৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক ভেঙে বিচ্ছিন্ন বগি

চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের চেষ্টায় বিকাল সাড়ে ৪টার দিকে বগিগুলো আবার যুক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 06:40 PM

Updated : 30 Oct 2026, 06:39 PM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে কয়েকটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো.আকতার হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে হুক ভেঙে কয়েকটি বগি আলাদা হয়ে যায়। এ সময় ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার চলে যায়। বাকি বগিগুলো পেছনে পড়ে থাকে।

ওসি বলেন, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেন থামান। পরে ট্রেনটি পেছনের দিকে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নেওয়া হয়। চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা মিলে বিকাল সাড়ে ৪টার দিকে বগিগুলো আবার যুক্ত করেন। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।