা দক্ষিণ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হুসাইন, সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাইয়েদ জামিল উপস্থিত ছিলেন।