রূপঙ্কর ও জয় গাইলেন 'গানের পথে দেখা'
আটটি গানেরই সুর করেছেন জয় শাহরিয়ার।
কলকাতার কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী ও ঢাকার জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম 'গানের পথে দেখা' প্রকাশ্যে এসেছে।
আজব রেকর্ডস থেকে প্রকাশ হওয়া এই অ্যালবামে গান রয়েছে আটটি। সবগুলো গানেরই সুর করেছেন জয় শাহরিয়ার।
দুই শিল্পী এই অ্যালবামের চারটি করে গান গেয়েছেন। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ ও মারুফ হাসান ও জয় শাহরিয়ার।
গানগুলো হল- 'নেই যে প্রয়োজন', 'কেমন করে', 'আয় ফিরে', 'ষোলো আনাই মিছে', 'কেমন আছো তুমি', ' অসুখ,, 'তুমি',' ভালো আছি'।
আজব রেকর্ডস-এর ইউটিউব চ্যানেল ছাড়াও অ্যালবামটি শুনতে পাওয়া যাচ্ছে স্পটিফাই, আই টিউন্স, ডিজার, স্বাধীন মিউজিকসহ বিশ্বের সবকটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
এই অ্যালবাম নিয়ে রূপঙ্কর বলেন, "জয়ের সঙ্গে কাজ করছি প্রায় এক যুগ ধরে। বাংলাদেশে আমার পছন্দের গীতিকবি, সুরকার সে। আমাদের বিভিন্ন সময়ে করা গানগুলো একটি অ্যালবাম আকারে প্রকাশের খবরে আমি আনন্দিত। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।"
জয় শাহরিয়ার বলেন," রূপঙ্করদা আমার অসম্ভব প্রিয় শিল্পী ও মানুষ। ওনার সাথে কাজ করা আমার জন্য বরাবরই আনন্দের এবং শিক্ষণীয়। বাংলা ভাষায় যারা গান করেন তাদের মাঝে রূপঙ্করদা নিজ গুণে অনন্য। এই অ্যালবাম আমার সংগীতজীবনের অন্যতম প্রাপ্তি।"
