২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জীব চৌধুরী স্মরণে ‘হেঁটে গেছি বিরান পথে’

গানে গানে সঞ্জীব চৌধুরীকে স্মরণ ও তরুণ প্রজন্মের কাছে তাকে তুলে ধরতে এ অনুষ্ঠান, বলছেন আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 12:04 AM

Updated : 21 Nov 2026, 12:04 AM

সংগীতশিল্পী, গীতিকার ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ১৯তম প্রয়াণবার্ষিকী ঘিরে রাজধানীতে হয়ে গেল কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’।

বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে শুক্রবার সন্ধ্যা ৭টায় এ আয়োজন করে সংগীতদল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক প্ল্যাটফর্ম ‘আজব কারখানা’।

অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর কালজয়ী গানের পাশাপাশি নিজেদের গান পরিবেশন করেন চার শিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা ও অনিন্দ্য বিশ্বাস।

অনিন্দ্য বিশ্বাস গেয়ে শোনান ‘সমুদ্র সন্তান’, ‘হাতের পরশ’ ও ‘নষ্ট শহরে’ গান। শিল্পী ইলার কণ্ঠে শোনা যায় ‘চোখ’, ‘গাছ’ ও ‘নেশা’ গান। সাহস মোস্তাফিজ পরিবেশন করেন ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘ভাঁজ খোলো আনন্দ দেখাও’ এবং লোকগান ‘কোন মিস্তরি নাও বানাইছে’। শিল্পী সভ্যতার পরিবেশনায় ছিল ‘জোছনাবিহার’, ‘আমি তোমাকেই বলে দেবো’ ও ‘আমি ফিরে পেতে চাই’।

আয়োজকরা বলছেন, গান, কবিতা ও জীবনবোধের অনন্য মেলবন্ধনে সঞ্জীব চৌধুরী বাংলা সংগীতে নিজস্ব যে স্বাক্ষর রেখে গেছেন, তা নতুন করে স্মরণ এবং তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ আয়োজন।

২০০৭ সালের ১৯ নভেম্বর প্রয়াত হন ব্যান্ড ‘দলছুট’ এর অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট সঞ্জীব চৌধুরী।

তার লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্র সন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’ এর মত গানগুলো শ্রোতাদের কাছে জনপ্রিয়।