২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কয়েকটি কারখানায় হামলা-ভাঙচুর, জড়িতরা শ্রমিক নয় দাবি পুলিশের

পুলিশ জানায়, ছুটি ঘোষণা করা কারখানাতেও হামলা চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 05:04 PM

Updated : 25 Nov 2026, 05:04 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পুলিশের দাবি, হামলাকারীরা শ্রমিক নন, বহিরাগত।

বুধবার সকালে উপজেলার বৈরাগীরচালা এলাকার কয়েকটি কারখানায় একদল যুবক এসব হামলা চালায় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার শফিকুল আলম।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার হ্যামস গার্মেন্টসের গেইট ও ভেতরে ভাঙচুর করা হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের গেইট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন হামলাকারীরা। ঢুকতে না পেরে তারা গেইটে ভাঙচুর চালান। পাশের লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে এবং নোমান হোম টেক্সটাইলের গেটেও ভাঙচুর করা হয়।

এ ছাড়া কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইলেও হামলার খবর পাওয়া গেছে। এসব কারখানার মধ্যে কয়েকটি বন্ধ ছিল।

ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ বলেন, বুধবার কারখানা বন্ধ ছিল। সকালে কয়েকজন যুবক কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা করেন। তারা গেইট ভাঙচুরের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আবারও কারখানায় হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ইটপাটকেল ছোড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে হামলাকারীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

হ্যামস গার্মেন্টসের জিএম মাহফুজুর রহমান বলেন, কারখানায় ভাঙচুর করা হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে পরে জানানো হবে।

সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, “যারা বিশৃঙ্খলা তৈরি করছেন, তারা শ্রমিক নন। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেইটে গিয়ে হামলা ও ভাঙচুরের চেষ্টা করছেন।”